০৫:০৭ পি.এম
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বরের নিকটবর্তী ডিসি অফিসের ক্যান্টিনের টিনের চালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছয় দিনের ব্যবধানে একই স্থানে দ্বিতীয়বার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও হতাহত কেউ হয়নি। তবে আদালতপাড়া এবং ডিসি অফিস এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে ক্যান্টিনের চালে ককটেলটি বিস্ফোরিত হয়। ঘটনার পর জেলা প্রশাসক এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান।
ক্যান্টিনের পাশের চায়ের দোকানদার ইলিয়াস হোসেন জানালেন, এদিন দুপুর ১২টার দিকে এলাকাটি খুবই ব্যস্ত ছিল। হঠাৎ করে ক্যান্টিনের চালে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
আরও পড়ুন: বাকেরগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
সদর থানার ওসি শফিকুল ইসলাম মন্তব্য করেন, ‘ককটেল নয়, পটকা ফোটানো হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্তে পুলিশ মাঠে নেমেছে। দুষ্কৃতকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।’
এর আগে ২৬ নভেম্বর অজ্ঞাত দুর্বৃত্তরা ক্যান্টিনের চালে ককটেল ছুড়েছিল। কিন্তু সেটি বিস্ফোরিত না হয়ে নিচে পড়ে যায়। পরে পুলিশ কালো স্কচটেপে মোড়ানো ক্রিকেট বল আকৃতির ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন