০২:৫১ এম
‘লাক্স সুপারস্টার-২০২৫’ মঞ্চ জয়ের পর, এবার বিদুষী বর্ণিতা অভিনয়ের জগতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছেন। জানা গেছে, জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের নতুন একটি ওয়েব ফিল্মের মাধ্যমে বর্ণিতার পর্দায় অভিষেক হতে যাচ্ছে। প্রতিযোগিতার সময় থেকেই তার অভিনয়ে অভিষেকের ইঙ্গিত মিলেছিল, এবং এবার সেই প্রতিশ্রুতিই বাস্তবে রূপ নিতে চলেছে। শোবিজ অঙ্গনে নতুন মুখ হিসেবে বর্ণিতার যাত্রা নিয়ে ইতোমধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। সূত্র জানিয়েছে, শিহাব শাহীনের একটি ওয়েব ফিল্মে নাম লিখিয়েছেন বর্ণিতা, তবে নাম এখনও চূড়ান্ত হয়নি।
এখন ‘জাস্ট ম্যারিড’ কিংবা ‘নিউলি ম্যারিড’ হতে পারে। এখানে তিনটি দম্পতির গল্প তুলে ধরা হবে। আগামী মাসে ফিল্মটির দৃশ্যধারণ শুরু হবে বলে জানা গেছে। তবে এ বিষয়ে বর্ণিতা কিছু বলতে চাননি। শিহাব শাহীনও এই বিষয়ে মুখে কুলুপ এটে আছেন। তিনি শুধু জানিয়েছেন কাজটি আইস্ক্রিনের। সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর আগে কিছু বলতে চান না। এদিকে, রায়হান রাফীর একটি সিনেমায়ও তিনি নায়িকা হতে যাচ্ছেন।
‘লাক্স সুপারস্টার-২০২৫’ ঘোষণার পূর্বে লাক্স সুপারস্টারের উপস্থাপক সৌমিক জানিয়েছিলেন, যিনি এই আসরে ‘লাক্স সুপারস্টার’ হতে যাচ্ছেন, তিনিই রায়হান রাফীর রোমান্টিক সিনেমার নায়িকা হচ্ছেন! রাফী ওই মঞ্চে বলেছেন, ‘আমি অনেক দিন ধরে খুঁজছিলাম আমার পরবর্তী রোমান্টিক সিনেমার নায়িকাকে, মনে হচ্ছে চ্যাম্পিয়ন ঘোষণার মধ্য দিয়ে আমরা তাকে পেয়ে যাব।’ সেরা সুন্দরীর মুকুট জিতে বর্ণিতাও জানিয়েছেন, ‘রায়হান রাফী স্যার শুরু থেকে আজ পর্যন্ত আমাদের মেন্টর হিসেবে কাজ করেছেন। তার মতো গুণী নির্মাতার সান্নিধ্য পেয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি। তার কাজগুলো বড় স্ক্রিনে দর্শক হিসেবে দেখেছি। আগামীতে কাজের সুযোগ পাবো, এটা আমার জন্য একটি অবিশ্বাস্য ব্যাপার। রায়হান রাফী স্যার যে স্কেলে সিনেমা বানান, সেখানে নিজেকে পরিপূর্ণভাবে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব।
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল যেন ব্যালন ডি’অর জয়ের মঞ্চ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন