আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি
০৭:৩৪ পি.এম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপতৎপরতার প্রতিবাদে সন্দ্বীপ উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ অংশগ্রহণ করেন।
সমাবেশকে ঘিরে বিকেল থেকেই বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা দলীয় মিছিল নিয়ে উপজেলা কমপ্লেক্স এলাকায় জড়ো হতে থাকেন। একপর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং রাজনৈতিক অস্থিরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের কথা তুলে ধরেন। তাদের অংশগ্রহণ ও মিছিলের মধ্য দিয়ে সন্দ্বীপ উপজেলা বিএনপির সাংগঠনিক তৎপরতারও বহিঃপ্রকাশ ঘটে।
সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীদের মিছিলসহ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশটি প্রতিবাদী কর্মসূচিতে পরিণত হয়। সমাবেশে নেতাকর্মীরা দলীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতিতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরগুনা, ২১ নভেম্বর ২০২৬ ( বাসস): বঙ্গোপসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে বরগুনায় তিন দিন ধরে অবিরত বৃষ্টিপাত চলছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে মাঝে মাঝে বৃষ্টি হলেও আজ সকালে শুরু হয়েছে প্রবল বর্ষণ। একটানা বৃষ্টি এবং প্রবল বাতাসের ফলে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পায়রাসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সাগরের উত্তাল অবস্থার কারণে গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলা হয়েছে।
সকাল থেকে ভারী বৃষ্টির ফলে জেলা শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাজারে ক্রেতাদের উপস্থিতিও কমে গেছে। টানা বৃষ্টির ফলে কৃষক, জেলে, দিনমজুর এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
বরগুনার ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বাসসের সাথে আলাপকালে জানান, ‘ঘূর্ণিঝড়ের সতর্কতা জারির পর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ এড়াতে ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এতে জেলেরা মাছ ধরতে না পেরে আর্থিক সংকটে পড়েছেন। দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ থাকলে ট্রলার মালিকদের জ্বালানি, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ বহন করা কঠিন হয়ে পড়বে।’
টানা বর্ষণে বরগুনার ৬০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন বাঁধ সংলগ্ন এলাকার হাজার হাজার বাসিন্দা। ভারী বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পেলে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবাহিত হওয়ার আশঙ্কা করছেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, নিচু জমিতে পানি জমে থাকার কারণে শীতকালীন সবজি ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বাসস’কে জানান, ভাঙন রোধে তিনটি প্রকল্প অনুমোদন হয়েছে। টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে।
বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বাসস’কে বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপকূলের আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর নির্বাচনি কার্যক্রমে দায়িত্বশীল আচরণ এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি শনিবার বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘কর্মী শিক্ষা শিবির-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এই শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর উল্লেখ করেন, ‘একজন দায়িত্বশীল কর্মীর প্রথম কাজ হলো নিজের আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার উন্নয়ন ঘটানো। সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হলে কর্মীদের নিয়মিত জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, ‘দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে ধৈর্য, প্রজ্ঞা, উত্তম আচরণ ও মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি যেকোনো রাজনৈতিক ও নির্বাচনি কার্যক্রমে দায়িত্বশীল আচরণ এবং জনগণের আস্থা অর্জন করতে হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজু, বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. মাহমুদুন্নবী এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ।
বাবুগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সালাম মাঝির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. ফারুক হোসেন, জামায়াত নেতা সৈয়দ আলতাফ হোসেন, মোহাম্মদ জাকির হোসেন মাস্টার, মাওলানা মোহাম্মদ এরশাদ হোসাইন এবং রহমতপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাস্টার মো. দেলোয়ার হোসাইন।
এ ছাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও সেক্রেটারি মাওলানা মো. দেলোয়ার হোসাইন, ব্যবসায়ী বিভাগের সভাপতি মো. রুহুল আমিন (আল-আমিন) ও সেক্রেটারি আলহাজ্ব মো. মিজানুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. নোমান হোসাইন ও সাধারণ সম্পাদক ফাইজুল হক সোহাগ এবং উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. কামাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রমের কৌশল, দায়িত্বশীলতা এবং স্থানীয় নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছেন।
আজ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি একটি অভিভাষণ প্রদান করেন।
চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা- চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে কর্মরত বিচারকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা আনার, মামলা ব্যবস্থাপনার আধুনিকায়ন, বিচারিক দক্ষতা বৃদ্ধি, সময়ের সঠিক ব্যবহার এবং বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রধান বিচারপতি বিচারিক কার্যক্রমকে আরও বিশেষায়িত ও কার্যকর করার লক্ষ্যে বিশেষায়িত বিচারিক পদ সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন সংশোধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট আদালতে বিচারক পদায়নের উদ্যোগ নেওয়া হবে। বিচারকদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ প্রশিক্ষক এনে বাংলাদেশে বিচারকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
প্রধান বিচারপতি মামলার এবং আদালত ব্যবস্থাপনার মাধ্যমে বিচারকদের নির্ধারিত সময়ের মধ্যে কার্যকরভাবে মামলা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিচারকদের তাদের সামর্থ্য অনুযায়ী কার্যতালিকা প্রণয়ন, শুনানি শেষে উন্মুক্ত আদালতে পরবর্তী তারিখ ঘোষণা, মামলার নথির নিরাপত্তা এবং দ্রুত সার্টিফায়েড কপি সরবরাহ নিশ্চিত করতে হবে।
বিচারকদের ব্যক্তিগত আচরণ ও পেশাগত শৃঙ্খলা সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, একজন বিচারকের আচরণ আদালতের এজলাসের বাইরেও বিচারকের মর্যাদা, দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের প্রতিফলন ঘটাতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বিচারকদের সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এজলাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং মোবাইল ফোন বহন থেকে বিরত থাকতে নির্দেশনা প্রদান করেন তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, বিচারকগণ প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানের ক্ষেত্রে এআই ব্যবহার করতে পারেন; তবে রায় প্রস্তুত বা রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না। রায়ের অপারেটিভ অংশ অবশ্যই সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে। বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে।
বিচারিক সিদ্ধান্ত গ্রহণে সামাজিক বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট মামলার আইনগত দিকের পাশাপাশি দেশের সামাজিক অবস্থা ও বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।
তিনি বিচারপ্রার্থীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি প্রত্যেক জেলা আদালতে ডে-কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণের কথা জানান।
আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আইনজীবীদের অনেক ক্ষেত্রে অকারণে দীর্ঘ সময় গ্রহণের প্রবণতা পরিহার করতে হবে। শুনানির জন্য প্রয়োজনীয় সময় সীমিত ও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে। সময় মঞ্জুর করাকে নিয়মিত বা রুটিন কার্যক্রমে পরিণত করা যাবে না। তিনি বলেন, আদালতের সময় অত্যন্ত মূল্যবান এবং এর যথাযথ ব্যবহারের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে গতি আনতে হবে।
অনুষ্ঠানে নিম্ন আদালত মনিটরিং কমিটি চট্টগ্রাম-১ এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি এস এম কুদ্দস জামান, চট্টগ্রাম-২ এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি আহমেদ সোহেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিনসহ সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তারা বক্তৃতা করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা তাদের বিচারিক অভিজ্ঞতা, পেশাগত প্রত্যাশা এবং অধস্তন আদালতের বিচারকার্য পরিচালনার নানা দিক তুলে ধরেন। এ সময় আরও বক্তৃতা করেন কক্সবাজার জেলার কুতুবদিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ, লক্ষ্মীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ), রাঙামাটি, নোয়াখালী ও চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এবং চট্টগ্রাম মহানগর দায়রা জজ।
বক্তারা বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর বিচারসেবা প্রদান, মামলা দ্রুত নিষ্পত্তি, বিচারিক কার্যক্রমে পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধি এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করার বিষয়ে তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুই সদস্যের বিমা দাবির অর্থ পরিশোধ করেছে গ্রুপ বিমা চুক্তির আওতায়।
বুধবার, ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিমা দাবির চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি ডিআরইউর প্রয়াত সদস্য আবু হেনা রাসেলের পরিবারের কাছে মৃত্যুজনিত বিমা দাবির তিন লাখ টাকা এবং সদস্য রফিকুল ইসলামের গুরুতর অসুস্থতাজনিত বিমা দাবির ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
এ সময় ডিআরইউর কল্যাণ সম্পাদক রফিক মৃর্ধা, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা এবং ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