০৭:৩৩ পি.এম
চট্টগ্রাম, ২১ নভেম্বর ২০২৬ : অন্নকূট অনুষ্ঠানের সময় চট্টগ্রামের চান্দগাঁওয়ে পূজারি বেশে মন্দিরে প্রবেশ করে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে পুলিশ দুই নারীকে গ্রেপ্তার করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, মন্দিরে চুরির উদ্দেশ্যে তারা প্রবেশ করেছিলেন। তাদের একজন ধর্মীয় পরিচয় গোপন করতে হাতে শাখা ও কপালে সিঁদুর পরিধান করেছিলেন।
শনিবার চান্দগাঁও থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, গতকাল শুক্রবার দুপুরে নগরীর চান্দগাঁও থানার মধ্যম মোহরার ছাফা মোতালেব কলেজ রোডে শ্রীশ্রী রাধাগোবিন্দ ইসকন মন্দিরে এই ঘটনা ঘটেছে। মন্দিরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়েছে এবং চুরি হওয়া দুটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ফটিকছড়িতে যুবদলের মিছিলে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন
গ্রেপ্তারকৃতদের মধ্যে আনোয়ারা বেগম (২৫) এবং আছিয়া বেগম (২২) রয়েছেন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়।
পুলিশ জানায়, অন্নকূট উৎসবে মন্দিরটিতে হাজার হাজার নারী, পুরুষ ও শিশু সমাগম ঘটে, ফলে প্রবেশপথে ব্যাপক ভিড় তৈরি হয়। দুপুর ১টার দিকে রাসনা দাশ ও ঝুমকি দাশ নামের দুই নারী প্রবেশপথের ভিড় ঠেলে মন্দিরে প্রবেশ করেন। মন্দিরে প্রবেশের পর তারা বুঝতে পারেন, তাদের গলা থেকে স্বর্ণের দুটি চেইন চুরি হয়ে গেছে।
একটি চেইনের ওজন ছয় আনা এবং অন্যটির ওজন সাড়ে ছয় আনা।
ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ‘চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর বিকেলে মন্দির কর্তৃপক্ষ আমাদের খবর দেয়। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আনোয়ারা ও আছিয়ার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় শনাক্ত করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। তারা তখনও মন্দির থেকে বের হননি। একপর্যায়ে তাদের কাছে স্বর্ণের চেইন দুটি পাওয়া যায়।
আরও পড়ুন: চট্টগ্রাম ওয়াসা সুপেয় পানির উৎপাদন ও সরবরাহ বাড়াতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চায়
আনোয়ারা বেগমের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় এবং আছিয়া বেগমের বিরুদ্ধে গাজীপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফটিকছড়ি থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানান ওসি। এই ঘটনায় ভুক্তভোগী রাসনা দাশ তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন