০১:৩৭ পি.এম
ভারতের মহারাষ্ট্র রাজ্যে সম্প্রতি পাস হওয়া ধর্মীয় স্বাধীনতা আইনের আওতায় দায়ের করা মামলায় এক মুসলিম যুবক আগাম জামিন লাভ করেছেন। ২২ বছর বয়সী এক হিন্দু নারীকে বিয়ে করার এবং জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই নারীর মা।
মুম্বাইয়ের দিনদোশি দায়রা আদালতের বিচারক পি এ সানে গত ২০ নভেম্বর অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করেন। আদালত উল্লেখ করেন, ওই যুগল ১৯৫৪ সালের বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ের কার্যক্রম সম্পন্ন করেছেন। এ পর্যায়ে তাদের মধ্যে নিকাহ বা নারীর ইসলাম ধর্ম গ্রহণের পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, করোনার সময় থেকে অভিযুক্তের সঙ্গে ওই নারীর পরিচয় ও সম্পর্ক ছিল। পরে অভিযুক্ত ইসলাম গ্রহণের পর তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন বলে দাবি করেন তার মা। ১৮ অক্টোবর, বাড়ি থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওই নারী মাকে জানান, তিনি স্বেচ্ছায় অভিযুক্তকে বিয়ে করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে রুশ তেলবাহী জাহাজের মালিকানা দাবি করে মামলা
অন্যদিকে, অভিযুক্ত আদালতে জানান, ১৬ অক্টোবর বিশেষ বিবাহ আইনে তাদের বিয়ে সম্পন্ন ও নিবন্ধিত হয়েছে। তিনি ধর্মান্তরে বাধ্য করা বা কোনো ধরনের চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেন।
তদন্ত চলাকালে কথিত নিকাহ পরিচালনাকারী মৌলভির রেজিস্টার জব্দ করে পুলিশ। তবে সেখানে ওই যুগলের নিকাহের কোনো তথ্য পাওয়া যায়নি। আদালত বলেন, বোরকা পরা ছবি বা আমন্ত্রণপত্রে ‘আয়েশা’ নামের উল্লেখ এককভাবে ধর্মান্তরের প্রমাণ হিসেবে গণ্য হতে পারে না।
আদালতে ওই নারীও আইনজীবীর মাধ্যমে জানান, তিনি স্বেচ্ছায় বিয়ে করেছেন এবং তার ওপর কোনো ধরনের জবরদস্তি, হুমকি বা চাপ প্রয়োগ করা হয়নি।
জামিনের শর্ত হিসেবে অভিযুক্তকে ৫০ হাজার রুপির ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ অর্থের একজন জামিনদার দিতে বলা হয়েছে। এছাড়া আগামী ৯০ দিন সপ্তাহে দুই দিন থানায় হাজিরা দিতে হবে, তদন্তে সহযোগিতা করতে হবে এবং অভিযোগকারী ও সাক্ষীদের সঙ্গে যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগেরও অনুমতি নেই।
আরও পড়ুন: আইনজীবী পপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন
এদিকে, মহারাষ্ট্রের নতুন ধর্মান্তরবিরোধী আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)। বোম্বে হাইকোর্টেও আইনটির বিরুদ্ধে পৃথক আবেদন করা হয়েছে। আবেদনকারীদের দাবি, আইনটি ব্যক্তিস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকারের পরিপন্থি।
সূত্র: মাকতুব মিডিয়া
আরএ
আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেফতার, মামলা ৩৬
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন