ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

এইচএসসির ফরম পূরণের অর্থ আত্মসাতের অভিযোগে কম্পিউটার অপারেটর গ্রেপ্তার


এইচএসসির ফরম পূরণের অর্থ আত্মসাতের অভিযোগে কম্পিউটার অপারেটর গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে সাব্বির হোসেন শাওন (২৮) নামে এক কম্পিউটার অপারেটরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) সকালে শিবগঞ্জ পৌর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাব্বির হোসেন শাওন উপজেলা মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত কম্পিউটার অপারেটর।

আরও পড়ুন: দুই ব্যক্তিকে আটকের ঘটনা জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো দামকুড়া থানার এসআই আসরাফুল

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের আশ্বাস দিয়ে কলেজের ছয় পরীক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ৪ হাজার ৫০০ টাকা করে মোট ২৭ হাজার টাকা নেন সাব্বির।

পরে শিক্ষার্থীরা যখন কলেজে প্রবেশপত্র সংগ্রহ করতে যান তখন তারা জানতে পারেন, তাদের ফরম পূরণই করা হয়নি। ফলে, তাদের নামে কোনো প্রবেশপত্রও ইস্যু করা হয়নি।

টাকা দেওয়ার পরও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ না পেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রতারণার অভিযোগ করেন। এ অভিযোগ ওঠার পর প্রশাসনের উদ্যোগে ছয় শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির হোসেন শাওন শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নিয়ে আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে ০৭ নারী গ্রেপ্তার, ০৬ জনের বাড়ী নাসিরনগরের ধরমন্ডলে,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
এনপিআর/পিবিএস নিউজ/ম্যারিস্ট-এর জরিপ

যুক্তরাষ্ট্রে গণতন্ত্র নিয়ে শঙ্কা, ভবিষ্যৎ ঘিরে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


যুক্তরাষ্ট্রে গণতন্ত্র নিয়ে শঙ্কা, ভবিষ্যৎ ঘিরে উদ্বেগ

স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর উদযাপন চলাকালে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে যে উদ্বেগজনক চিত্র প্রকাশ পেয়েছে তা সকলের নজর কেড়েছে। নতুন একটি জরিপের মাধ্যমে দেখা গেছে, অধিকাংশ আমেরিকান মনে করছেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান বর্তমানে সংকটে রয়েছে। সমীক্ষার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার আদর্শ থেকে সরে এসেছে এবং রাজনৈতিক বিভাজন এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে, অনেকে এ বিষয়ে সহিংসতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনপিআর ও পিবিএস নিউজ-এর যৌথ অর্থায়নে শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ম্যারিস্ট কলেজের ‘ম্যারিস্ট ইনস্টিটিউট ফর পাবলিক ওপেনিয়ন’ এই জরিপটি পরিচালনা করেছে। গত ৮ থেকে ১১ জুনের মধ্যে অনুষ্ঠিত এই জরিপে দেখা গেছে, অংশগ্রহণ করা প্রতি ১০ জনের ৮ জন, অর্থাৎ ৮২ শতাংশ অংশগ্রহণকারী মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠান বর্তমানে মারাত্মক হুমকির সম্মুখীন। আগের ফেব্রুয়ারিতে পরিচালিত একই ধরনের জরিপে এই সংখ্যা ছিল ৭৮ শতাংশ। সে সময়ে ১৭ শতাংশ উত্তরদাতা মনে করেছিলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান কোনো হুমকির মুখে নেই।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৩২ শতাংশ উত্তরদাতা। ২২ শতাংশ বলেছেন তারা চরম হতাশ এবং ২৩ শতাংশ জানিয়েছেন তারা আশাবাদী। যুক্তরাষ্ট্রের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গর্ববোধ করেন ২২ শতাংশ আমেরিকান।

জরিপে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৫ শতাংশ ডেমোক্র্যাট এবং ৬২ শতাংশ স্বতন্ত্র (ইন্ডিপেনডেন্ট) ভোটার মনে করেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের কোনো স্পষ্ট আভাস তারা দেখতে পাচ্ছেন না। তবে রিপাবলিকানদের ৫৫ শতাংশ এ ধরনের উদ্বেগকে গুরুত্ব দেননি।

এদিকে রিপাবলিকানদের ৯৩ শতাংশ বর্তমান যুক্তরাষ্ট্র নিয়ে গর্ববোধ করার কথা জানিয়েছেন। ডেমোক্র্যাটদের ক্ষেত্রে এই হার ৪৫ শতাংশ।

জরিপে অংশ নেওয়া ৮৩ শতাংশের মতে, যুক্তরাষ্ট্র তার প্রতিষ্ঠাকালীন আদর্শ ও নীতি-নৈতিকতা থেকে সরে এসেছে। বিপরীতে মাত্র ১৬ শতাংশ মনে করেন, দেশটি এখনও প্রতিষ্ঠাকালীন মূল্যবোধ থেকে বিচ্যুত হয়নি। এ মতামত দেওয়ার মধ্যে ১৩ শতাংশ ডেমোক্র্যাট এবং ২০ শতাংশ রিপাবলিকান।

