ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা বিমানবন্দরে আচারের বয়ামে ২ কোটি ৭০ লাখ টাকার হীরা-সোনা ও প্লাটিনাম জব্দ


ঢাকা বিমানবন্দরে আচারের বয়ামে ২ কোটি ৭০ লাখ টাকার হীরা-সোনা ও প্লাটিনাম জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামের মধ্যে লুকিয়ে রাখা হীরা, সোনা, প্লাটিনাম এবং বিভিন্ন ধরনের মূল্যবান পাথর জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। এই ঘটনায় আটক করা হয়েছে জনি রহমান নামের একজন যাত্রীকে। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

এনবিআর জানায়, শনিবার (১০ অক্টোবর) রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি কার্যক্রম শুরু করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম এবং দায়িত্ব পালনরত সি-শিফটের কর্মকর্তারা। কলকাতা থেকে আসা একটি ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের তথ্য পাওয়ার পর বিমানবন্দরের বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করা হয়।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

নজরদারির এক পর্যায়ে জনি রহমান নামের ওই যাত্রী ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। এ সময় তার ব্যাগ স্ক্যান করে আচারের বয়ামের মধ্যে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার, হীরা, প্লাটিনাম এবং অন্যান্য মূল্যবান পাথর জব্দ করা হয়।

এনবিআরের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে হীরা বসানো ১৮ ক্যারেটের ৩৮৯টি সোনার আংটি, যার মোট ওজন ৪৭৮ গ্রাম। এছাড়া ৯৫০ ক্যারেটের ১৫১টি প্লাটিনামের আংটি পাওয়া গেছে, যার মোট ওজন ৪৫০ গ্রাম। হীরা বসানো সাদা সোনার তিনটি অলংকার, দুটি হীরা বসানো রুপার আংটি, পাঁচটি সোনার লকেট, একটি সোনার চেইন এবং ৪৭২টি সোনার নাকফুলও জব্দ করা হয়েছে।

এছাড়া ৪৫ ক্যারেটের হীরা, ছোট-বড় বিভিন্ন আকারের পোখরাজ, রুবি এবং অন্যান্য পাথরসহ মোট ৭২০টি মূল্যবান পাথর জব্দ করা হয়। এসব পণ্যের সঙ্গে ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ডও পাওয়া গেছে।

এনবিআর জানিয়েছে, ব্যাগেজ ঘোষণা ছাড়াই এসব পণ্য আনার কারণে সেগুলো জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। স্বর্ণালংকারের প্রত্যয়ন অনুযায়ী, এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়

এ ঘটনায় জনি রহমানের বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে থানায় ফৌজদারি মামলা করা হয়েছে বলে জানানো হয়েছে এনবিআরের পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১৯ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১৯ অক্টোবর

প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা ঐতিহাসিক ওসমানী উদ্যান এবং সেখানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আগামী ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে একই দিন উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

রোববার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে ওসমানী উদ্যানের আধুনিকায়ন এবং জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। সভায় সভাপতিত্ব করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রায় ১০ বছর বন্ধ থাকার পর অবশেষে নগরবাসী আধুনিকায়িত ওসমানী উদ্যান ব্যবহারের সুযোগ পাবেন। জুলাই শহীদ ও জুলাইয়ের বীর যোদ্ধাদের স্মরণে উদ্যানে নির্মাণ করা হয়েছে বিশেষ জুলাই স্মৃতিস্তম্ভ। এটি দর্শনার্থীদের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান ও শহীদদের আত্মত্যাগ স্মরণ করার সুযোগ করে দেবে।

শাহে আলম জানান, নতুনভাবে সাজানো উদ্যানে রয়েছে হাঁটার পথ, পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর সুবিধা, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি, শিশুদের খেলার নির্ধারিত স্থান, কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারা।

তিনি আরও জানান, সচিবালয়সংলগ্ন গুরুত্বপূর্ণ এই স্থানের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশ মনোরম রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে।

প্রস্তুতি সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাঃ আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর থেকে ৮ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর থেকে ৮ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আট দিন বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ অক্টোবর শুক্রবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে। তবে, পাসপোর্টধারী যাত্রীরা সোনামসজিদ ইমিগ্রেশন ব্যবহার করে দুই দেশে যাতায়াত করতে পারবেন।

বন্দর সূত্রে জানা গেছে, এই সময়ে ভারতের মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর থেকে কোনো আমদানি পণ্যবাহী গাড়ি সোনামসজিদ বন্দরে প্রবেশ করবে না। একইভাবে, সোনামসজিদ বন্দর থেকেও ভারতে কোনো রপ্তানি পণ্যবাহী গাড়ি প্রবেশ করবে না। তবে, দুই দেশের খালি গাড়িগুলো নিজেদের দেশে ফিরে যাওয়ার অনুমতি থাকবে। বন্ধের পর, আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমীন জানিয়েছেন, মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এক চিঠির মাধ্যমে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন বন্দর বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ২৪ অক্টোবর থেকে বন্দর পুনরায় সচল হবে।

সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানিয়েছেন, পূজা উপলক্ষে বন্ধের সময় বন্দরে সীমিত পরিসরে পণ্য লোড-আনলোড, পরিবহন ও গুদামজাতকরণসহ কিছু কার্যক্রম চালু থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের ২৫ দিনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের ২৫ দিনের কারাদণ্ড

ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার জন্য সরকার কর্তৃক ঘোষিত ২২ দিনের চলমান নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইলিশ ধরার অপরাধে তিন জেলেকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেককে ২৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি নৌকা ও জাল জব্দ করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের উত্তরাংশে সোনাপুর স্লুইসগেট এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। পরে সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তজুমদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্ত জেলেরা হলেন— মো. কবির, মো. সোলাইমান ও মো. শাহীন। তারা সোনাপুর ইউনিয়নের বাসিন্দা।

তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মা ইলিশ রক্ষায় সরকার কর্তৃক ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য আমরা যৌথভাবে মেঘনা নদীতে টহল কার্যক্রম পরিচালনা করছিলাম। এ সময় ওই তিন জেলেকে আটক করা হয়। এক হাজার মিটার জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে এবং নৌকাটির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক জেলেদের প্রত্যেককে ২৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী কৃষকদের অধিকার নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


নারী কৃষকদের অধিকার নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান

নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সমকাজে সমমজুরি নিশ্চিত করার জন্য রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য বলে মনে করেন নাগরিক নেতৃবৃন্দ। তারা উল্লেখ করেছেন যে, যদিও শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে, তবুও সমাধিকার এবং কৃষক হিসেবে স্বীকৃতি অর্জনের জন্য নারীদের অনেক বাধা অতিক্রম করতে হবে। এই পরিবর্তনের জন্য পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তন জরুরি।

রবিবার (১১ অক্টোবর) আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ও বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এসব বিষয় তুলে ধরেন।

‘ভূমি ও কৃষিতে নারী কৃষকের অধিকার এবং খাদ্য নিরাপত্তা : আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারের সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) চেয়ারপারসন খুশী কবির। আলোচনায় অংশগ্রহণ করেন সংসদ সদস্য আন্না মিনজ, রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশের পরিচালক সুরাইয়া বেগম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নাজিম উদ্দীন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রেজিয়া খাতুন এবং এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির উপনির্বাহী পরিচালক রওশন জাহান মনি। তিনি বলেন, দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেলেও স্বাস্থ্যকর খাবার সবার কাছে পৌঁছাচ্ছে না। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাসহ পাঁচটি সংস্থার যৌথ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রায় ৩৮ দশমিক ৬ শতাংশ মানুষের স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই। খাদ্যনিরাপত্তা কেবল উৎপাদনের ওপর নির্ভরশীল নয়, বরং খাদ্যের দাম, প্রাপ্যতা ও সুষম বণ্টনের ওপরও নির্ভর করে।

তিনি আরও বলেন, গ্রামীণ কৃষিশ্রমশক্তির প্রায় ৫৮ শতাংশ নারী হলেও কার্যকর ভূমি মালিকানায় তাদের অংশ মাত্র ৪ থেকে ৫ শতাংশ। উত্তরাধিকার থেকে বঞ্চনা এবং জমির মালিকানা না থাকার কারণে অনেক নারী কৃষিঋণ, প্রশিক্ষণ, কৃষি কার্ড, ভর্তুকি ও সরকারি প্রণোদনা থেকে বাদ পড়ছেন।

আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য আন্না মিনজ মন্তব্য করেন, পিতৃতান্ত্রিক ব্যবস্থা ও সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে নারীরা সিদ্ধান্ত গ্রহণে পিছিয়ে রয়েছেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাতেও নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষিতে নারীদের ব্যাপক অংশগ্রহণ থাকলেও তাদের কৃষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। নারীর বিপুল শ্রম এখনো অবৈতনিক থেকে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, সরকার এ সকল বিষয়ে পদক্ষেপ নেবে।

সভাপতির বক্তব্যে খুশী কবির বলেন, কৃষি উৎপাদন ও বিপণনে নারীর অবদান উপেক্ষা করে দেশের উন্নয়ন সম্ভব নয়। নারী কৃষকের অধিকার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগে সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, নারীর ভূমি অধিকার নিশ্চিত করতে খাসজমি বিতরণ কার্যক্রম চালু করা প্রয়োজন। প্রয়োজনে সংশ্লিষ্ট নীতিমালা পরিবর্তন করতে হবে। কৃষকের কাছে উন্নত বীজ ও প্রযুক্তি পৌঁছানোর পাশাপাশি প্রাতিষ্ঠানিক জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে।

সেমিনারে নারী কৃষকদের সরকারি সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা, কৃষি কার্ডে তাদের নাম নিশ্চিত করা, খাসজমি বন্দোবস্তে অগ্রাধিকার, সহজ শর্তে কৃষিঋণ, ন্যায্যমূল্য, কৃষিবিমা এবং সমমজুরি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি নারীবান্ধব কৃষিপ্রযুক্তি, স্থানীয় বাজারে সরাসরি পণ্য বিক্রির সুযোগ এবং কৃষি ও স্থানীয় সরকারবিষয়ক সিদ্ধান্ত গ্রহণে নারী কৃষকের প্রতিনিধিত্ব বাড়ানোর সুপারিশ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%