ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আকিজ রেডিমিক্সের সম্মাননা পেলেন ৯ প্রকৌশলী ও স্থপতি


আকিজ রেডিমিক্সের সম্মাননা পেলেন ৯ প্রকৌশলী ও স্থপতি

দেশের নির্মাণশিল্প ও অবকাঠামোগত উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নয়জন প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা প্রদান করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড। এই সম্মাননা গতকাল শনিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘করপোরেট নাইট ২০২৬’ অনুষ্ঠানে প্রদান করা হয়।

এছাড়া গুণগত মান, পরিবেশ সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধারাবাহিক উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে একই অনুষ্ঠানে টিইউভি অস্ট্রিয়া কর্তৃক আকিজ রেডিমিক্স কনক্রিট লিমিটেডকে এবং জিএসসিএস সার্টিফিকেশন বডি কর্তৃক আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডকে আনুষ্ঠানিকভাবে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস)-এর আইএসও সনদ হস্তান্তর করা হয়।

সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট প্রকৌশলী ও স্থপতিরা হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. এম. শামীম জেড বসুনিয়া ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সাবেক প্রধান সমন্বয়ক মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফখরুল আমিন, একই বিভাগের অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, ড. মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক ও ফাল্গুনী মল্লিক অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান স্থপতি ফাল্গুনী মল্লিক।

আরও পড়ুন: গার্মেন্টসকর্মীদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার

অনুষ্ঠানে আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, “দেশের নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে প্রকৌশলী, স্থপতি, নির্মাণসংশ্লিষ্ট পেশাজীবী এবং মানসম্মত নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য শুধু পণ্য সরবরাহ করা নয়, বরং আধুনিক প্রযুক্তি, মানসম্মত উপকরণ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে গ্রাহকদের জন্য কার্যকর নির্মাণ সমাধান নিশ্চিত করা। আজকের এই আয়োজনে ৯ জন প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা প্রদান তাদের পেশাগত অবদান এবং দেশের উন্নয়নে তাদের ভূমিকার প্রতি আমাদের শ্রদ্ধার বহিঃপ্রকাশ।”

তিনি আরো বলেন, “আমরা বিশ্বাস করি, গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের আস্থা, পেশাজীবীদের দক্ষতা এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আকিজ রেডিমিক্স ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। দেশের নির্মাণশিল্পে গুণগত মান ও আস্থার প্রতীক হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করাই আমাদের লক্ষ্য।”

আকিজ রেডিমিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, “কংক্রিট শুধু একটি নির্মাণসামগ্রী নয়, বরং প্রতিটি স্থাপনার স্থায়িত্ব, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার অন্যতম ভিত্তি। আর মানসম্মত কংক্রিট নিশ্চিত করতে প্রয়োজন সঠিক উপাদান নির্বাচন, নির্ভুল অনুপাত, আধুনিক প্রযুক্তি এবং কঠোর গুণগত মান নিয়ন্ত্রণ। আকিজ রেডিমিক্স এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) মো. মোস্তাক আহমেদ, আকিজ রেডিমিক্সের হেড অব সেলস মো. জাহিদ হাসানসহ আকিজ রেডিমিক্সের গ্রাহক, স্বনামধন্য প্রকৌশলী, স্থপতি, শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও কানাডা রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস

এবারের করপোরেট নাইটের প্রতিপাদ্য ছিল দ্য আর্ট অব কংক্রিট। আকিজ রেডিমিক্সের অর্জন ও সাফল্য উদযাপন, করপোরেট গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং শিল্পসংশ্লিষ্টদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই করপোরেট নাইটের আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গার্মেন্টসকর্মীদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


গার্মেন্টসকর্মীদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার

তৈরি পোশাক খাতের শ্রমিক ও কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়ন নিয়ে বোর্ডের স্থগিত হয়ে থাকা তৃতীয় সভা আগামী সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সভাটি সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

গত ১৭ নভেম্বর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত একটি নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণের উদ্দেশ্যে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।

সভায় দুটি বিষয় আলোচনা করা হবে। প্রথমত, গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি কর্তৃক মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং দ্বিতীয়ত, এ শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা। বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

সভায় নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে, গত ১৬ নভেম্বর সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষ থেকে মজুরি প্রস্তাবনা জমা দেওয়ার কথা ছিল।

গত ৯ নভেম্বর, মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব জমা দেয়। তবে মালিকপক্ষের প্রতিনিধিরা তাৎক্ষণিক কোনো প্রস্তাব না দিয়ে অভ্যন্তরীণ আলোচনার জন্য বোর্ডের কাছে সময় চান। বোর্ড তাদের চার কার্যদিবসের সময়সীমা বেঁধে দেয়।

২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি

ক্যান্সারে আক্রান্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার আরো অবনতি ঘটেছে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে গতকাল শনিবার সকালে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। এর আগে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন অবস্থায় রয়েছে।

মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার বিষয়ে তার স্বামী নির্মাতা নূরুল আলম আতিক জানিয়েছেন, শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ায় অভিনেত্রী ও নির্মাতার প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। বর্তমানে তাকে প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে। যদিও তিনি সচেতন রয়েছেন, তবে চিকিৎসকরা তার শারীরিক অবস্থায় উদ্বিগ্ন। পরবর্তী চিকিৎসা এবং লাইফ সাপোর্টের প্রয়োজনীয়তা নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে চিকিৎসার ব্যয় নিয়েও পরিবার দুশ্চিন্তায় রয়েছে। বর্তমানে যে হাসপাতালে তার চিকিৎসা চলছে, সেখানে খরচ অনেক বেশি। এই কারণে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), কমিউনিটি হাসপাতাল অথবা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছে পরিবার।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্রে কাজ করে আসছেন। নাট্যকার ও পরিচালক হিসেবে তার নির্মাণে মধ্যবিত্ত মানুষের জীবনযাপন, সংকট ও সমাজের নানা বাস্তবতা উঠে এসেছে। তিনি ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো টেলিছবি ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন।

এছাড়া, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু শুকু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহারাষ্ট্রে ধর্মান্তরবিরোধী মামলায় মুসলিম যুবকের আগাম জামিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


মহারাষ্ট্রে ধর্মান্তরবিরোধী মামলায় মুসলিম যুবকের আগাম জামিন

ভারতের মহারাষ্ট্র রাজ্যে সম্প্রতি পাস হওয়া ধর্মীয় স্বাধীনতা আইনের আওতায় দায়ের করা মামলায় এক মুসলিম যুবক আগাম জামিন লাভ করেছেন। ২২ বছর বয়সী এক হিন্দু নারীকে বিয়ে করার এবং জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই নারীর মা।

মুম্বাইয়ের দিনদোশি দায়রা আদালতের বিচারক পি এ সানে গত ২০ নভেম্বর অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করেন। আদালত উল্লেখ করেন, ওই যুগল ১৯৫৪ সালের বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ের কার্যক্রম সম্পন্ন করেছেন। এ পর্যায়ে তাদের মধ্যে নিকাহ বা নারীর ইসলাম ধর্ম গ্রহণের পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, করোনার সময় থেকে অভিযুক্তের সঙ্গে ওই নারীর পরিচয় ও সম্পর্ক ছিল। পরে অভিযুক্ত ইসলাম গ্রহণের পর তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন বলে দাবি করেন তার মা। ১৮ অক্টোবর, বাড়ি থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওই নারী মাকে জানান, তিনি স্বেচ্ছায় অভিযুক্তকে বিয়ে করেছেন।

অন্যদিকে, অভিযুক্ত আদালতে জানান, ১৬ অক্টোবর বিশেষ বিবাহ আইনে তাদের বিয়ে সম্পন্ন ও নিবন্ধিত হয়েছে। তিনি ধর্মান্তরে বাধ্য করা বা কোনো ধরনের চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেন।

তদন্ত চলাকালে কথিত নিকাহ পরিচালনাকারী মৌলভির রেজিস্টার জব্দ করে পুলিশ। তবে সেখানে ওই যুগলের নিকাহের কোনো তথ্য পাওয়া যায়নি। আদালত বলেন, বোরকা পরা ছবি বা আমন্ত্রণপত্রে ‘আয়েশা’ নামের উল্লেখ এককভাবে ধর্মান্তরের প্রমাণ হিসেবে গণ্য হতে পারে না।

আদালতে ওই নারীও আইনজীবীর মাধ্যমে জানান, তিনি স্বেচ্ছায় বিয়ে করেছেন এবং তার ওপর কোনো ধরনের জবরদস্তি, হুমকি বা চাপ প্রয়োগ করা হয়নি।

জামিনের শর্ত হিসেবে অভিযুক্তকে ৫০ হাজার রুপির ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ অর্থের একজন জামিনদার দিতে বলা হয়েছে। এছাড়া আগামী ৯০ দিন সপ্তাহে দুই দিন থানায় হাজিরা দিতে হবে, তদন্তে সহযোগিতা করতে হবে এবং অভিযোগকারী ও সাক্ষীদের সঙ্গে যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগেরও অনুমতি নেই।

এদিকে, মহারাষ্ট্রের নতুন ধর্মান্তরবিরোধী আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)। বোম্বে হাইকোর্টেও আইনটির বিরুদ্ধে পৃথক আবেদন করা হয়েছে। আবেদনকারীদের দাবি, আইনটি ব্যক্তিস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকারের পরিপন্থি।

সূত্র: মাকতুব মিডিয়া

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে সংস্থাটি উল্লেখ করেছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য প্রকাশিত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

২৩ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৪ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৫ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৬ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%