ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাঁশের চাটাইয়ের সিলিংয়ে কালো ব্যাগে লুকানো ছিল ৫ লাখ ৩০ হাজার টাকা


বাঁশের চাটাইয়ের সিলিংয়ে কালো ব্যাগে লুকানো ছিল ৫ লাখ ৩০ হাজার টাকা

চট্টগ্রামের ফটিকছড়ির পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ভূজপুর থানা পুলিশ ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ শুক্রবার (২১ নভেম্বর) রাতে প্রধান আসামি জাবেদের বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর থেকে কালো ব্যাগে রাখা ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। এর আগে প্রধান আসামি জাবেদের কাছ থেকে তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছিল। বাকি দুই লাখ টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চবটি চা বাগানের ভেতরে মসজিদসংলগ্ন কাঁচা রাস্তায় সহকারী ব্যবস্থাপক নেপাল দাশ (৬০) ও পল্লী চিকিৎসক বাবুল দাশকে (৫৩) ধারালো ছুরি দিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় তাঁদের কাছে থাকা চা শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

ঘটনার পরপরই চা শ্রমিকদের সহযোগিতায় অভিযান চালিয়ে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে পঞ্চবটি চা বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে সম্রাট ও রাশেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে ১৬ অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান আসামি জাবেদকে (৩৩) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে তিন হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আবু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আরও পড়ুন: কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজির আকস্মিক পরিদর্শন, প্রশাসন নড়েচড়ে বসল

মামলার তদন্তের ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর ভূজপুর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমন ওরফে সিসিলেনকে (২২) গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি জানান, ছিনতাইয়ের টাকা থেকে জাবেদ তাঁকে ১০ হাজার টাকা দিয়েছিলেন। বাকি টাকা জাবেদের স্ত্রী লিলু আক্তারের কাছে রয়েছে।

সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২১ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জাবেদের বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখানো ও স্বীকারোক্তি অনুযায়ী বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর থেকে একটি কালো ব্যাগে রাখা ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় লিলু আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, এ পর্যন্ত গ্রেপ্তার সাতজন হলেন- মো. সম্রাট (২৪), মো. রাশেদ (২৪), মোহাম্মদ আবু (২২), জিহান উদ্দীন (২৪), মো. জাবেদ (৩৩), মো. সুমন ওরফে সিসিলেন (২২) এবং লিলু আক্তার (২৭)। তাঁদের মধ্যে আবু ও সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ভূজপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, এ ঘটনায় ১৬ অক্টোবর ভূজপুর থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা করা হয়। ছিনতাই হওয়া ৭ লাখ ৩৩ হাজার টাকার মধ্যে এ পর্যন্ত মোট ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ফতুল্লায় বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক, ৪ যুবলীগ কর্মী গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলম্বিয়ার সহিংসতা বন্ধে পুরস্কার ও শাস্তি—দুই কৌশলই প্রয়োজন: নোবেলজয়ী সান্তোস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


কলম্বিয়ার সহিংসতা বন্ধে পুরস্কার ও শাস্তি—দুই কৌশলই প্রয়োজন: নোবেলজয়ী সান্তোস

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নোবেল শান্তি পুরস্কারজয়ী হুয়ান ম্যানুয়েল সান্তোস জানিয়েছেন, দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোকে পরাজিত করার জন্য বর্তমান প্রেসিডেন্টের সামরিক শক্তি প্রয়োগের কৌশল শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য। তিনি উল্লেখ করেছেন, সহিংসতা বন্ধ করতে পুরস্কার ও শাস্তি—দুই ধরনের পদক্ষেপের প্রয়োজন রয়েছে।

এএফপি’র খবর অনুযায়ী, ফার্ক গেরিলাদের সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটানোর জন্য ৭৫ বছর বয়সী সান্তোস নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন। ২০১৬ সালের ২৪ নভেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়। ফার্কের সঙ্গে কলম্বিয়া সরকারের পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটায় এই চুক্তিটি।

এক দশক পর আবারও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে দেশে। নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার নীতির কারণে সান্তোস মনে করেন, তার শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ ও অর্জন হুমকির মুখে পড়েছে।

বোগোতায় নিজের শান্তি প্রতিষ্ঠাবিষয়ক ফাউন্ডেশনে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বর্তমান সরকার বুঝতে পারছে না যে, আমাদের যেসব সমস্যা রয়েছে, তার অনেকগুলোর সমাধানের সবচেয়ে ভালো উপায় হলো ২০১৬ সালের শান্তিচুক্তি বাস্তবায়ন করা।’

যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলার দাবি, শান্তিচুক্তির আওতায় ফার্ক যোদ্ধারা নিজেদের অপরাধ স্বীকার করার বিনিময়ে কারাদণ্ড থেকে রেহাই পেয়েছেন। তিনি মনে করেন, এতে অপরাধ করেও শাস্তি এড়ানোর সংস্কৃতি তৈরি হয়েছে।

প্রেসিডেন্ট অঙ্গীকার করেছেন, অবশিষ্ট সব সশস্ত্র গোষ্ঠী, এমনকি ফার্কের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশগুলোকেও ‘কবরস্থানে অথবা কারাগারে’ পাঠানো হবে। এই লক্ষ্যে তিনি এসব গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলাও জোরদার করেছেন।

শান্তি নিয়ে রাজনীতি

ফার্কের বিরুদ্ধে লড়াইয়ে সান্তোস দ্বিমুখী কৌশল গ্রহণ করেছিলেন। কিউবায় চার বছর ধরে শান্তি আলোচনা চলাকালীন তিনি গেরিলাদের ওপর সামরিক চাপ অব্যাহত রেখেছিলেন। একই সঙ্গে অস্ত্র ত্যাগ করলে তাদের রাজনীতিতে অংশগ্রহণ, সমাজে পুনর্বাসন এবং কারাদণ্ড এড়িয়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিয়েছিলেন।

ওই শান্তিচুক্তির ফলে ফার্কের বোমা হামলা, হত্যাকাণ্ড ও জিম্মি করার মতো সহিংস কর্মকাণ্ডের অবসান ঘটে।

তবে গত দুই বছরে দেশে আবারও সহিংসতা বেড়েছে। অবশিষ্ট গেরিলা গোষ্ঠী ও মাদকচক্রগুলোর মধ্যে কোকেনের ব্যবসা, অবৈধ স্বর্ণখনি এবং চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত চলছে।

২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা সান্তোসের কার্যালয়ের একটি বিশেষ স্থানে ফিতা দিয়ে বাঁধা শান্তিচুক্তির মূল কপিটি সংরক্ষিত রয়েছে।

চুক্তির কিছু গুরুত্বপূর্ণ অংশ বাস্তবায়নে অগ্রগতি না হওয়ার জন্য রাজনীতিবিদদের দায়ী করেন তিনি। তার মতে, ‘কয়েকটি ভোটের আশায়’ রাজনীতিবিদরা এ নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছেন।

কলম্বিয়ার অনেক এলাকায় শান্তির সুফল পাওয়া গেলেও মাদক পাচারের সঙ্গে জড়িত বিদ্রোহী গোষ্ঠীগুলো আবারও গাড়িবোমা হামলা ও ড্রোন হামলা জোরদার করেছে। গত বছর তারা একজন প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যা করে।

সান্তোস বলেন, ‘এই নতুন সহিংসতা অবশ্যই দমন করতে হবে। আমি সব সময়ই বলে আসছি, এর জন্য পুরস্কার ও শাস্তি—দুই পদ্ধতিই প্রয়োগ করতে হবে। অন্যথায় এ প্রচেষ্টা ব্যর্থ হবে।’

এ সময় তিনি অবশিষ্ট গেরিলা গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনায় বসতে বর্তমান প্রেসিডেন্টের অনীহার প্রসঙ্গ উল্লেখ করেন।

শান্তিচুক্তির মাধ্যমে কলম্বিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে তুলে ধরা সম্ভব হয়েছে বলে গর্ববোধ করেন সান্তোস। এর ফলে দেশটিতে পর্যটক ও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। তবে চুক্তির কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেও স্বীকার করেন তিনি।

শান্তিচুক্তির আওতায় গঠিত বিশেষ শান্তি আদালত (জেইপি) মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করা সাবেক ফার্ক নেতাদের এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রথম কারাদণ্ডবিহীন সাজা ঘোষণা করতে সাত বছর সময় নেয়।

বর্তমান প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা আদালতটির বাজেট কমানোর হুমকি দিয়েছেন। সান্তোস স্বীকার করেন, আদালতটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে পুনর্মিলন ও সমঝোতা প্রতিষ্ঠায় এটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে’ বলে তিনি মনে করেন।

প্রেসিডেন্ট হওয়ার আগে সান্তোস ছিলেন কঠোর অবস্থানের প্রতিরক্ষামন্ত্রী। সে সময় ফার্কের বিরুদ্ধে সামরিক অভিযানে বেশ কিছু সাফল্য আসে। এর মধ্যে ২০০৮ সালে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ইনগ্রিড বেতানকুরকে মুক্ত করার ঘটনাও উল্লেখযোগ্য। ফার্ক গেরিলারা তাকে ছয় বছর ধরে জিম্মি করে রেখেছিল।

২০১১ সালে শান্তি আলোচনায় বসার আগে তিনি ফার্কের শীর্ষ নেতা আলফোনসো কানোকেও হত্যার নির্দেশ দিয়েছিলেন।

ফার্কের সঙ্গে শান্তি আলোচনা শুরু করায় দেশটির কট্টর ডানপন্থীরা তাকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দিয়েছিল।

- অতীতের সহিংসতায় ফিরে যাওয়ার আশঙ্কা -

বর্তমান প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলার কঠোর ও যুদ্ধংদেহী বক্তব্যের কারণে কলম্বিয়ায় আবারও সংঘাতমুখর রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে।

কোটি কোটি ডলারের সম্পদের মালিক এই আইনজীবী প্রেসিডেন্ট কোমরে পিস্তল ঝুলিয়ে সামরিক অভিযান তদারক করেছেন। এমনকি লাশের ব্যাগে মোড়ানো নিহত যোদ্ধাদের সামনে দাঁড়িয়েও তাকে ছবি তুলতে দেখা গেছে।

সান্তোস আশঙ্কা করছেন, এ ধরনের কঠোর সামরিক নীতি আবারও ‘ফলস পজিটিভস’ ঘটনার জন্ম দিতে পারে। এ ধরনের ঘটনায় সামরিক বাহিনীর সদস্যরা নিরীহ বেসামরিক মানুষকে হত্যা করে তাদের বিদ্রোহী হিসেবে পরিচয় দিতেন। সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবের শাসনামলে সংঘটিত এসব হত্যাকাণ্ড দেশটির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে রয়েছে।

সান্তোস বলেন, ‘আমি আশা করি, আমরা অতীতের সেই অন্ধকার সময়ে ফিরে যাব না।’

এ প্রসঙ্গে তিনি ভিয়েতনাম যুদ্ধের সময়কার মতো নির্বিচারে হত্যার লক্ষ্য নির্ধারণের আশঙ্কার কথাও উল্লেখ করেন।

গত পাঁচ দশক ধরে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত মাদকবিরোধী যুদ্ধকেও ব্যর্থ বলে অভিহিত করেন তিনি।

সান্তোস প্রশ্ন তোলেন, ‘এর প্রকৃত ফলাফল কী হয়েছে?’ তিনি কোকেনসহ বিভিন্ন মাদকদ্রব্য বৈধ করার বিষয়ে প্রকাশ্য আলোচনা শুরুর আহ্বান বারবার জানিয়ে আসছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ মন্তব্যের জন্য যুবলীগ নেত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ মন্তব্যের জন্য যুবলীগ নেত্রী গ্রেফতার

‘সরকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলে পড়ে যাবে’ এই বক্তব্যের সঙ্গে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে নড়াইল জেলা যুবলীগের নেত্রী পাপিয়া সুলতানাকে গ্রেফতার করেছে পুলিশ।

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান রোববার (২২ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মিরপুর-২ নম্বরের একটি বাসা থেকে মিরপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

ওসি মো. হাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মিরপুর-২ নম্বর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করা হয়েছে। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নাশকতার সঙ্গে জড়িত বলে জানা গেছে। টুঙ্গিপাড়া নাশকতাকারীদের সঙ্গে তার যোগাযোগের সত্যতা পাওয়া গেছে।

গ্রেফতারের দিনও পাপিয়া সুলতানা তার ফেসবুকে পোস্ট করেছেন, ‘আমি গ্রেফতার হলেও সমস্যা নাই, আপনারা চালিয়ে যাবেন, সরকারের ৯০% পতন হয়ে গেছে, আপনারা বাকিটা ধাক্কা দিলেই পড়ে যাবে’। এছাড়াও তার ফেসবুকে ‘আমি ৭১ ধারণ করি, শেখ হাসিনা প্রশ্নের আপসহীন’ সহ অন্যান্য পোস্টও রয়েছে।

ওসি হাফিজ আরও জানান, এই ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিমবঙ্গে খ্রিষ্টানদের ওপর হামলা ও হয়রানি বেড়েছে: ধর্মীয় নেতাদের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


পশ্চিমবঙ্গে খ্রিষ্টানদের ওপর হামলা ও হয়রানি বেড়েছে: ধর্মীয় নেতাদের অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর হামলা ও হয়রানির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির খ্রিষ্টান ধর্মীয় নেতারা। তাঁদের বক্তব্য, রাজ্যটিতে গির্জা ভাঙচুর, প্রার্থনাসভায় বাধা প্রদান এবং যাজকদের শারীরিক নির্যাতনের ঘটনা ঘটছে।

শনিবার (২১ নভেম্বর) কলকাতায় ভারতের বিভিন্ন এলাকা থেকে আগত ৩৫ জন খ্রিষ্টান ধর্মীয় নেতা এক বৈঠকে এসব অভিযোগ নিয়ে আলোচনা করেছেন। তাঁদের দাবি, গত মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে এই ধরনের ঘটনা বেড়ে গেছে।

বঙ্গীয় খ্রিষ্টীয় পরিষেবার প্রতিষ্ঠাতা-সম্পাদক হেরড মল্লিক জানিয়েছেন, ৪ মে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর তাঁদের সংগঠন ৬০টি ঘটনার তথ্য সংগ্রহ করেছে।

এএফপিকে তিনি জানান, এসব ঘটনার মধ্যে ব্যক্তিগত প্রার্থনাসভা ও বাড়িভিত্তিক গির্জায় ৫২টি তল্লাশি এবং আটটি সংঘবদ্ধ হামলা ও শারীরিক নির্যাতনের ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। তবে এএফপি এসব পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করতে সক্ষম হয়নি।

মল্লিক বলেছেন, ভুক্তভোগী ও ঘটনাগুলো অনুসন্ধানে যাওয়া প্রতিনিধিদল বারবার উগ্র ডানপন্থী সংগঠনগুলোর সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন গোষ্ঠী রোববারের প্রার্থনাসভায় বাধা দিয়েছে, উপাসনাকারীদের পরিচয়পত্র দেখতে চেয়েছে এবং তাঁদের বিরুদ্ধে হিন্দুদের জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ তুলেছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি অভিযোগগুলো খতিয়ে দেখবেন। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে ব্যবস্থা নেওয়া হবে। শনিবারের বৈঠকের আগে বিজেপি অভিযোগ করেছিল যে, রাজ্যের কিছু প্রতিষ্ঠান জোরপূর্বক ধর্মান্তরের ঘটনায় সহায়তা করছে।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সম্প্রতি অভিযোগ করেছেন, কলকাতা থেকে প্রায় ২২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে শিল্পনগরী আসানসোলে জোরপূর্বক ধর্মান্তরের ঘটনা ঘটছে। কলকাতার একটি পরিচিত খ্রিষ্টান মিশনারি স্কুলের বিরুদ্ধে ধর্মীয় বৈষম্যের অভিযোগও তোলেন তিনি।

কলকাতার বৈঠকে অংশ নেওয়া খ্রিষ্টান নেতারা জানিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটি স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা করছেন। এতে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত, খ্রিষ্টানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাজক ও ধর্মপ্রচারকদের বিরুদ্ধে তাঁদের ভাষায় ‘ইচ্ছামতো গ্রেপ্তার’ ঠেকাতে সুরক্ষাব্যবস্থার দাবি জানানো হবে।

ভারতের সর্বশেষ জাতীয় আদমশুমারি অনুযায়ী, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার এক শতাংশেরও কম খ্রিষ্টান। অন্যদিকে, প্রায় ১৪০ কোটি মানুষের দেশে খ্রিষ্টান জনগোষ্ঠীর হার দুই শতাংশের বেশি। খ্রিষ্টান সম্প্রদায়ের নেতাদের দাবি, প্রায় দুই হাজার বছর ধরে ভারতে তাঁদের ধর্মের উপস্থিতি রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফতুল্লায় বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক, ৪ যুবলীগ কর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


ফতুল্লায় বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক, ৪ যুবলীগ কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুন সন্ত্রাস ও নাশকতার অভিযোগে এক বিএনপি নেতার বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ চার যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ফতুল্লার লালপুর এলাকার ছানাউল্লার বাড়ীর ভাড়াটিয়া জব্বার শিকদারের পুত্র মো. রাকিব (২৫), নাঈম মিয়ার ভাড়াটিয়া মো. জলিলের পুত্র মো. নিশাদ (২৩), পৌষাপুকুর পাড় এলাকার দুলাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মিঠুর পুত্র রাফি (১৯) এবং সুরুজ মিয়ার পুত্র আরিফ(২৬)।

শনিবার দিবাগত রাত ১ টার দিকে সদর থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে যুবলীগের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের মোবাইল ফোনে বিভিন্ন স্থানে সরকার বিরোধী মিছিলে তাদের উপস্থিতির ভিডিও পাওয়া গেছে। একই সাথে দেশের বাইরে এবং দেশের অভ্যন্তরে আত্মগোপণ করে থাকা আওয়ামী লীগের নেতাদের সাথে গ্রুপ চ্যাটিংয়ের প্রমাণও পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা নুর মোহাম্মদের ছোট ভাই মুন্না যুবলীগের রাজনীতির সাথে জড়িত। গ্রেপ্তারকৃতরা এই বাড়িতে প্রায় সময়ই মিলিত হতো। মুন্নার নেতৃত্বে সরকার বিরোধী ঝটিকা মিছিল করা হতো। ঐ বাসাতেই কয়েকদিন পূর্বে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ছবি ফেসবুকে আপলোডও করা হয়েছিল।

গ্রেপ্তার নিশাদ জানান, "আমি পোশাক শ্রমিক। মুন্না ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে মিছিলে নিয়ে যেতো। কয়েকদিন পূর্বে ঐ বাসায় কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। মুন্নার এক ভাই স্থানীয় বিএবপি নেতা এবং আরেক ভাই রাসেল সাংবাদিক হওয়ায় বাড়িটি নিরাপদ মনে করে ইতিপূর্বে একাধিক কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি দলীয় গোপন বৈঠকও হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%