সর্বাধিক উদ্বেগজনক তথ্য হলো, জরিপে অংশ নেওয়া ৩৭ শতাংশ মনে করেন, যুক্তরাষ্ট্রকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে সহিংসতার প্রয়োজন হতে পারে। মাত্র ১২ শতাংশ বলেছেন, এমন পরিস্থিতির কোনো প্রয়োজন হবে না।

গত অক্টোবরে পরিচালিত আরেক জরিপে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে সহিংসতার প্রয়োজন হতে পারে বলে মত দিয়েছিলেন ১১ শতাংশ উত্তরদাতা। ওই সময়ে ১৯ শতাংশ এ ধরনের ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুহুরী নদীতে নিখোঁজের এক দিন পর যুবকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


মুহুরী নদীতে নিখোঁজের এক দিন পর যুবকের মরদেহ উদ্ধার

 

ফেনীর পরশুরামে নানাবাড়িতে বেড়াতে এসে মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক মো. সাকিবের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে নিখোঁজের একদিন পর ফুলগাজী উপজেলার মধ্যম শ্রী চন্দ্রপুর গ্রাম সংলগ্ন মুহুরী নদীর ভাটি অঞ্চল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত যুবক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার অলিপুর গ্রামের আলী মিয়ার সন্তান। তার পরিবার দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করছে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সাকিব গত শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা জঙ্গলঘোনা গ্রামে নানি বেগম নেছার বাড়িতে বেড়াতে আসেন। তিনি কিছুটা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং সাঁতার জানতেন না।

শনিবার দুপুর ১টার দিকে স্থানীয় বাসিন্দা মায়া আক্তারসহ দুই নারীর সঙ্গে বাড়ির পাশে মুহুরী নদীতে গোসল করতে নামেন তিনি। কিন্তু নদীতে নেমে ডুব দেওয়ার পর আর ওঠেননি। তাঁর ডুবে যাওয়ার বিষয়টি দেখেই সঙ্গে থাকা নারীরা আতঙ্কিত হয়ে গ্রামের লোকদের জানান।

ঘটনার পরই স্থানীয় লোকজন পরশুরাম মডেল থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরশুরাম ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধারকাজ শুরু করে। তবে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় প্রাথমিক তল্লাশির মাধ্যমে তার সন্ধান মেলেনি।

পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলের খবর দেওয়া হয়। শনিবার সন্ধ্যার পর চট্টগ্রামের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও সাকিবের কোনো খোঁজ পায়নি। বিলম্বের কারণে রাতে উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।

অবশেষে রবিবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে দুর্ঘটনাস্থল থেকে নদীর ভাটির দিকে ফুলগাজী উপজেলার মধ্যম শ্রী চন্দ্রপুর এলাকায় একটি মরদেহ ভেসে থাকতে দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে ফুলগাজী ও পরশুরাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে সাকিবের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

ফেনীর ফুলগাজী থানার ওসি মিজানুর রহমান বলেন, 'আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের আসরে পাশে ছিলেন আমিরের তিন সন্তান ও গৌরীর পুত্র

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


বিয়ের আসরে পাশে ছিলেন আমিরের তিন সন্তান ও গৌরীর পুত্র

সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃতীয় বিয়ে সম্পন্ন করেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। রোববার দুপুরে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে ঘরোয়া পরিবেশে আইনি বিয়ে সম্পন্ন হয় আমির এবং গৌরীর।

আমিরের তৃতীয় বিয়েতে ছিল না কোন তারকাখচিত আয়োজন কিংবা বিলাসী উৎসবের ঝলক। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বাবার জীবনের এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তানও।

এছাড়া দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতি লক্ষ্য করা গেল। আমিরের পাশে ছিল তার সন্তানরা এবং গৌরীর পাশে উপস্থিত ছিল তার একমাত্র পুত্র। এভাবেই আইনি বিয়ে করে ফেললেন আমির খান এবং গৌরী স্প্র্যাট। সেই ছবিগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে, যার ফলে শুভেচ্ছার বানভাসি শুরু হয়।

আমিরের দুই সন্তান এদিন উজ্জ্বল গোলাপি রঙের পোশাকে ঝলমল করছিলেন। আমির ও কিরণ রাওয়ের সন্তান আজাদ গোলাপি পাঞ্জাবি পরেছিল। গৌরীর সাত বছরের পুত্রের পরনে ছিল গোলাপি টি শার্ট। আর সাদা শেরওয়ানিতে সজ্জিত ছিলেন আমির। গৌরীর পোশাকটিতে ছিল সোনালি সিক্যুইনের কাজ। তার সঙ্গে মিলিয়ে ছিমছাম গহনা ব্যবহার করেছিলেন তিনি।

আমির এবং গৌরীর পরিচয় নতুন নয়। প্রায় ২৫ বছর আগে প্রথম দেখা হয়েছিল তাদের। সময়ের ব্যবধানে তারা হারিয়ে গিয়েছিলেন যোগাযোগ। ২০২৪ সালে আমিরের বোন নুজহাত খান মাধ্যমে বেঙ্গালুরুতে আবার দেখা হয় তাদের। সেই প্রাচীন পরিচয়ই পরে গভীর ভালোবাসায় রূপান্তরিত হয়।

প্রেমের শুরুর দিনগুলোতে তাদের সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা ছিল দূরত্ব। গৌরী ছিলেন বেঙ্গালুরুতে, আর আমির মুম্বাইয়ে। প্রায় এক বছর দীর্ঘ দূরত্বের সম্পর্কের পর গৌরী, আমিরের কাছে চলে আসেন মুম্বাইয়ে, সঙ্গে ছিলো আগের সংসারের সন্তান। এরপর থেকেই তারা একসঙ্গে নতুন জীবনের পথচলা শুরু করেন, যা শেষ পর্যন্ত বিয়ের বন্ধনে গিয়ে পৌঁছায়।

আমিরের প্রথম স্ত্রী ছিলেন রীনা দত্ত। ১৯৮৬ সালে বিয়ে হলে তাদের সংসারে জন্মগ্রহণ করে দুই সন্তান- জুনায়েদ খান ও ইরা খান। যদিও তারা ২০০২ সালে বিচ্ছেদের পথে হাঁটেন, তবে সন্তানদের লালন-পালনে এখনও সু-সম্পর্ক থেকে গেছে সাবেক এই দম্পতির মধ্যে।

রীনার সঙ্গে বিচ্ছেদের পর, ২০০৪ সালে আমির পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে জড়ান। এক বছর পর, ২০০৫ সালে তারা বিয়ে করেন। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় ছেলে আজাদের। কিন্তু সেই সংসারও টেকেনি। ২০২১ সালে তারা বিচ্ছেদের পথে হাঁটেন। বিচ্ছেদের পরও, দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করা হয়েছে।

এখন দুই অধ্যায়ের পর, আমির খান জীবনের তৃতীয় ইনিংস শুরু করেছেন। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে ভালোবাসা, আর ভালোবাসা থেকে বিয়ে। গৌরীকে সঙ্গী করে এবার নতুন পথচলা শুরু করতে যাচ্ছেন বলিউডের এই তারকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, রেড এলার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, রেড এলার্ট জারি

টানা ভারী বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই সহ আশপাশের এলাকা। রবিবার ভোর পর্যন্ত সেখানে প্রবল বর্ষণ হয়। যদিও সকাল নাগাদ বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসে, তবে ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় রেড এলার্ট জারি করেছে।

আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে বৃহন্মুম্বাই পৌর করপোরেশন (বিএমসি) নগরবাসীকে আহ্বান জানিয়েছে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে করপোরেশনের হেল্পলাইন ১৯১৬-এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

বিএমসির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় ২০০ মিলিমিটার থেকে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ৩০০ মিলিমিটারও ছাড়িয়েছে।

সবচেয়ে বেশি ৩১০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ভিখরোলি পশ্চিমের বিল্ডিং প্রপোজাল অফিস এলাকায়। এছাড়া কোলাবা পাম্পিং স্টেশনে ৩০৬ দশমিক ৬ মিলিমিটার এবং ভিখরোলির ঠাকুর নগর মিউনিসিপ্যাল স্কুল এলাকায় ৩০১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মালাবার হিল, কোলাবা, মান্দাভি, মেমনওয়াড়া, ভিখরোলি ফায়ার স্টেশন, পাওয়াই, ভান্ডুপ, আন্দেরি, চাকালা, জোগেশ্বরী এবং গোরেগাঁওয়ের আরে কলোনিসহ একাধিক এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।

শনিবারের টানা বর্ষণে মুম্বাইয়ের নিচু এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে সড়ক ধসে পড়েছে, গাছ উপড়ে গেছে, বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়ক ও রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

অবিরাম বৃষ্টির প্রভাব পড়েছে পার্শ্ববর্তী থানে, পালঘর, নবি মুম্বাই এবং পুনে অঞ্চলেও। এসব এলাকায় ভূমিধস এবং জলাবদ্ধতার কারণে সড়ক বন্ধ হয়ে গেছে এবং প্লাবিত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

আইএমডি জানিয়েছে, রবিবারও মুম্বাই ও আশপাশের এলাকায় বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। একই সাথে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সমুদ্র উপকূলবর্তী এলাকায় বসবাসকারীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিএমসি থেকে। স্থানীয় সময় রবিবার বিকাল ৩টা ২২ মিনিটে ৪ দশমিক ১৯ মিটার উচ্চতার জোয়ার এবং সোমবার ভোর ৩টা ৪১ মিনিটে ৩ দশমিক ৫১ মিটার উচ্চতার আরেকটি জোয়ারের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে, রবিবার সকালে মেট্রো ও বিএসটি বাস চলাচল স্বাভাবিক থাকলেও, উপনগরীয় ট্রেনগুলি নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ উঠেছে। শনিবার জলমগ্ন রেললাইনের কারণে সেন্ট্রাল এবং ওয়েস্টার্ন রেলওয়ের উপনগরীয় ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। পাশাপাশি প্রযুক্তিগত ত্রুটির কারণে মেট্রোর ২এ লাইনের পরিষেবাও কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়েছিল। সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%