০৭:২১ পি.এম
২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ডান পা হারানো লেবানিজ এএফপি ফটোসাংবাদিক ক্রিস্টিনা আসি ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে)-এর ২০২৬ সালের ‘ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। একই হামলায় রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহ নিহত হন।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সিপিজের বার্ষিক অনুষ্ঠানে আসির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণের পর তিনি সাংবাদিকদের ওপর হামলার বিচার না হওয়া নিয়ে প্রশ্ন উত্থাপন করেন এবং গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
আসি বলেন, "যে হামলায় আমার বন্ধু ও সহকর্মী ইসাম আবদুল্লাহ প্রাণ হারিয়েছিলেন এবং আমি গুরুতর আহত হয়েছিলাম, সেই ধ্বংসস্তূপ থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসার সময় আমার আর্তচিৎকারের মধ্য দিয়েই বিশ্ব আমাকে চিনেছিল।"
আরও পড়ুন: হ্যাকিংয়ের শিকার এফবিআই, এবার লক্ষ্য অপরাধের তথ্যভাণ্ডার
তিনি এই পুরস্কারকে অসম্পূর্ণ থেকে যাওয়া প্রতিবেদন, শোকাহত পরিবার এবং যেসব সাংবাদিক আর কখনোই তাঁদের বার্তাকক্ষে ফিরে আসবেন না—তাঁদের প্রতি স্বীকৃতি হিসেবে অভিহিত করেন। তিনি আরও উল্লেখ করেন, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত লেবানন ও গাজায় ২০০-এর বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।
মাত্র ১৭ বছর বয়সে সাংবাদিকতা জীবন শুরু করেছিলেন আসি। সিপিজের প্রকাশিত একটি ভিডিওতে তিনি স্মৃতি চারণ করে বলেন, তিনি কখনো কল্পনাও করেননি যে একদিন তিনি নিজেই খবরের শিরোনাম হবেন।
২০২৩ সালের ১৩ অক্টোবর আসি ও আরও ছয়জন সাংবাদিক দক্ষিণ লেবাননের আলমা আল-শাব এলাকার কাছে চলমান সংঘাতের খবর সংগ্রহ করছিলেন। তাঁরা যখন নিজ নিজ সংবাদমাধ্যমে ছবি ও প্রতিবেদন পাঠাচ্ছিলেন, ঠিক তখনই প্রথম হামলাটি আঘাত হানে। সাংবাদিকেরা কী ঘটেছে তা বুঝে ওঠার আগেই দ্বিতীয় আরেকটি হামলা চালানো হয়।
এই হামলায় ইসাম আবদুল্লাহ নিহত হন এবং আসি এতটাই গুরুতর আহত হন যে তাঁর ডান পা কেটে ফেলতে হয়। এছাড়া এএফপির সহকর্মী ডিলান কলিন্সসহ আরও কয়েকজন সাংবাদিক আহত হন।
আরও পড়ুন: বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরলেন ছয় দেশের বিশিষ্ট ব্যক্তিরা
হামলাটি 'ভুলবশত' হয়েছিল বলে ইসরায়েল যে ব্যাখ্যা দিয়েছিল, আসি তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন, সাংবাদিকদের শরীরে স্পষ্টভাবে 'প্রেস' লেখা চিহ্ন ছিল এবং তাঁদের অবস্থানের ঠিক ওপরেই একটি ড্রোন উড়ছিল। তিনি আরও স্মরণ করেন, হামলার সময় তাঁর হাতে যে ক্যামেরাটি ছিল, সেটি ইসাম আবদুল্লাহই তাঁকে দিয়েছিলেন।
এএফপির একটি স্বাধীন তদন্তে উঠে এসেছে, উত্তর ইসরায়েলের জোরদেইখ এলাকা থেকে ১২০ মিলিমিটারের দুটি ইসরায়েলি ট্যাংকের গোলা ছোড়া হয়েছিল। রয়টার্স, সিপিজে, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্সও ঘটনাটি তদন্ত করেছে।
সিপিজে জানিয়েছে, একাধিক স্বাধীন তদন্তে এটি প্রমাণিত হয়েছে যে সাংবাদিকদের উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং আন্তর্জাতিক আইনের অধীনে এই হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। অথচ ঘটনার প্রায় তিন বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে জবাবদিহির আওতায় আনা হয়নি।
হামলার পর থেকেই আসি পেশাগত দায়িত্ব পালনকালে নিহত ইসাম আবদুল্লাহ ও অন্যান্য সাংবাদিকদের ন্যায় বিচারের দাবিতে প্রচারণা চালিয়ে আসছেন। সিপিজে জানিয়েছে, তারা প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং সরকারের কাছে এই বিষয়টি তুলে ধরেছে।
আরও পড়ুন: নতুন ‘মিসাইল সিটি’ পরিদর্শন করে শত্রুদের ‘শোচনীয় পরাজয়ের’ হুঁশিয়ারি দিলেন আইআরজিসি প্রধান
এছাড়া, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যাঁরা পঙ্গুত্ব বা জীবন বদলে দেওয়া আঘাতের শিকার হয়েছেন, সেই সব সাংবাদিকদের পুনর্বাসন কর্মসূচিতেও আসি সহায়তা করছেন। আসি জানান, শারীরিক ভারসাম্য পুরোপুরি ফিরে পাওয়ার চেষ্টা চলায় তিনি এখনো সরাসরি মাঠে ফিরে সাংবাদিকতা শুরু করতে পারেননি। তবে ভবিষ্যতে এমন সব গল্প তুলে ধরার আশা রাখেন, যা অন্যথা উপেক্ষিত বা ধামাচাপা পড়ে যেত।
উল্লেখ্য, দায়িত্ব পালনকালে প্রাণ হারানো সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতে ২০২৪ সালের জুলাই মাসে প্যারিস অলিম্পিকের মশাল বহন করেছিলেন ক্রিস্টিনা আসি। ২০২৬ সালের সিপিজে 'ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড' প্রাপ্ত অন্য সাংবাদিকদের মধ্যে রয়েছেন হাঙ্গেরির অনুসন্ধানী সাংবাদিক সাবোলচ প্যানি এবং কলম্বিয়ার সাংবাদিক এস্তেফানি রদ্রিগেজ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন