ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং
পদ্মা সেতুর চার বছর

টোল আদায় ৩৩৯২ কোটি : ৩৫ বছরের লক্ষ্য থাকা সত্বেও উঠে যাবে ২২ বছরেই


টোল আদায় ৩৩৯২ কোটি : ৩৫ বছরের লক্ষ্য থাকা সত্বেও উঠে যাবে ২২ বছরেই

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু চালুর চার বছর পূর্ণ হওয়ার এই সময়ে লাভের পথে হাঁটছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ২০২২ সালের ২৬ জুন যখন যান চলাচল শুরু হয়, তখন থেকে সেতুটি থেকে টোল থেকে আয় হয়েছে ৩ হাজার ৩৯২ কোটি টাকারও বেশি।

এই সময়ে সেতুটি ব্যবহার করেছে আড়াই কোটিরও বেশি যানবাহন।

সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে সেতু উদ্বোধনের পর ২৭ লাখ ৯০ হাজার ৪৬৫টি যানবাহন থেকে টোল আদায় হয় ৪০২ কোটি ৯৬ লাখ টাকা। ২০২৩ সালে আদায় হয় ৮১৪ কোটি ৬৮ লাখ টাকা, ২০২৪ সালে ৮৩৬ কোটি ৩৫ লাখ টাকা এবং ২০২৫ সালে ৮৮৮ কোটি ৮১ লাখ টাকা। চলতি বছরের ২৩ জুন পর্যন্ত টোল আদায় হয়েছে ৪৪৯ কোটি ২৪ লাখ টাকা।

আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?

সর্বমোট চার বছরে টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯২ কোটি ১৬ লাখ টাকায়।

অন্যদিকে, চলতি বছরের ঈদুল আজহায় এক দিনে পদ্মা সেতুর সর্বাধিক টোল আদায়ের রেকর্ড তৈরি হয়েছে। গত ৫ জুন ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৪৮৭টি যানবাহন সেতু ব্যবহার করে এবং ওই দিন টোল আদায় হয় ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা।

সেতু কর্তৃপক্ষের সূত্র মতে, সরকার সেতু নির্মাণের সময় যে সমীক্ষা করেছিল, সেসময় ৩৫ বছরের ভিতরে খরচ ওঠার প্রকল্পন তৈরি করা হয়েছিল। কিন্তু বর্তমানে যে গতিতে টোল আদায় হচ্ছে, তাতে পদ্মা সেতুর পুরো খরচ উঠতে সর্বাধিক ১৮ বছর লাগবে। ২০৪৫ সালের মধ্যে পদ্মা সেতুর সম্পূর্ণ নির্মাণ ব্যয় উঠে আসবে। ২০২২ সালের জুনে সেতু উদ্বোধনের পরে হিসাব করলে মোট ২২ বছরেই উঠে যাবে বিশাল এই প্রকল্পের নির্মাণ ব্যয়।

সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানিয়ে বলেন, পদ্মা সেতু থেকে টোল আদায়ের পরিমাণ নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। তবে, আর্থিক দিকের পাশাপাশি মানুষের ভোগান্তি হ্রাস করা এবং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা উজ্জীবিত করাই এই সেতুর সবচেয়ে বড় অর্জন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী চার দিনের জাপান সফর শেষে আজ দেশে ফিরছেন

লাভের পথে পদ্মা সেতু প্রকল্প সম্পর্কে বলা যায় যে, সরকারের স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ অর্থবিভাগের কাছে ঋণ নিয়ে পদ্মা সেতু নির্মাণ করেছে। ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছিল সরকার।

সেতু বিভাগের দেওয়া তথ্যের ভিত্তিতে, প্রতি কিস্তিতে গড়ে ১৫৭ কোটি ৭১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৩ সালের ৫ এপ্রিল সেতু কর্তৃপক্ষ তাদের প্রথম এবং দ্বিতীয় কিস্তি ঋণ পরিশোধ শুরু করে। এ পর্যন্ত সেতু কর্তৃপক্ষ ১৬ কিস্তিতে ২ হাজার ৫২৩ কোটি টাকা সরকারকে পরিশোধ করেছে।

ঋণ পরিশোধ, সরকারের ভ্যাট পরিশোধ এবং রক্ষণাবেক্ষণের খরচ মিটিয়ে যমুনা সেতুর পরে সেতু কর্তৃপক্ষের দ্বিতীয় প্রকল্প হিসেবে লাভের মুখ দেখতে যাচ্ছে সরকার। ঋণ পরিশোধ ছাড়াও সেতু কর্তৃপক্ষ ৫০৮ কোটি টাকার মতো সরকারকে ভ্যাট পরিশোধ করেছে।

