০৬:১৩ পি.এম
ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণে আইনি জটিলতায় পড়েছেন বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনন্ত মহাদেবনের সিনেমা ‘ফুলের সেন্সর ছাড়পত্র নিয়ে বিতর্কের প্রতিবাদ জানাতে গিয়ে তিনি ব্রাহ্মণ সম্প্রদায়কে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন। এই ঘটনায় পরিচালকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। তবে আদালতের একাধিক সমন পাওয়ার পরও হাজির না হওয়ায় ভারতের সুরাট আদালত এবার তার বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে।
‘ফুলে’ সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। ট্রেলারে ব্রাহ্মণ সম্প্রদায়কে খাটো করে দেখানোর অভিযোগ তুলে প্রতিবাদ জানায় ব্রাহ্মণ সমাজ। এর ফলে সিনেমাটির কিছু দৃশ্যে সেন্সর বোর্ডের আপত্তি ও কাটছাঁটের সিদ্ধান্ত আসে। অনন্ত মহাদেবনের চলচ্চিত্রের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন অনুরাগ।
এক নেটিজেনের পাল্টা আক্রমণের জবাবে তিনি লেখেন, "ব্রাহ্মণদের উপরে আমি মূত্রত্যাগ করি… সমস্যা আছে?" পরিচালকের এই মন্তব্য ঘিরে মুহূর্তেই তীব্র সমালোচনা শুরু হয় এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
আরও পড়ুন: বিয়ের গুঞ্জনের মধ্যেই ১৫ বছরের সঙ্গী বুল্টির প্রতি আবেগঘন মিমি
অনুরাগের মন্তব্যের পর বিশ্ব হিন্দু পরিষদের নেতা কমলেশ রাভাল তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। সুরাটের আদালতে ভারতীয় ন্যায়সংহিতার ১৯৬ ধারা (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো), ৩৫২ ধারা (শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান) এবং ৩৫৩(২) ধারায় (মিথ্যা তথ্য প্রচার) মামলা দায়ের করা হয়।
অভিযোগকারীর দাবি, একজন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতার এমন মন্তব্য বিভিন্ন সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর মধ্যে শত্রুতা ও ঘৃণা ছড়িয়ে দিতে পারে, যা সুস্থ সমাজের জন্য ক্ষতিকর। মামলার পর আদালতে হাজিরার জন্য অনুরাগকে একাধিকবার সমন পাঠানো হয়। এমনকি সংবাদপত্রেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু এরপরও আদালতে হাজির হননি পরিচালক।
এই পরিস্থিতিতে সুরাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জে ভি চৌহান অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। মামলাটির পরবর্তী শুনানির দিন আগামী ২৪ ডিসেম্বর ধার্য করা হয়েছে।
এটি উল্লেখ্য যে, বিতর্কিত মন্তব্যের কারণে এর আগে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন অনুরাগ কাশ্যপ। তবে সেই ক্ষমা প্রার্থনার পরও তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: বিশ্বজুড়ে ১২ কোটি দর্শককে আকৃষ্ট করছে 'নোবডি ওয়ান্টস দিস' প্রেমের সিরিজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন