০৯:২৫ এম
লিওনেল মেসির বিদায়ের দিনে ক্রিশ্চিয়ানো রোনালদো বিস্ফোরক একটি বিবৃতি প্রদান করেছেন। পর্তুগাল জাতীয় দলের শিবির থেকে বেরিয়ে যাওয়ার পেছনের কারণগুলো প্রকাশ করে কোচ জর্জ জেসাসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন তিনি, যা ‘কথা না রাখার’ অভিযোগ হিসেবে চিহ্নিত হয়েছে। প্রায় দুই হাজার শব্দের দীর্ঘ এই বিবৃতিতে নিজের ভুলের জন্য তিনি ক্ষমাও চেয়েছেন। তবে একই সঙ্গে তার ক্ষোভের কারণও যথেষ্ট গুরুতর বলে উল্লেখ করেছেন রোনালদো।
রোনালদোর অভিযোগ, জাতীয় দলের সাম্প্রতিক আন্তর্জাতিক সূচির বিষয়ে জেসাসের সঙ্গে একটি গোপন পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী, নরওয়ে ও ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচে না খেললেও তিনি পর্তুগালেই থাকার কথা ছিল। অধিনায়ক হিসেবে সতীর্থরা যখন সফরে যাবে, তখন তিনি নিজে দেশে থেকে যাবেন—এমন ভুল বার্তা তৈরি করতে চাননি রোনালদো। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা পরিবর্তন হয় এবং জেসাস তাকে নরওয়ের বিরুদ্ধে অন্তত ৩০ মিনিট মাঠে নামানোর কথা জানান।
এখানেই মূলত সংঘাতের সূত্রপাত ঘটে। রোনাল্ডোর দাবি, ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনি নিয়মমাফিক ওয়ার্ম-আপও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে মাঠে নামানো হয়নি। কোচের কথায় পূর্ণ আস্থা রেখেই তিনি প্রস্তুত হয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। এখান থেকেই কোচের প্রতি তার ‘বিশ্বাসের ভিত নড়ে যায়’ বলে জানান এই ফরোয়ার্ড।
আরও পড়ুন: ডুলির লক্ষ্য, সব ম্যাচে জয় নিশ্চিত করা
এরপর জাতীয় দলের শিবির ছাড়ার কঠোর সিদ্ধান্ত নেন রোনাল্ডো। তবে এই সিদ্ধান্তের সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিয়েছেন তিনি। সতীর্থ ও দেশের কোটি কোটি সমর্থকের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে বলেন, রাগ বা অভিমানের বশে শিবির ছেড়ে চলে যাওয়া তার একদম উচিত হয়নি। এমনকি ফেডারেশন যদি তাকে কোনো শাস্তি দেয়, তিনি তা মাথা পেতে নেবেন। অধিনায়ক হিসেবে তার দায়িত্ব আরও অনেক বেশি ছিল বলেও স্বীকার করেছেন রোনালদো।
সবমিলিয়ে, এই বিস্ফোরক বক্তব্যের সময়টাই পুরো ঘটনাটিকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। একদিকে যেদিন মেসির বিদায়ে আবেগ, স্মৃতি আর অশ্রুতে সিক্ত হয়েছে বিশ্ব ফুটবল, ঠিক সেই দিনেই রোনালদোর এই অবস্থান স্পষ্ট করার বিষয়টি নাটকীয়তা সৃষ্টি করেছে। এক মেগা তারকার বিদায়বেলায় যখন বিষাদের সুর, অন্য মেগা তারকার কণ্ঠে তখন রাগ, অভিমান আর হিসাব-নিকাশের কড়া সুর। বিশ্ব ফুটবলের দুই মহারথীর শেষ অধ্যায় যেন লেখা হচ্ছে দুটি সম্পূর্ণ বিপরীত চিত্রনাট্যে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন