০৯:০০ পি.এম
ফুটবল বিশ্বকাপে খেলার স্বপ্ন প্রতিটি ফুটবলারের হয়ে থাকে। আর যখন সেই স্বপ্ন বাস্তবতার কাছে পৌঁছায়, তখন জীবনের অন্যান্য পরিকল্পনাগুলি অনেক সময় গৌণ হয়ে যায়। নিউজিল্যান্ডের গোলরক্ষক মাইকেল উড এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ২০২৬ ফিফা বিশ্বকাপের দলে ডাক পাওয়ায় নিজের বিয়ের অনুষ্ঠান এক বছর পিছিয়ে দিয়েছেন।
অকল্যান্ড এফসির ২৭ বছর বয়সী এই গোলরক্ষক গত বছর বাগদান করেছেন জানা রেন্টনের সঙ্গে। তাদের বিয়ের তারিখ নির্ধারিত ছিল উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের সময়সূচির মধ্যেই। তবে নিউজিল্যান্ডের কোচ ড্যারেন বাজেলি ঘোষণা করা ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে তৃতীয় গোলরক্ষক হিসেবে জায়গা পাওয়ার পর উড তাদের বিয়ের পরিকল্পনায় পরিবর্তন আনেন।
বিশ্বকাপে মাঠে নামার সুযোগ না পেলেও জাতীয় দলের অংশ হতে পারাটাকেই তিনি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন। সংবাদমাধ্যমকে উড বলেন, “আমার বাগদত্তা খুবই সমর্থন দিয়েছে। বিশ্বকাপের জন্য বিয়ে পিছিয়ে দেওয়া খারাপ কিছু নয়। জীবনে চার বছর পরপর এমন সুযোগ আসে। আমরা আগামী বছর বিয়ে করব।”
আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স
বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার এই পথটি কিন্তু উডের জন্য সহজ ছিল না। মৌসুমের মাঝপথে ফর্মহীনতার কারণে তাকে অকল্যান্ড এফসির মূল একাদশ থেকে বাদ পড়তে হয়েছিল। পরে দলের প্রথম পছন্দের গোলরক্ষক অলিভার সেইল চোটে পড়ার পর উড আরও একটি সুযোগ পান। সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখান।
অকল্যান্ড এফসির ইতিহাসে প্রথম এ-লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উড। মেলবোর্ন সিটির বিরুদ্ধে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ পেনাল্টি ঠেকানো এবং সিডনি এফসির বিপক্ষে গ্র্যান্ড ফাইনালে ক্লিন শিট রেখে দলের সাফল্যে বড় অবদান রেখে তিনি ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন।
দলের তৃতীয় গোলরক্ষক হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে উড বলেন, আমার ভূমিকা পরিষ্কার। অন্য গোলরক্ষকদের সহায়তা করা এবং প্রয়োজন হলে আমার সেরাটা দেওয়া।
আরও পড়ুন: আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন