০৭:২৩ পি.এম
কিশোরগঞ্জের ভৈরবে অস্বচ্ছল পরিবারের ৫০ জন মেধাবী এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে স্বনামধন্য শিশু-কিশোর সংগঠন কাকলি খেলাঘর আসর। শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখা এবং আর্থিক সংকটের কারণে যাতে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন বাধাগ্রস্ত না হয়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।
২১ নভেম্বর, শনিবার বিকেল সাড়ে ৩টায় ভৈরব শহরের রেলওয়ে স্কুল সংলগ্ন কাকলি খেলাঘর আসরের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তার অর্থ ও গোলাপ-রজনীগন্ধার ফুলের স্টিক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাকলি খেলাঘর আসরের প্রাক্তন সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ শ্রম আদালতের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা।
আরও পড়ুন: শের-ই-বাংলা মেডিকেলে মাসুম-ইয়ামিন সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ, কমিশন বাণিজ্যে জিম্মি রোগীরা!
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী, বাংলাদেশ রেলওয়ে হাইস্কুলের প্রাক্তন শিক্ষক সাইজ উদ্দিন খান, কাকলি খেলাঘর আসরের সহসভাপতি সজল কুমার দেবনাথ এবং সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মাহফুজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও শিক্ষা সহায়তা কার্যক্রমের সভাপতি অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাকলি খেলাঘর আসরের সিনিয়র সহসভাপতি সাংবাদিক নজরুল ইসলাম রিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে হাইস্কুলের প্রধান শিক্ষক ও কাকলি খেলাঘরের প্রাক্তন সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহিদুল হক জাবেদ, কাকলি খেলাঘরের প্রাক্তন সদস্য ও বাজিতপুর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: চন্দ্র শেখর দত্ত, কাকলি খেলাঘরের যুগ্ম সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন ও জনি আলম।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন বলেন, শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন থেমে না যায়, সে বিষয়ে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। কাকলি খেলাঘরের এ উদ্যোগ শিক্ষার্থীদের জন্য উৎসাহ ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আরও পড়ুন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্দ্বীপ উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
প্রধান আলোচক অধ্যাপক প্রণয় সাহা বলেন, খেলাঘর শুধু শিশু-কিশোরদের সাংস্কৃতিক বিকাশের সংগঠন নয়, বরং একটি মানবিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সমাজ গঠনের আন্দোলন। শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি তাদের শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও খেলাঘর কাজ করে যাচ্ছে। অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এ কার্যক্রম সেই মানবিক দায়িত্ববোধেরই বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হান্নান চৌধুরী বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের যথাযথ সুযোগ ও সহযোগিতা দিতে পারলে তারা আগামী দিনে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শিক্ষার্থীদের পড়াশোনার পথ সুগম করতে খেলাঘরের এ উদ্যোগ প্রশংসনীয়।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি সামাজিক দায়িত্ব। অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যেন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই ৫০ জন শিক্ষার্থীকে এ সহায়তা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, পাশাপাশি সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার পরামর্শ দেন।
আরও পড়ুন: বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার
আলোচনা সভা শেষে ৫০ জন শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা ও ফুল তুলে দেওয়া হয়। পরে অতিথি, শিক্ষার্থী ও খেলাঘরের সদস্যরা একসঙ্গে ফটোসেশনে অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন