০৭:১৫ পি.এম
ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার জন্য সরকার কর্তৃক ঘোষিত ২২ দিনের চলমান নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইলিশ ধরার অপরাধে তিন জেলেকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেককে ২৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি নৌকা ও জাল জব্দ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের উত্তরাংশে সোনাপুর স্লুইসগেট এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। পরে সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তজুমদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্ত জেলেরা হলেন— মো. কবির, মো. সোলাইমান ও মো. শাহীন। তারা সোনাপুর ইউনিয়নের বাসিন্দা।
আরও পড়ুন: কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব
তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মা ইলিশ রক্ষায় সরকার কর্তৃক ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য আমরা যৌথভাবে মেঘনা নদীতে টহল কার্যক্রম পরিচালনা করছিলাম। এ সময় ওই তিন জেলেকে আটক করা হয়। এক হাজার মিটার জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে এবং নৌকাটির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক জেলেদের প্রত্যেককে ২৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন