ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বীমা খাতে দক্ষ জনবলের সংকট, প্রশিক্ষণ ও যোগ্যতার অভাব


বীমা খাতে দক্ষ জনবলের সংকট, প্রশিক্ষণ ও যোগ্যতার অভাব

দেশের বীমা খাত বর্তমানে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের তীব্র সংকটে ভুগছে। দীর্ঘকাল ধরে প্রাতিষ্ঠানিক অবহেলা, কারিগরি দক্ষতার অভাব এবং পর্যাপ্ত পেশাদার জনবলের অভাবে কাঙ্ক্ষিত গতি অর্জন করতে পারছে না এই খাত। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দক্ষ জনবল ছাড়া বীমা খাতে সুশাসন, আর্থিক স্বচ্ছতা এবং গ্রাহকের আস্থা প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে পড়ছে।

বীমা খাতের সংশ্লিষ্টদের মতে, অ্যাকচুয়ারির অভাব এই খাতের অন্যতম প্রধান সংকট। ঝুঁকি মূল্যায়ন, প্রিমিয়াম হার নির্ধারণ এবং দায় ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ কাজে অ্যাকচুয়ারিদের ভূমিকা অপরিসীম। তবে দেশে প্রয়োজনীয় সংখ্যক অ্যাকচুয়ারির অভাব রয়েছে। এর ফলে পলিসির নকশা প্রণয়ন থেকে শুরু করে দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে নানা জটিলতা সৃষ্টি হচ্ছে।

এছাড়া, বীমা প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে কর্মরতদের শিক্ষাগত যোগ্যতা ও কারিগরি জ্ঞান নিয়েও প্রশ্ন উঠছে। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও বিশেষায়িত দক্ষতা ছাড়া জনবল নিয়োগ বা পদায়নের কারণে কাজের মান ও সেবার গতি ব্যাহত হচ্ছে। আধুনিক তথ্যপ্রযুক্তি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবায় প্রশিক্ষিত ও পেশাদার জনবলের অভাব খাতটির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: গার্মেন্টসকর্মীদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার

বিশেষজ্ঞদের মতে, দাবি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা, আস্থার সংকট এবং অনিয়ম রোধ করতে হলে বীমা খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নে জোর দিতে হবে। এজন্য নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা, অ্যাকচুয়ারি পেশায় উৎসাহ ও সুযোগ সৃষ্টি করা এবং যোগ্যতার ভিত্তিতে জনবল নিয়োগ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। তা না হলে প্রতিযোগিতামূলক বাজারে বীমা খাতের টেকসই প্রবৃদ্ধি ও গ্রাহকের আস্থা ফেরানো কঠিন হবে।

বর্তমানে দেশে চারজন অ্যাকচুয়ারি, চার্টার্ড ইনস্যুরেন্স ইনস্টিটিউটের (এফসিআইআই) ফেলোশিপধারী তিনজন এবং অ্যাসোসিয়েট সদস্য (এসিআইআই) ১৮ জন রয়েছেন। বিশেষজ্ঞদের মতে, অ্যাকচুয়ারিরা বীমা কোম্পানির আর্থিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা বীমা পণ্যের প্রিমিয়াম নির্ধারণ, ভবিষ্যৎ ঝুঁকি মূল্যায়ন, পলিসির বিপরীতে আর্থিক সংস্থান নিরূপণ এবং কোম্পানির দীর্ঘমেয়াদি দায় বিশ্লেষণ করেন। এ ধরনের পেশাদার জনবলের অভাব থাকলে বীমা কোম্পানির আর্থিক পরিকল্পনা ও ঝুঁকি ব্যবস্থাপনায় দুর্বলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

এদিকে, বীমা খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বীমা খাতের সুশাসন এবং হাজার হাজার কোটি টাকার পলিসি হোল্ডারদের তহবিল সুরক্ষায় যোগ্য ও দক্ষ প্রধান আর্থিক কর্মকর্তা বা সিএফও নিয়োগের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন আইডিআরএ-এর চেয়ারম্যান মীর নাদিয়া নিভীন। তিনি বলেন, শীর্ষস্থানীয় কোম্পানি এবং বাকিদের মধ্যে মূল পার্থক্য কেবল একটি পজিশনেই, আর তা হলো দক্ষ ও অ্যাক্রেডিটেড সিএফও।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি বীমা কোম্পানির শীর্ষ কর্মকর্তা জানান, বীমা খাতে প্রশিক্ষিত ও পেশাদার জনবলের অভাব একটি বড় চ্যালেঞ্জ। কখনো কখনো শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। এ খাতে আরো দক্ষ ও পেশাদার মানবসম্পদ গড়ে তোলা প্রয়োজন।

আরও পড়ুন: আকিজ রেডিমিক্সের সম্মাননা পেলেন ৯ প্রকৌশলী ও স্থপতি

নতুন করে শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের অনিয়মের বিষয়টি সামনে এনেছে আইডিআরএ। এর আগে ২০২৫ সালের ৮ মে আইডিআরএ এক নির্দেশনায় জানায়, বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অনুমোদনের জন্য জমা দেওয়া কিছু শিক্ষাগত সনদ যাচাইয়ের সময় জালিয়াতি ও অনিয়মের বিষয়টি উঠে এসেছে। বিশেষ করে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ এবং অনলাইন বা বিদেশি ডিগ্রির সত্যতা যাচাইয়ে জটিলতার কথা উল্লেখ করে সংস্থাটি। আইডিআরএর নির্দেশনায় মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, অনুমোদিত ক্যাম্পাস ও শিক্ষাক্রমের বৈধতা যাচাই এবং বিদেশি ডিগ্রির ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সমতা সনদ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে সরাসরি ইনস্যুরেন্স বিভাগ নেই। ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ চালু রয়েছে। তবে সেখানে বেশিরভাগই ব্যাংকিং পড়ানো হয়। ফলে ইনস্যুরেন্সের প্রতি শিক্ষার্থীদের তেমন আগ্রহ তৈরি হয় না।

বিশেষজ্ঞদের বক্তব্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহিদুল ইসলাম (জাহীদ) আমার দেশকে বলেন, যেকোনো প্রতিষ্ঠানের মেরুদণ্ড হলো তার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। কিন্তু দেশের বীমা খাতে ব্যবস্থাপনাগত দক্ষতা ও পেশাদারিত্বের ঘাটতি রয়েছে। বীমা কোম্পানির এজেন্টদের দেখেই অনেক গ্রাহকের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়। অন্যদিকে, এসব প্রতিষ্ঠানের স্থায়ী জনবলের একটি বড় অংশ মাঠপর্যায় থেকে উঠে আসায় তাদের অনেকের সাংগঠনিক দক্ষতা, দাপ্তরিক ব্যবস্থাপনা ও কারিগরি জ্ঞানের ঘাটতি রয়েছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও কানাডা রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস

তিনি বলেন, বীমা খাতে অন্যান্য খাতের তুলনায় বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা কম। ফলে মেধাবী ও দক্ষ জনবল এ খাতে আসতে আগ্রহী হচ্ছে না। বীমা শিল্পের স্বার্থে দক্ষ জনবল তৈরি করতে হবে এবং এ খাতে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়াতে হবে। পাশাপাশি বীমা শিক্ষার প্রসার ঘটাতে হবে। এমনকি স্কুল পর্যায় থেকেই বীমা শিক্ষা চালু করা প্রয়োজন। এতে সাধারণ মানুষের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বাড়বে এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ শিল্পের প্রতি আগ্রহ তৈরি হবে।

বীমা বিশেষজ্ঞ এবং ইউএনডিপির কনসালটেন্ট এসএম জিয়াউল হক আমার দেশকে জানান, বীমা খাতের সেলস, অপারেশন ও টেকনিক্যাল—তিন বিভাগেই দক্ষ জনবলের সংকট রয়েছে। সেলস খাতের এই ঘাটতি পূরণে এজেন্টদের প্রশিক্ষণ ও নিয়মিত বীমা দাবি পরিশোধের ওপর জোর দেন তিনি। পাশাপাশি অপারেশন খাতের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে বীমা কোর্স ও ইন্টার্নশিপ চালু এবং টেকনিক্যাল খাতে ফাইন্যান্স ও আইটি প্রশিক্ষণের সঙ্গে ভালো সুযোগ-সুবিধা দেওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।

বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের যুগ্ম মহাসচিব ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান আমার দেশকে বলেন, বীমা খাতে দক্ষ জনবলের বড়ই অভাব রয়েছে। দক্ষ জনবল বাড়াতে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইনস্যুরেন্স বিভাগ চালু করতে হবে। ইনস্যুরেন্স একাডেমিকে শক্তিশালী করতে হবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতা নিয়ে আইডিআরএ উদ্যোগ নিয়েছে।

একনজরে বীমা শিল্প

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর পরিকল্পনা

সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) বার্ষিক প্রতিবেদন ২০২৪-২৫ অনুসারে, দেশে মোট ৮২টি বীমা কোম্পানি রয়েছে। এর মধ্যে ৩৬টি জীবন বীমা কোম্পানি এবং ৪৬টি সাধারণ বীমা কোম্পানি। ১৪৮টি বীমা জরিপ প্রতিষ্ঠান রয়েছে। দেশের মোট ২ কোটি ২২ লাখ মানুষ বীমার আওতায় রয়েছে। সারা দেশে জীবন বীমার এজেন্ট সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৮৫৪। সাধারণ বীমার এজেন্ট সংখ্যা ২ হাজার ৪১৩। জীবন বীমার স্টাফ ১৭ হাজার ৯৬ জন। আর সাধারণ বীমার স্টাফ ২০ হাজার ৩১৫ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি-এসএসসি পাসে সরকারি চাকরিতে আবেদন, ৩৪১ জন নেবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


এইচএসসি-এসএসসি পাসে সরকারি চাকরিতে আবেদন, ৩৪১ জন নেবে

বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর অধীনে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে রাজস্ব খাতের শূন্য পদে ৩৪১ জনকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মাবলি ও শর্তাবলীর অধীনে বাংলাদেশের প্রকৃত নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া অন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না।

প্রতিষ্ঠানের নাম: মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়

পদসংখ্যা: ০৩টি

লোকবল নিয়োগ: ৩৪১ জন

পদের নাম: জুনিয়র অডিটর

পদসংখ্যা: ৭০ জন

বেতন: ২১,৯০০ – ৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৬২ জন

বেতন: ২১,৯০০ – ৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২০৯ জন

বেতন: ২০,০০০ - ৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

গত ০৩ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ২৫ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বর্ণ না কেনার আহ্বানে সাড়া, দাম কমাতে কৃতিত্ব নিলেন মোদি!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


স্বর্ণ না কেনার আহ্বানে সাড়া, দাম কমাতে কৃতিত্ব নিলেন মোদি!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন যে, স্বর্ণের দাম কমার পেছনে দেশবাসীর অবদান রয়েছে। তার মতে, গত মে মাসে অপ্রয়োজনে স্বর্ণ না কেনার আহ্বানে সাড়া দিয়েছেন ভারতীয় জনগণ। এর ফলে স্বর্ণের চাহিদা কমেছে এবং দামও হ্রাস পেয়েছে। এখন অনেকেই তাকে জানাচ্ছেন যে, তার পরামর্শ মেনে স্বর্ণ কেনা থেকে বিরত থাকার ফলে তারা অর্থ সাশ্রয় করতে পেরেছেন।

শনিবার (২১ নভেম্বর) লখনউয়ের গোমতি নগরে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী মোদি এসব কথা বলেন।

মোদি গত মে মাসের কথা স্মরণ করে বলেন, ‘আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, যদি খুব প্রয়োজন না থাকে অন্তত এক বছর স্বর্ণ কিনবেন না।’

তিনি এই আহ্বানকে ১৯৬৫ সালে তীব্র খাদ্য সংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ‘এক বেলা খাবার ত্যাগ করার’ আহ্বানের সঙ্গে তুলনা করেন।

ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘ওই সময় এই দেশের জনগণ শাস্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছিল। আমার দেশের সেই চরিত্র আজও অটুট রয়েছে। যখন আমি, একজন সাধারণ মানুষ, দেশবাসীকে স্বর্ণ কেনা কমিয়ে দেয়ার আহ্বান জানালাম, তারা সেটিই করলেন—আর স্বর্ণের দামও কমে গেল। আজ মানুষ আমাকে বলছেন, মোদীজি, আপনি বলেছিলেন, আমরা আপনার পরামর্শ মেনে চলেছি, আর এতে আমাদের অর্থ সাশ্রয় হয়েছে।’

গত কয়েক মাসে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন ঘটেছে। ৯ মে প্রধানমন্ত্রী মোদির আহ্বানের আগের দিন প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ১৫ হাজার ২৫০ টাকা, যা এখন কমে ১২ হাজার ৫২৩ টাকায় নেমে এসেছে। ‘গুডরিটার্নস’-এর তথ্য অনুযায়ী, দিল্লিতে ২৪ ক্যারেট স্বর্ণের ক্ষেত্রে এই দাম প্রযোজ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ে করেছেন পপ তারকা মাইলি সাইরাস

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


বিয়ে করেছেন পপ তারকা মাইলি সাইরাস

পপসংগীতের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী মাইলি সাইরাস বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিক এবং 'লিইলি' (Liily) ব্যান্ডের ড্রামার ম্যাক্স মোরান্ডোকে।

মার্কিন সংবাদমাধ্যম পেজ সিক্সের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার (২১ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসের একটি ব্যক্তিগত বাসভবনে পারিবারিক পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

২০২১ সালে একটি ব্লাইন্ড ডেটে তাদের পরিচয় ঘটে এবং প্রায় পাঁচ বছর ধরে তাদের সম্পর্ক চলছিল। জাপান সফরের সময় মোরান্ডো মাইলিকে বিয়ের প্রস্তাব দেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে মাইলি তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন।

বিয়েতে মাইলির বাবা বিলি রে সাইরাস, মা টিশ সাইরাস এবং বোন নোয়া সাইরাস উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বিয়ের আগে সৎবোন লিলি-রোজ পার্সেল রিহার্সাল ডিনারের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন।

এটি মাইলি সাইরাসের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৮ সালে তিনি অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ে করেছিলেন, যিনি ‘ফ্লাওয়ার্স’ ও ‘পার্টি ইন দ্য ইউএসএ’ খ্যাত গায়িকার প্রথম স্বামী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন কমিশনের অধীনে দুদকে গতি ফিরছে, বেড়েছে মামলা ও সম্পদ অবরুদ্ধের পরিমাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


নতুন কমিশনের অধীনে দুদকে গতি ফিরছে, বেড়েছে মামলা ও সম্পদ অবরুদ্ধের পরিমাণ

দুর্নীতি দমন কমিশনে (দুদক) গতি ফিরেছে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, মামলা দায়ের ও অভিযোগপত্র দাখিলের পাশাপাশি অবৈধ সম্পদ শনাক্ত, ক্রোক ও অবরুদ্ধের কার্যক্রমে।

নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের পর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ১৩৯টি নতুন মামলা অনুমোদন করা হয়েছে, ৪৭টি অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং আদালতের আদেশে ১ হাজার ২৫১ কোটি ২০ লাখ টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে।

চলতি বছরের ১৯ আগস্ট নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর ৩১ অক্টোবর পর্যন্ত ৪৬২ জনকে আসামি করে ১৩৯টি মামলা অনুমোদন করেছে কমিশন। একই সময়ে ১৭১ জনের বিরুদ্ধে ৪৭টি অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে।

দুদকের নিয়ন্ত্রণ কক্ষ এবং সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পৃথক প্রতিবেদন বিশ্লেষণ করে কমিশনের সাম্প্রতিক কার্যক্রমের এ চিত্র পাওয়া গেছে।

মামলা অনুমোদন, নতুন অনুসন্ধান শুরু, অভিযোগপত্র দাখিল এবং সম্পদ বিবরণী দাখিলের আদেশের পাশাপাশি আদালতের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ ক্রোক ও অবরুদ্ধের তথ্য কমিশনের কার্যক্রমের পরিধি তুলে ধরছে।

চলতি বছরের ৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন।

পরে ১৭ আগস্ট সরকার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার করে নতুন দুর্নীতি দমন কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে। নতুন কমিশনের সদস্যরা ১৮ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগে যোগদানপত্র জমা দেন। পরদিন ১৯ আগস্ট তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%