০৬:৩৬ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন যে, চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে, যা প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের বিষয়। তিনি জানতে চান, সরকার কি দেশের স্বার্থ রক্ষায় এই অতিরিক্ত ব্যয়ের প্রকল্প বাতিল করার কোনো ব্যবস্থা নেবে।
সোমবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন আখতার হোসেন। অর্থমন্ত্রী এর জবাবে বলেন, আখতার হোসেনের উত্থাপিত প্রশ্নটি মূল প্রশ্নের সঙ্গে সম্পর্কিত নয় এবং সংসদ সদস্য যদি নোটিশ দেন, তবে যথাযথ উত্তর দেওয়া হবে।
আখতার হোসেন সম্পূরক প্রশ্নে উল্লেখ করেন, গত বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চীনের কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে, যা প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে হচ্ছে।
আরও পড়ুন: বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে যোগদান করলেন জাহাঙ্গীর
অর্থমন্ত্রী বলেন, অনুমোদনপ্রাপ্ত চীনা কোম্পানি সিএনই দৈনিক ক্যাপাসিটি চার্জ হিসেবে ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার প্রস্তাব করেছে। বর্তমানে দেশে থাকা দুটি এলএনজি টার্মিনালের একটির দৈনিক ক্যাপাসিটি চার্জ ২ লাখ ৫৪ হাজার এবং অন্যটির ২ লাখ ৪৯ হাজার মার্কিন ডলার।
তিনি আরও জানান, বর্তমানে চালু থাকা দুটি টার্মিনালের মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট জাহাজসহ সম্পদ বাংলাদেশের মালিকানায় চলে আসবে। কিন্তু চীনা কোম্পানি সিএনইকে যে টার্মিনাল নির্মাণের কাজ দেওয়া হচ্ছে, সেটির মালিকানা ১৫ বছর পরও বাংলাদেশের কাছে ফিরবে না।
অর্থমন্ত্রী আরও বলেন, চীনা কোম্পানিটি কয়েক মাস আগে যে প্রস্তাব জমা দিয়েছে, একই ভাষায় একজন সংসদ সদস্যের একটি কোম্পানিও এর আগে প্রস্তাব দিয়েছিল।
পরে আখতার হোসেন বলেন, এক মাস আগে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ প্রস্তাব উঠলে তা বাতিল করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তুরস্ক সফরে থাকাকালীন নতুন করে প্রস্তাবটি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন করা হয়েছে।
আরও পড়ুন: অর্থমন্ত্রী: ব্যাংকের এমডি নিয়োগ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নীতিমালার ভিত্তিতে
তিনি অভিযোগ করেন, নতুন টার্মিনাল নির্মাণে প্রায় ৩৫ শতাংশ বেশি ব্যয় করা হচ্ছে, যা সরকারি অর্থের অপচয় এবং অর্থ লোপাটের সুযোগ তৈরি করতে পারে।
আখতার হোসেন অর্থমন্ত্রীর কাছে জানতে চান, অতিরিক্ত ব্যয়ে চীনা কোম্পানি সিএনইকে দেওয়া প্রকল্পটি বাতিল করে দেশের স্বার্থ সংরক্ষণে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেবে কি না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন