ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শের-ই-বাংলা মেডিকেলে মাসুম-ইয়ামিন সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ, কমিশন বাণিজ্যে জিম্মি রোগীরা!


শের-ই-বাংলা মেডিকেলে মাসুম-ইয়ামিন সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ, কমিশন বাণিজ্যে জিম্মি রোগীরা!

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স বাণিজ্য ঘিরে মাসুম ও ইয়ামিন নামে দুই ব্যক্তির বিরুদ্ধে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলা, চালকদের কাছ থেকে নিয়মিত কমিশন আদায় এবং সাধারণ রোগীদের জিম্মি করে রাখার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, হাসপাতালে রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স প্রবেশ ও ভাড়া দেওয়ার ক্ষেত্রে তাঁদের নির্ধারিত কমিশন দিতে হয়। কমিশন দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্স চালকদের হাসপাতালে প্রবেশে বাধা দেওয়া হয়। এমনকি আনসার সদস্যদের ব্যবহার করে অ্যাম্বুলেন্স আটকে দেওয়ারও অভিযোগ করেছেন কয়েকজন চালক।

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অ্যাম্বুলেন্স পরিবহনকে কেন্দ্র করে এমন অভিযোগ জনস্বার্থে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে জরুরি চিকিৎসার প্রয়োজনে দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের স্বজনদের কাছে অ্যাম্বুলেন্স সেবা যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে কমিশন বাণিজ্যের অভিযোগ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

অভিযোগের সূত্রে জানা গেছে, মাসুম ও ইয়ামিন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চুক্তিভিত্তিক ঝাড়ুদার পদে নিয়োগ পেয়েছিলেন। তবে তাঁদের কিছুটা গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকায় হাসপাতালের চালকসংকটের সময় তাঁরা উপপরিচালক ও পরিচালকের গাড়ি চালানোর দায়িত্ব পালন করেন। এ সুযোগকে কাজে লাগিয়ে হাসপাতালের ভেতরে তাঁরা প্রভাবশালী অবস্থান তৈরি করেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

পরবর্তী সময়ে হাসপাতালের গাড়িচালকসংকট কেটে গেলেও তাঁরা আর আগের পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্বে ফিরে যাননি বলে অভিযোগকারীরা জানিয়েছেন। বরং হাসপাতালের অভ্যন্তরে নিজেদের প্রভাব বজায় রেখে অ্যাম্বুলেন্স পরিচালনা ও ভাড়া নিয়ন্ত্রণের একটি বলয় গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে।

একাধিক অ্যাম্বুলেন্সচালকের অভিযোগ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স নিয়ে প্রবেশ করতে হলে মাসুম ও ইয়ামিনকে নির্ধারিত কমিশন দিতে হয়। রোগীর স্বজনেরা সরাসরি কোনো চালকের সঙ্গে যোগাযোগ করে অ্যাম্বুলেন্স ভাড়া ঠিক করলেও ওই চালককে তাঁদের কমিশন দিতে হয়।

অভিযোগ রয়েছে, কমিশন দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্সকে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। এ ক্ষেত্রে আনসার সদস্যদের ব্যবহার করে অ্যাম্বুলেন্স আটকে দেওয়া কিংবা প্রবেশে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগও রয়েছে।

চালকদের দাবি, অ্যাম্বুলেন্সটি কার, কোথা থেকে এসেছে কিংবা রোগীর সঙ্গে আগে থেকে ভাড়া নির্ধারণ করা হয়েছে কি না—এসব বিষয় বিবেচনায় না নিয়ে নির্দিষ্ট কমিশন আদায়ের চাপ দেওয়া হয়। ফলে রোগী ও স্বজনদের সঙ্গে চালকদের বিরোধ তৈরি হচ্ছে। অনেক সময় জরুরি রোগী পরিবহনের বিষয়টিও এই কমিশনকেন্দ্রিক জটিলতায় বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড

অ্যাম্বুলেন্সচালকদের কাছ থেকে বাড়তি কমিশন বা চাঁদা আদায়ের চাপ সৃষ্টি করা হলে এর আর্থিক দায় শেষ পর্যন্ত বহন করতে হয় অসহায় সাধারণ রোগী ও তাঁদের স্বজনদের। কারণ, চালকরা নিজেদের উপার্জন থেকে এই অতিরিক্ত অর্থ পরিশোধ করতে বাধ্য হলে তা পুষিয়ে নিতে অ্যাম্বুলেন্সের ভাড়ার সঙ্গে বাড়তি টাকা যুক্ত করার আশঙ্কা থাকে। ফলে জরুরি চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে আসা রোগীদের পরিবহন ব্যয় বেড়ে যায়। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের রোগীদের জন্য এই বাড়তি ব্যয় আরও বড় বোঝা হয়ে দাঁড়ায়।

চালকদের ভাষ্য, রোগীর স্বজনদের সঙ্গে সরাসরি ভাড়া নির্ধারণ করলেও নির্দিষ্ট ব্যক্তিদের কমিশন দিতে হয় বলে অভিযোগ রয়েছে। এতে একদিকে চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সেই চাপের প্রভাব পড়ছে রোগীদের পকেটে। অর্থাৎ অ্যাম্বুলেন্স বাণিজ্য ঘিরে কথিত কমিশন ব্যবস্থার আর্থিক বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষের কাঁধেই গিয়ে পড়ছে।

অভিযোগকারীদের দাবি, সাধারণ ঝাড়ুদার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মাসুম ও ইয়ামিন বর্তমানে একাধিক অ্যাম্বুলেন্সের মালিক হয়েছেন। হাসপাতালকেন্দ্রিক অ্যাম্বুলেন্স ব্যবসা ও কমিশন বাণিজ্যের মাধ্যমে তাঁরা বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

তবে তাঁদের নামে থাকা অ্যাম্বুলেন্সের সংখ্যা, সম্পদের পরিমাণ এবং এসব সম্পদের উৎস সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগগুলোর সত্যতা নিরূপণে সংশ্লিষ্ট নথিপত্র, সম্পদের বিবরণ এবং হাসপাতালের অভ্যন্তরীণ দায়িত্ব বণ্টন খতিয়ে দেখা প্রয়োজন।

আরও পড়ুন: ঝালকাঠী বিএনপিতে আওয়ামী দালাল সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের সহ সকলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা গ্রহনের দাবী

একাধিক অ্যাম্বুলেন্সচালক জানান, হাসপাতালের বাইরে থেকে রোগীর স্বজনদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে অ্যাম্বুলেন্স ভাড়া নির্ধারণ করলেও তাঁদের কমিশন দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে চালকদের উপার্জনের একটি অংশ চলে যাচ্ছে। অন্যদিকে রোগীর স্বজনদের ওপরও অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে।

চালকদের দাবি, অ্যাম্বুলেন্সে কী ধরনের রোগী পরিবহন করা হচ্ছে, রোগীর অবস্থা কতটা সংকটাপন্ন কিংবা ভাড়া কীভাবে নির্ধারণ করা হয়েছে—এসব বিবেচনার বাইরে রেখে কমিশন আদায়ের চাপ দেওয়া হয়। এ নিয়ে মাঝেমধ্যেই রোগীর স্বজনদের সঙ্গে অ্যাম্বুলেন্সচালকদের তর্ক-বিতর্ক ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ পরিস্থিতিতে ক্ষুব্ধ অ্যাম্বুলেন্সচালকদের একটি অংশ বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ এবং মানববন্ধন করার পরিকল্পনা করছেন বলেও জানা গেছে।

অ্যাম্বুলেন্সচালকদের অভিযোগ, মাসুম ও ইয়ামিনের হাসপাতালকেন্দ্রিক প্রভাবের পেছনে উপপরিচালক (ডিডি) নাজমুলের আশ্রয়-প্রশ্রয় রয়েছে। তাঁদের অভিযোগ, ডিডি নাজমুলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই তাঁরা হাসপাতালে প্রভাব বিস্তার করতে পারছেন।

আরও পড়ুন: বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল

এ বিষয়ে আব্বাস নামে এক অ্যাম্বুলেন্সচালক অভিযোগ করে বলেন, “মাসুম-ইয়ামিনের খুঁটির জোর হচ্ছে ডিডি নাজমুল স্যার।”

তবে ডিডি নাজমুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মাসুম ও ইয়ামিনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তালাশ বিডির বরিশাল অফিস থেকে ইয়ামিনের মুঠোফোনে যোগাযোগ করা হয়। প্রথমবার ফোন করলে তিনি কল কেটে দেন। পরবর্তী সময়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য না দিয়ে অভিযোগকারীদের পরিচয় জানতে চান। পরে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

অন্যদিকে মাসুমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন: চট্টগ্রাম ওয়াসা সুপেয় পানির উৎপাদন ও সরবরাহ বাড়াতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চায়

এ বিষয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক (ডিডি) নাজমুল সাহেবের মুঠোফোনে যোগাযোগের পাশাপাশি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাওয়া হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো উত্তর পাওয়া যায়নি।

সরকারি হাসপাতালের সেবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত নিয়ন্ত্রণে থাকার সুযোগ নেই। রোগী পরিবহনের মতো জরুরি সেবাকে কেন্দ্র করে কমিশন আদায়, অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা কিংবা প্রভাব খাটানোর অভিযোগ সত্য হলে তা অত্যন্ত গুরুতর অনিয়ম। এতে শুধু সাধারণ অ্যাম্বুলেন্সচালকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, সরাসরি ভোগান্তিতে পড়ছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা।

সংশ্লিষ্ট অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, হাসপাতালের অ্যাম্বুলেন্স প্রবেশ ও চলাচল ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা এবং কোনো ধরনের অবৈধ কমিশন বা চাঁদাবাজি হচ্ছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা এবং অভিযোগে উঠে আসা ব্যক্তিদের সম্পদের উৎসও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিযোগকারী চালকরা।

এখন প্রশ্ন হচ্ছে, সরকারি হাসপাতালের ভেতরে অ্যাম্বুলেন্স সেবাকে কেন্দ্র করে যদি সত্যিই কোনো সিন্ডিকেট গড়ে ওঠে, তাহলে তার দায়ভার কে নেবে? আর জরুরি চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে আসা সাধারণ রোগীদের এই ভোগান্তি ও বাড়তি আর্থিক বোঝা থেকে মুক্তি দেবে কে?

আরও পড়ুন: কাঠালিয়ায় ফেসবুকে অপপ্রচার ও মানহানির ঘটনা প্রশাসনের নজরে, আইনি পদক্ষেপের পরামর্শ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যালন ডি’অর জয় মানেই লম্বা সময়ের চোট—এ কেমন অভিশাপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


ব্যালন ডি’অর জয় মানেই লম্বা সময়ের চোট—এ কেমন অভিশাপ

ব্যালন ডি’অর, বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি, যেকোনো ফুটবলারের ক্যারিয়ারের একটি অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হয়।

তবে, গত তিন বছরের ব্যালন ডি’অর বিজয়ীদের দিকে নজর দিলে একটি অদ্ভুত মিল লক্ষ্য করা যায়। রদ্রি, উসমান দেম্বেলে এবং হ্যারি কেইন—এই তিনজনই গুরুতর চোটের শিকার হয়েছেন।

দুজন পুরস্কার জয়ের পূর্বে চোটে আক্রান্ত হন এবং পুরস্কার গ্রহণের সময় চোট নিয়ে হাজির হন। অন্যজনের চোট পুরস্কার জয়ের পরপরই আসে। তবুও, এই তিন তারকার দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার ঘটনা একটি অদ্ভুত ‘অভিশাপের’ আলোচনা সৃষ্টি করেছে।

সর্বশেষ তিন ব্যালন ডি’অর বিজয়ী দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন। ছবি: সংগৃহীত

২০২৪ সালের ব্যালন ডি’অর বিজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি ছিলেন ম্যানচেস্টার সিটির খেলোয়াড়। তবে, পুরস্কার হাতে নেওয়ার আগেই তিনি একটি বড় ধাক্কা খেয়েছিলেন।

২০২৩ সালের ২২ সেপ্টেম্বর আর্সেনালের বিরুদ্ধে ম্যাচে রদ্রি ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) এবং মেনিসকাসে চোট পান। অস্ত্রোপচারের পর তাকে প্রায় ৮ মাস মাঠের বাইরে থাকতে হয়। ক্রাচে ভর দিয়ে তিনি ব্যালন ডি’অর নিতে গিয়েছিলেন।

২০২৫ সালের ব্যালন ডি’অর বিজয়ী উসমান দেম্বেলের কাহিনীও অনেকটা একই। ওই বছরের ২২ সেপ্টেম্বর পুরস্কার জয়ের আগে ৫ সেপ্টেম্বর ইউক্রেনের বিরুদ্ধে ফ্রান্সের হয়ে খেলতে গিয়ে ডান হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পান।

দেম্বেলের ক্লাব পিএসজি জানিয়েছিল, তাকে প্রায় ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ, ব্যালন ডি’অর জয়ের আগেই চোটের কারণে তিনি মাঠের বাইরে চলে গিয়েছিলেন।

এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন হ্যারি কেইন। এ বছরের ২৬ অক্টোবর ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়েন ইংল্যান্ডের এই স্ট্রাইকার। কিন্তু এক মাসের মধ্যে, তিনি চোটের সম্মুখীন হন।

জার্মান বুন্দেসলিগায় গতকাল (২০ নভেম্বর) রাতে কোলনের বিরুদ্ধে বায়ার্ন মিউনিখের হয়ে খেলতে গিয়ে কেইনের বাঁ গোড়ালির সিনডেসমোসিস লিগামেন্ট ছিঁড়ে যায়। দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন হবে তার। সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে, কেইন প্রায় ৩ মাস মাঠের বাইরে থাকতে পারেন।

সর্বশেষ তিন বছরে তিন বিজয়ীর গুরুতর চোটের ঘটনা কাকতালীয় হলেও ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জাগছে—ব্যালন ডি’অর জয়ের সঙ্গে কি চোটের কোনো অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছে? তাই এটিকে ‘নতুন অভিশাপ’ হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংকটের বৃত্তে বাংলাদেশ পুলিশ: কেন আধুনিক বিশ্বে পিছিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


সংকটের বৃত্তে বাংলাদেশ পুলিশ: কেন আধুনিক বিশ্বে পিছিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী

জনগণের জানমালের নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠায়, পুলিশ বাহিনী যেকোনো দেশের জন্য প্রধান ভরসাস্থল হয়ে থাকে। অপরাধের ধরন পরিবর্তিত হওয়ার সাথে সাথে, উন্নত বিশ্বে পুলিশিং ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। কিন্তু স্বাধীনতার পাঁচ দশক অতিক্রম করার পরও, বাংলাদেশ পুলিশ কেন কাঙ্ক্ষিত পেশাদারিত্ব, প্রযুক্তিগত সক্ষমতা এবং জনবান্ধব মানদণ্ডে পৌঁছাতে পারেনি, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। অপরাধবিজ্ঞানী ও সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, ব্রিটিশ আমলের জরাজীর্ণ আইন, রাজনৈতিক হস্তক্ষেপ, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মানবেতর কর্মপরিবেশই বাহিনীটিকে আধুনিক বিশ্ব থেকে পিছিয়ে রাখছে।

১৮৬১ সালের ঔপনিবেশিক আইন ও কাঠামোগত সংকটের কারণে, একবিংশ শতাব্দীর বাংলাদেশে পুলিশ বাহিনী এখনো ১৮৬১ সালের ব্রিটিশ আমলের পুলিশ আইন (Police Act of 1861) দ্বারা পরিচালিত হচ্ছে। এই আইনটি মূলত ভারতের সাধারণ মানুষকে দমন ও শাসন করার লক্ষ্যে তৈরি করা হয়েছিল, নাগরিক সেবা দেওয়ার জন্য নয়। উন্নত বিশ্বে পুলিশ স্বাধীন ও নিরপেক্ষ কমিশনের অধীনে পরিচালিত হয়, যেখানে জবাবদিহিতা নিশ্চিত থাকে। কিন্তু বাংলাদেশে এখনো এই ঔপনিবেশিক কাঠামোর কারণে পুলিশ বাহিনীতে ‘সেবা’র চেয়ে ‘শাসন’ করার মনস্তত্ত্ব এবং আমলাতান্ত্রিক জটিলতা প্রকট হয়ে আছে।

বাংলাদেশ পুলিশের পিছিয়ে থাকার অন্যতম প্রধান কারণ দীর্ঘদিনের রাজনৈতিকীকরণ। নিয়োগ, পদায়ন, বদলি এবং পদোন্নতির ক্ষেত্রে মেধা ও দক্ষতার চেয়ে রাজনৈতিক আনুগত্য বা তদবির প্রাধান্য পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। মাঠপর্যায়ের একজন কর্মকর্তা যখন দেখেন অপরাধ দমনের চেয়ে প্রভাবশালী মহলের মন জোগানো বেশি গুরুত্বপূর্ণ, তখন তার পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে নিরপেক্ষভাবে আইনের প্রয়োগ বাধাগ্রস্ত হয় এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আস্থার সংকট তৈরি হয়।

বর্তমান বিশ্বে অপরাধীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডার্ক ওয়েব, ক্রিপ্টোকারেন্সি এবং অত্যাধুনিক সাইবার প্রযুক্তি ব্যবহার করছে। যদিও পুলিশের বিশেষায়িত কিছু ইউনিট (যেমন—সিআইডি বা পিবিআই) প্রযুক্তিগতভাবে এগিয়ে রয়েছে, দেশের প্রান্তিক পর্যায়ের ছয় শতাধিক থানার অবস্থা অত্যন্ত হতাশাজনক। মফস্বল ও জেলা পর্যায়ের অধিকাংশ তদন্ত কর্মকর্তার (IO) আধুনিক ডিজিটাল ফরেনসিক প্রশিক্ষণ বা সরঞ্জাম নেই। উন্নত দেশে যেখানে ‘বডি ওর্ন ক্যামেরা’ (Body-worn Camera), ডিএনএ প্রোফাইলিং এবং স্বয়ংক্রিয় ডেটাবেজের মাধ্যমে অপরাধী শনাক্ত করা হয়, সেখানে আমাদের থানা পুলিশ এখনো সোর্স-নির্ভর তথ্য এবং প্রথাগত জিজ্ঞাসাবাদের ওপর নির্ভরশীল।

জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী, একটি দেশে প্রতি ৪০০ জন নাগরিকের নিরাপত্তার জন্য অন্তত ১ জন পুলিশ সদস্য থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে প্রায় ৮০০ থেকে ৯০০ জন নাগরিকের বিপরীতে কাজ করছেন মাত্র ১ জন পুলিশ সদস্য। এই সীমিত জনবল নিয়ে চুরি-ডাকাতি বা খুনের তদন্তের পাশাপাশি ভিআইপি প্রটোকল ও রাজনৈতিক কর্মসূচি সামলাতে হয়। অধিকাংশ থানায় অপরাধীদের ধাওয়া করার মতো পর্যাপ্ত ও সচল যানবাহন নেই, নেই মামলার আলামত সংরক্ষণের আধুনিক ব্যবস্থাপনা। অনেক ক্ষেত্রে তদন্ত কর্মকর্তাদের নিজ পকেট থেকে মামলার প্রাথমিক খরচ চালাতে হয়, যা শেষ পর্যন্ত দুর্নীতির পথ খুলে দেয়।

মাঠপর্যায়ে কর্মরত কনস্টেবল থেকে শুরু করে উপ-পরিদর্শকদের (এসআই) দৈনিক গড় কর্মঘণ্টা ১২ থেকে ১৬ ঘণ্টা। শ্রম আইনে ৮ ঘণ্টা কাজের নিয়ম থাকলেও পুলিশ বাহিনীতে তার কোনো প্রতিফলন নেই। নেই কোনো সাপ্তাহিক ছুটি; এমনকি ঈদ বা পূজার মতো উৎসবেও পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে হয় তাদের। নিম্নপদস্থ পুলিশ সদস্যদের ব্যারাকে গাদাগাদি করে থাকা এবং মানসম্মত খাবারের অভাব তাদের শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। উন্নত বিশ্বে পুলিশের মানসিক চাপ কমাতে নিয়মিত ‘সাইকোলজিক্যাল কাউন্সিলিং’ বা মানসিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা থাকলেও বাংলাদেশে তা সম্পূর্ণ অনুপস্থিত। এই মানসিক অবসাদের প্রভাব পড়ে সাধারণ মানুষের সঙ্গে তাদের আচরণে।

পুলিশের মৌলিক প্রশিক্ষণে এখনো শারীরিক কসরত ও অস্ত্র চালনার ওপর যতটা জোর দেওয়া হয়, মনস্তাত্ত্বিক তদন্ত কৌশল (Psychological Interrogation), মানবাধিকার এবং নাগরিকদের সঙ্গে যোগাযোগের আদবকেতাদার (Soft Skills) ওপর ততটা গুরুত্ব দেওয়া হয় না। ফলে জনগণের বন্ধু হয়ে ওঠার পরিবর্তে অনেক ক্ষেত্রে পুলিশ ভয়ের কারণ হয়ে দাঁড়ায়।

উত্তরণের পথ কী

অপরাধ বিশেষজ্ঞ ও সাবেক পুলিশ কর্মকর্তাদের মতে, বাংলাদেশ পুলিশকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে প্রসাধনী সংস্কার নয়, প্রয়োজন আমূল কাঠামোগত পরিবর্তন। এ লক্ষ্যে—

১. ১৮৬১ সালের আইন বাতিল করে জনবান্ধব নতুন পুলিশ আইন প্রণয়ন এবং একটি ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠন করতে হবে।

২. পুলিশকে সব ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে মেধা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করতে হবে।

৩. প্রতিটি জেলায় নিজস্ব ফরেনসিক ও সাইবার ইউনিট স্থাপন এবং পর্যাপ্ত যানবাহন ও লজিস্টিক বাজেট বরাদ্দ দিতে হবে।

৪. পুলিশ সদস্যদের কর্মঘণ্টা কমিয়ে আনা, আবাসন সংকট দূর করা এবং নিয়মিত মানসিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

রাষ্ট্রীয় সদিচ্ছা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমেই কেবল বাংলাদেশ পুলিশ তার এই পিছিয়ে পড়া অবস্থান থেকে বেরিয়ে এসে একটি আধুনিক ও জনবান্ধব বাহিনীতে রূপান্তরিত হতে পারে।

লেখক: মিশাল আলী, শিক্ষার্থী, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এসকেডি/ আরটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার জাহাজে ড্রোন হামলা, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার জাহাজে ড্রোন হামলা, সতর্কতা জারি

মস্কো দাবি করেছে যে ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলগামী একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) এই হামলার ফলে জাহাজটিতে আগুন লেগে যায় এবং ক্ষয়ক্ষতি ও উদ্ধার তৎপরতা শুরু হয়।

ঘটনার বিস্তারিত বিবরণ এবং ফিনল্যান্ডের প্রতিক্রিয়া সম্পর্কে রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো জানিয়েছেন, দুটি ড্রোনের মাধ্যমে কালিনিনগ্রাদগামী ওই জাহাজে হামলা চালানো হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ঘটনাটি ফিনল্যান্ড উপসাগরের আন্তর্জাতিক বা নিরপেক্ষ জলসীমায়—রাশিয়ার সীমান্ত থেকে প্রায় তিন নটিক্যাল মাইল দূরে ঘটেছে। হামলার পর নাবিকদের উদ্ধার করার কাজ শুরু হয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের প্রক্রিয়া চলছিল। তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে রুশ কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট তথ্য প্রদান করেনি।

অন্যদিকে, ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, তাদের বাহিনী আন্তর্জাতিক জলসীমায় একটি রুশ জাহাজে ড্রোন হামলার বিষয়টি শনাক্ত করেছে এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য ঘটনাস্থলে ফিনল্যান্ডের বর্ডার গার্ডের ইউনিট পাঠানো হয়েছে। সম্ভাব্য আরও ড্রোন প্রতিহত করার জন্য আকাশ ও নৌ চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং বিষয়টি মিত্রদেশগুলোকে জানানো হয়েছে।

ফিনল্যান্ডের বর্ডার গার্ড তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে, পূর্ব ফিনল্যান্ড উপসাগরে একটি রুশ পণ্যবাহী জাহাজে আগুন লেগেছে। তারা নিজেদের দায়িত্বপূর্ণ এলাকায় সামুদ্রিক উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং সম্ভাব্য পরিবেশগত ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে প্রস্তুতি নিচ্ছে।

বাল্টিক অঞ্চলে বাড়তি উত্তেজনা

ফিনল্যান্ড উপসাগর হলো বাল্টিক সাগরের একটি সরু অংশ, যার দুই তীরে ন্যাটোভুক্ত দেশ ফিনল্যান্ড ও এস্তোনিয়া অবস্থিত। এই জলপথ মূল ভূখণ্ডের রাশিয়া—বিশেষ করে সেন্ট পিটার্সবার্গ—এবং পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝে অবস্থিত রুশ ছিটমহল কালিনিনগ্রাদের মধ্যে সংযোগ রক্ষা করে।

ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের শুরু থেকেই পরস্পরের নৌযানকে লক্ষ্যবস্তু করে আসছে, যার বড় অংশ এতদিন কৃষ্ণ সাগরে সীমাবদ্ধ ছিল। তবে সাম্প্রতিক সময়ে বাল্টিক অঞ্চলেও উত্তেজনা বাড়ছে। চলতি মাসের শুরুর দিকে ফিনল্যান্ড উপসাগরে একটি রুশ যুদ্ধজাহাজে হামলার ঘটনা শনাক্ত করেছিল ফিনল্যান্ডের সামরিক বাহিনী, যার দায় স্বীকার করেছিল ইউক্রেন। সর্বশেষ এই ড্রোন হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্ট আ.লীগ জ্বালাও পোড়াও করে দেশে ফেরার পথ রুদ্ধ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


ফ্যাসিস্ট আ.লীগ জ্বালাও পোড়াও করে দেশে ফেরার পথ রুদ্ধ করেছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম মন্তব্য করেছেন যে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ মনে করছে জ্বালাও পোড়াও করে তারা দেশে পুনরায় ফিরে আসতে পারবে। জনগণ যাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে, তারা মানুষ হত্যা ও অগ্নিকাণ্ড ঘটিয়ে দেশে ফিরে আসার চেষ্টা করছে। যারা হাজারো মানুষের প্রাণ নিয়েছে এবং লাখো মানুষের রক্ত তাদের হাতে লেগে আছে, তারাই আবার হত্যার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। তাদের নিকৃষ্ট কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা নেই; বরং তাদের মধ্যে ঔদ্ধত্য ও অহমিকা প্রকাশ পাচ্ছে। আওয়ামী লীগ তাদের পূর্বের চরিত্র জ্বালাও পোড়াও করে জাতির সামনে নতুনভাবে উপস্থাপন করেছে।

২১ নভেম্বর (শনিবার) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ফোর স্টার হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত সদস্য প্রশিক্ষণ কর্মশালা ও নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালাটি কায়েতপাড়া ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আমির হোসনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ মুহাম্মদ নূরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ফারুক মুন্সি, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সাংগঠণিক সম্পাদক মাওলানা শাহজাহান হাবীবী, মাওলানা হাবিবুর রহমান জেহাদী, হাজী মো. কামরুজ্জামান, হাজী মো. শফিকুল ইসলাম এবং মাওলানা মনিরুজ্জামান। স্থানীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামও বক্তব্য প্রদান করেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, আওয়ামী লীগ মনে করে যে, তারা জনগণের কষ্ট দিবে এবং জনগণ তাদের দেশে ফেরার সুযোগ করে দিবে। কিন্তু দেশপ্রেমিক জনগণ তাদের এসব কর্মসূচি ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ তাদের রক্তের পিপাসা এখনো ভুলতে পারেনি। আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন ধ্বংসাত্মক এবং ন্যাক্কারজনক। জনগণ এখন আর আগের ধ্বংসাত্মক রাজনীতি দেখতে চায় না।

তিনি মারামারি, হানাহানি ও প্রতিহিংসার রাজনীতির করালগ্রাস থেকে ফিরে ইসলামের সুমহান আদর্শের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, এবং জনগণের শান্তি নিশ্চিত করাই ইসলামের অন্যতম বৈশিষ্ট্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%