পদ্মা সেতুর টোল থেকে বাকিটা রক্ষণাবেক্ষণের পেছনে ব্যয় হচ্ছে বলে জানান বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন ও অর্থ) আলতাফ হোসেন শেখ। তিনি কালের কণ্ঠকে বলেন, সেতু কর্তৃপক্ষ নিয়মিত ঋণ পরিশোধ করছে। এ পর্যন্ত ১৬টি কিস্তি পরিশোধ করা হয়েছে। এর বাইরে মোট টোল আদায়ের ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। তাছাড়া রক্ষণাবেক্ষণের খরচও রয়েছে। তবে যে গতিতে টোল আদায় বৃদ্ধি পাচ্ছে, আমরা ব্রেক ইভেন্টে পৌঁছে যাবো।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত

দীর্ঘদিন ধরে কোন শিক্ষার্থী ভর্তি না করানোর কারণে সরকারের পক্ষ থেকে দেশের ৬২১টি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেই সঙ্গে বিধি মোতাবেক, এ সকল প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, তা জানতে চেয়ে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ও পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মো. আল মাসুদ করিমের স্বাক্ষরে এ বিষয়টি জানানো হয়।

বোর্ডের প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ৬২১টি কারিগরি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত।

আদেশে উল্লেখ করা হয়েছে, যেসকল কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ সময় ধরে কোন শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না, সেসব প্রতিষ্ঠানে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সব ধরনের ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর পাঠদান অনুমোদন কেন বাতিল করা হবে না, সেই বিষয়ে যৌক্তিক ব্যাখ্যা আগামী ২২ জুলাইয়ের মধ্যে বোর্ডে জমা দিতে বলা হয়েছে।

কারিগরি বোর্ড জানায়, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪ এর উপবিধি ৪.২, ৪.৪ এবং ৫.৪ অনুযায়ী শর্ত পূরণে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নীতিমালা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ভর্তি, ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরি এবং পাঠদানের অনুমতি প্রদানকালে যে সকল অন্য শর্তাবলি রয়েছে, সেগুলো পূরণে ব্যর্থ হলে সরকার অনুমোদনক্রমে বোর্ড যেকোনো প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ৯৯ হাজার ৭২৬ শিশু পাবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


নড়াইলে ৯৯ হাজার ৭২৬ শিশু পাবে ভিটামিন

নড়াইলের তিন উপজেলায় ৯৯ হাজার ৭২৬ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ২৮ জুন শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১,০২০টি কেন্দ্রে শিশুদের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।এ তথ্য জেলা পর্যায়ের সাংবাদিকদের অবহিতকরণ সভায় জানানো হয়েছে যা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, বেলা ১১টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছিল।সভায় সিভিল সার্জন ডা: মো: আব্দুর রশিদ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

নড়াইলের সিভিল সার্জন ডা: মো: আব্দুর রশিদ বলেন, ভিটামিন এ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধই করে না বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা দূর করে এবং শিশু মৃত্যুর হার কমায়। শিশু মৃত্যুরোধে জন্মের পর নবজাতককে কেবল মায়ের শালদুধ পান করানোর পরামর্শ দেয়া হয়।এছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শও তিনি দেন।

কর্মশালায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পী, মেডিকেল টেকনোলজিস্ট দুলাল চন্দ্র গাইন, জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: হাবিবুর রহমান মোল্যা, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবুলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য ধ্বংস

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে, দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকার মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ধ্বংস কার্যক্রমটি বৃহস্পতিবার (২৫ জুন) সকালে দিনাজপুর সেক্টর সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সম্পন্ন হয়।

বিজিবি জানিয়েছে যে, দিনাজপুর সেক্টরের আওতাধীন জয়পুরহাট, ফুলবাড়ী ও দিনাজপুর ব্যাটালিয়নের সদস্যদের অভিযানে এগুলো উদ্ধার করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, মাদক একটি নীরব ঘাতক। এটি সমাজের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলের এগিয়ে আসা প্রয়োজন।

বিজিবির রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের উল্লেখ করেন, মাদক একটি ভয়াবহ অভিশাপ যা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। তিনি বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের জীবন নয়, তার পরিবার ও সমাজকেও ক্ষতিগ্রস্ত করে। এছাড়া, তিনি মাদক চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট ব্যাটালিয়নসমূহের সদস্যদের আন্তরিকতা, দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পচেত্তিনোর জাদুতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


পচেত্তিনোর জাদুতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে যুক্তরাষ্ট্র

মার্চ মাসে, যখন মাউরিসিও পচেত্তিনো বলেছিলেন যে, এই গ্রীষ্মের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র শিরোপা জেতার অন্যতম দাবিদার হতে পারে, তখন খুব কম মানুষই তার কথায় গুরুত্ব দিয়েছিলেন। কারণ, গত দশটি বিশ্বকাপের মধ্যে নয়টিতে অংশ নিলেও, ২০০২ সালের কোয়ার্টার ফাইনাল ছাড়া, শেষ ষোলোর বাধা পেরোনোই যুক্তরাষ্ট্রের জন্য ছিল বড় চ্যালেঞ্জ।

তবে এবারে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আর্জেন্টিনার সাবেক এই কোচ দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র দল কেবল নকআউট পর্বই নিশ্চিত করেনি, বরং তাদের আক্রমণাত্মক ফুটবলশৈলী ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন মার্কিন সমর্থকরা কেবল মাঠের লড়াই দেখছেন না, তাদের মনে এখন একটাই প্রশ্ন, কেন আমরা নই?

পচেত্তিনোর অধীনে যুক্তরাষ্ট্র দলের এই রূপান্তর যেন রূপকথার মতো। গত সপ্তাহে সিয়াটলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় এবং এর আগে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানের দুর্দান্ত জয় প্রমাণ করে যে, দলটি এখন বিশ্বমঞ্চে নিজেদের আন্ডারডগ মনে করে না। দলের অন্দরমহলের চিত্রটা পাল্টে দিয়েছেন পচেত্তিনো। তার ড্রেসিংরুমের দেয়ালে লেখা ‘কেন আমরা নই’, ‘বিশ্বাস করো, কাজ করো, লড়াই করো’ এবং ‘এখনই আমাদের সময়’; এই কথাগুলোই খেলোয়াড়দের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস ও আগ্রাসী মানসিকতা তৈরি করেছে। দলের ফরোয়ার্ড টিম উইয়াহর ভাষায়, পচেত্তিনো দলের মধ্যে সেই দক্ষিণ আমেরিকান স্পিরিট বা জেদ ঢুকিয়ে দিয়েছেন, যা এতদিন তাদের মধ্যে ছিল না।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি পচেত্তিনোর সঙ্গে ভক্তদের রসায়নও এখন চোখে পড়ার মতো। সিয়াটল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর খেলোয়াড় ও সমর্থকদের একাত্মতা ছিল দেখার মতো। স্টেডিয়াম জুড়ে তখন জন ডেনভারের বিখ্যাত গান ‘টেক মি হোম, কান্ট্রি রোডস’-এর সুর। সমর্থকদের কাছে পচেত্তিনো এখন এক ‘ব্রেভহার্ট’ বা সাহসী নেতার প্রতীক। টটেনহ্যামের সাবেক এই কোচকে নিয়ে মার্কিন ফুটবল সমর্থকদের উন্মাদনা এতটাই যে, যারা এতদিন ফুটবল নিয়ে সেভাবে ভাবতেন না, তারাও এখন দলের সাফল্যে মেতে উঠেছেন। তাদের মতে, পচেত্তিনো কোনো রাজনৈতিক চাপ বা জটিলতা ছাড়া কেবল জয়ের নেশায় দলকে খেলাচ্ছেন, যা মার্কিন ফুটবলে নতুন যুগের সূচনা করেছে।

পচেত্তিনোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান চুক্তির মেয়াদ এই বিশ্বকাপ পর্যন্তই। তিনি ইউরোপের বড় কোনো ক্লাবে ফিরে যাবেন বলে শোনা যাচ্ছিল। তবে সাম্প্রতিক পারফরম্যান্স এবং সমর্থকদের ভালোবাসা হয়তো তার সেই সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারে। পচেত্তিনো নিজেও ইদানীং তার উত্তরসূরি হওয়ার চেয়ে এই দলের সাথে দীর্ঘমেয়াদী উত্তরাধিকার গড়ে তোলার কথা বলছেন। তিনি মনে করেন, জয় গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে জরুরি হলো জাতীয় দলের সাথে সমর্থকদের এই শক্তিশালী সংযোগ রক্ষা করা। এখন দেখার বিষয়, এই বিশ্বকাপ শেষে পচেত্তিনো যুক্তরাষ্ট্রে থেকে যান কি না, তবে আপাতত মার্কিন ফুটবল প্রেমীদের চোখে একটাই স্বপ্ন, বিশ্বকাপ ট্রফি জয়ের পথে তাদের দল এখন সত্যিই অপ্রতিরোধ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%