০৭:০৯ পি.এম
ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬ : আইনী পরামর্শ, মামলা সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে গত দশ মাসে দেশ-বিদেশ থেকে সুপ্রিম কোর্টের হেল্পলাইনে ৮০৫৪টি কল এসেছে।
সুপ্রিম কোর্টের হেল্পলাইন মনিটরিং সেলের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্ট হেল্পলাইনে আইনী পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিলের জন্য ৮০৫৪টি কল এসেছে। অক্টোবর মাসে কলের সংখ্যা ছিল ৭২৬টি। এর মধ্যে আইনী পরামর্শের জন্য ১৪৪টি এবং মামলার তথ্য জানার জন্য ১৫৪টি কল ছিল। সেবাগ্রহীতাদের সব তথ্য তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়।
অন্যদিকে, রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতির কাছে অক্টোবর মাসে ৩১টি কল এসেছে। তবে, এসব অভিযোগ সুপ্রিম কোর্টের এখতিয়ার বহির্ভূত হওয়ায় এ বিষয়ে হেল্পলাইন থেকে কোনো পরামর্শ প্রদান করা হয়নি।
আরও পড়ুন: বিশিষ্ট সমাজসেবক রণদা প্রসাদ সাহার জন্মদিন আজ
হেল্পলাইন মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, গত মাসে হেল্পলাইন নম্বর ১০৩-এ সেবা গ্রহণের জন্য কল প্রদানকারী সেবাগ্রহীতাদের মধ্যে ৩৮৫টি কলের কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি। এছাড়া, সুপ্রিম কোর্ট ও জেলা আদালত সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি ও অসদাচরণ সম্পর্কিত ১২টি অভিযোগের মধ্যে বিলম্বে আইনী সেবা প্রাপ্তি, রায়ের কপি না পাওয়া, নথি নিখোঁজ, ও দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত ৭টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট ৫টি অভিযোগের বিষয়ে ইতোমধ্যে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশক্রমে ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার উদ্বোধন করা হয়।
বর্তমানে সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর ‘০১৩১৬-১৫৪২১৬’ ও ‘০১৭৯৫-৩৭৩৬৮০’ তে কল ও হোয়াটসঅ্যাপ সার্ভিস এবং ‘১০৩’ এ অনলাইন সার্ভিস চালু রয়েছে।
আরও পড়ুন: আজ জাতীয় রেল দিবস, ১৬৪ বছরে পদার্পণ করলো বাংলাদেশের রেলপথ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন