ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী


জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি এই বিষয়ে উল্লেখ করেছেন, ‘জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষিকে টেকসই, আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু ভিত্তিতে পুনর্গঠনের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।’

আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার তিনি এ কথা বলেছেন।

আরও পড়ুন: শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে তারেক রহমানকে লেখা চিঠি উদ্ধার

তারেক রহমান বলেছেন, ‘বর্তমানে জলবায়ু সংকট সমগ্র মানবজাতির জন্য অন্যতম বড় বৈশ্বিক চ্যালেঞ্জ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, দাবদাহ, অনিয়মিত বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা, খরা এবং জীববৈচিত্র্যের অবক্ষয় বিশ্বজুড়ে পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বৈশ্বিক গ্রিন হাউস গ্যাস নিঃসরণে খুবই সামান্য অবদান রাখলেও ভৌগোলিক অবস্থান, উচ্চ জনঘনত্ব এবং জলবায়ু-সংবেদনশীল অর্থনীতির কারণে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০২৬ অনুযায়ী বাংলাদেশ উচ্চ জলবায়ু ঝুঁকির সম্মুখীন। লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদন হ্রাস, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি এবং প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান তীব্রতা আমাদের উন্নয়ন অগ্রযাত্রার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ইতোমধ্যে জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) ও জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) বাস্তবায়নের মাধ্যমে একটি সমন্বিত ও দূরদর্শী নীতি কাঠামো অনুসরণ করছে। পাশাপাশি উপকূলীয় সুরক্ষা, সামাজিক বনায়ন, দুর্যোগ প্রস্তুতি, জলবায়ুজনিত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসন এবং প্রকৃতি-ভিত্তিক সমাধানকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বর্তমান সরকার পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে তারেক রহমান বলেছেন, ‘এ লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ শুরু হয়েছে।’

আরও পড়ুন: গণমাধ্যমই ফ্যাসিস্ট তৈরিতে সহায়তা করেছে: জামায়াত আমির

কার্বন ক্রেডিট ও বৈশ্বিক কার্বন মার্কেটের সম্ভাবনা কাজে লাগাতেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, সবুজ শিল্পায়ন, পরিবেশবান্ধব নগরায়ণ, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিবহন উন্নয়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার জোরদার করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান অভিঘাত আজ বিশ্ববাসীর জন্য এক কঠিন বাস্তবতা। এই প্রেক্ষাপটে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন বিশেষ তাৎপর্য বহন করছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) ঘোষিত এ বছরের প্রতিপাদ্য ‘ক্লাইমেট অ্যাকশন’ বৈশ্বিক জলবায়ু উদ্যোগকে আরও বেগবান করার আহ্বান জানিয়েছে।

বাণীতে তিনি সমন্বিত উদ্যোগ, পরিবেশ সচেতনতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রেক্ষাপটে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট দ্বিগুণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালো আচরণ প্রদর্শনের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ আইজিপির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


ভালো আচরণ প্রদর্শনের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ আইজিপির

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির নির্দেশ দিয়েছেন, ভালো আচরণ প্রদর্শনের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করতে হবে।

আজ ঢাকার নৌ পুলিশ সদরদপ্তর পরিদর্শনের পর তিনি এই কথা বলেন। যখন আইজিপি নৌ পুলিশ সদরদপ্তরে আসেন, তখন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম তাকে শুভেচ্ছা জানান। পরে, তিনি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

তিনি বলেন, বিগত ঈদুল আযহায় নৌপথে চলাচলরত যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশের সক্রিয় উপস্থিতি ও দায়িত্ব পালনের জন্য ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও, তিনি দেশের নদীপথের সার্বিক নিরাপত্তা, জলজ-সম্পদ রক্ষা, ইলিশ ও অন্যান্য মৎস্য সম্পদ সংরক্ষণ এবং জলদস্যুতা দমনে নৌ পুলিশের ভুমিকা নিয়ে প্রশংসা করেন।

তিনি বলেন, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নৌ পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে এবং জনগণের সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থায়ন) মো. আকরাম হোসেন, এসবি প্রধান অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন সহ অতিরিক্ত ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) আহম্মদ মঈদ এবং নৌ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সুবিধাবঞ্চিত মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য

গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনের ফলে "বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প" এর জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের পর্যালোচনা ও করণীয় শীর্ষক একটি অর্ধ-বার্ষিক সমন্বয় সভা আয়োজন করা হয়েছে। 

এ সভা বৃহস্পতিবার(৪ জুন ২০২৬ইং) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। সভাপতিত্ব করছিলেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. এরশাদ উদ্দিন। এ সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খায়রুল কবীর, উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ, সকল উপজেলা ও চাঁদপুর জেলার ৮৮ টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। 

প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন করেন উক্ত প্রকল্পের জেলা ব্যবস্থাপক মমতাজ বেগম। 

জেলা প্রশাসক বলেন, "গ্রাম আদালত বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, এটি দরিদ্র ও সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ ব্যাপারে সকলকে দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নিতে হবে এবং মামলার দ্রুত নিষ্পত্তি ও যথাযথভাবে নথি তৈরির ও সংরক্ষণের জন্য পরামর্শ প্রদান করেন।" 

স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এরশাদ উদ্দিন বলেন, "গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা যেন দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সাধারণ জনগণের বিচারিক সেবা নিশ্চিত করা হয়। সপ্তাহে একদিন গ্রাম আদালত পরিচালনা করা বাধ্যতামূলক। গ্রামে কিংবা ওয়ার্ডে নয়, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এজলাস ব্যবহারের মাধ্যমে গ্রাম আদালতের মামলা গ্রাম আদালতেই নিষ্পত্তি করতে হবে এবং নথি যথাযথ ফরমে পূরণ করে সংরক্ষণ করতে হবে।" তিনি হিসাব সহকারীদের কম্পিউটারে ডাটাবেজ তৈরির জন্য পরামর্শ দেন এবং নথি সংরক্ষণের জন্য একটি করে স্টীলের আলমিরা সকল ইউনিয়নে দেওয়ার জন্য সকল নির্বাহী অফিসারদের নির্দেশ প্রদান করেন। 

সহকারী পুলিশ সুপার সদর সার্কেল খায়রুল কবীর বলেন, "কোন থানায় এখন থেকে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহণ করবে না।" তিনি অফিস ইনচার্জ সকল চাঁদপুর ও পুলিশ সুপার মহোদয়ের সাথে ইতোমধ্যে আলোচনা করেছেন। উপ-পরিচালক সমাজসেবা নজরুল ইসলাম খান বলেন, "সমাজসেবার পক্ষ থেকে জেলা ও উপজেলা পর্যায় থেকে সকল ধরণের সহযোগিতা অব্যাহত রাখা হবে।" 

উন্মুক্ত আলোচনায় হিসাব সহকারীগণ তাদের নিজ নিজ সমস্যা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। সবশেষে সভার সভাপতি সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং সমাপ্তি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নাসিরনগরে

মাদকের বিরুদ্ধে ও সামাজিক অবক্ষয় রোধে প্রতিবাদ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


মাদকের বিরুদ্ধে ও সামাজিক অবক্ষয় রোধে প্রতিবাদ সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের কালীউতা গ্রামবাসির উদ্যোগে এলাকায় ইয়াবা, মাদক, জুয়া, চুরি, কিশোর অপরাধসহ সকল ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে কালিউতা উলামা পরিষদের আয়োজনে কালীউতা কাশেম বাজারে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন থানার এস আই জামাল আহমেদ, সেন্টু মিয়া, মাওলানা আবদুল হান্নান, হাজ্বী নুরউল মিয়া, হাজ্বী সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক(২) বশির আহমেদ চৌধুরী, পল্লী চিকিৎসক বশির আহমেদ, মোহাম্মদ শামছুল হক, ফিরোজ মিয়া, ফারুক মিয়া, মোহাম্মদ আলমগীর, তৈয়ব আলী মেম্বার, মোহাম্মদ আসকির মিয়া, আবুল কাশেম, কালীউতা উলামা পরিষদের সভাপতি মাওলানা আমীর আহমাদ এবং সেক্রেটারি মাওলানা শরীফ উদ্দীন নূরী।

বক্তারা বলেন, মাদক, জুয়া ও চুরির মতো অপরাধমূলক কর্মকাণ্ড সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই কালীউতাকে আদর্শ গ্রাম গড়ার লক্ষ্যে এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। তারা আরও বলেন- যুব সমাজ যদি সচেতন হয় তাহলে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব। সমাবেশে বক্তারা প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃআসাদুজ্জামান শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন

মাদারীপুরের শিবচরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ব্যাংকটির একদল গ্রাহক।বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শিবচর শাখার সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশগ্রহণ করেন। এ সময় তারা ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের অন্যতম আস্থাশীল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তাদের অভিযোগ, ব্যাংকের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কিছু সিদ্ধান্তের মাধ্যমে খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যা গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি করেছে।বক্তারা আরও বলেন, আমানতকারীদের অর্থের নিরাপত্তা এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা আগামী সাত দিনের মধ্যে চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।কর্মসূচি শেষে আন্দোলনকারীরা ইসলামী ব্যাংক শিবচর শাখার ব্যবস্থাপকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দেশের বিভিন্ন স্থানে ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর হামলার অভিযোগ তুলে তারা এর প্রতিবাদ জানান এবং প্রতীকী কর্মসূচি হিসেবে এক ঘণ্টার কর্মবিরতির আহ্বান করেন।

তবে এ বিষয়ে ইসলামী ব্যাংক শিবচর শাখা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%