ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগে ডাম্পার জব্দ


উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগে ডাম্পার জব্দ

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগে বনবিভাগ অভিযান পরিচালনা করে একটি ডাম্পার জব্দ করেছে। রোববার (২৯ নভেম্বর) উখিয়া সদর বিটের মধুরছড়া এলাকায় এই অভিযান অনুষ্ঠিত হয়।

বনবিভাগের সূত্রে জানা যায়, মধুরছড়া এনজিও ফোরামের পেছনে পাহাড় কেটে অবৈধভাবে মাটি পরিবহনের সময় বনবিভাগের কর্মকর্তারা অভিযান চালান। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার জব্দ করা হয়। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, উখিয়ার বিভিন্ন এলাকায় পাহাড় কেটে মাটি সরানোর অভিযোগ দীর্ঘদিনের। এতে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও ভূমির স্বাভাবিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। বিশেষ করে পাহাড় কেটে বসতি ও বিভিন্ন স্থাপনা নির্মাণের প্রবণতা পরিবেশগত ঝুঁকি বাড়াচ্ছে।

আরও পড়ুন: ঝুঁকিতে মানব জীবন, ভবন নির্মাণে আইনের তোয়াক্কা নেই

তবে মধুরছড়ায় পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে এবং জব্দ করা ডাম্পারের মালিকানা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে বনবিভাগের পক্ষ থেকে কোনো বিস্তারিত জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিবাদের কোনো অবস্থান তৈরি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


ফ্যাসিবাদের কোনো অবস্থান তৈরি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা মন্তব্য করেছেন যে, বিএনপি আগামীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান গ্রহণ করবে। বিএনপি সরকার গঠন করেছে দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন, নির্যাতন ও নিপীড়নের পর। তারেক রহমানের দৃঢ় নেতৃত্বের ফলস্বরূপ বিএনপি আজকের অবস্থানে পৌঁছেছে। সরকার দেশের ও জনগণের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি উল্লেখ করেন, "গুপ্ত বলেন আর ফ্যাসিস্ট বলেন, কেউ এসে দেশকে অস্থিতিশীল করবে কিংবা দেশের মানুষের ক্ষতি করবে, তা মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষও তা মেনে নেবে না।" তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এ বিষয়ে সচেতন রয়েছে। দেশের মধ্যে ফ্যাসিবাদের কোনো অবস্থান তৈরি হতে দেওয়া হবে না।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকায় একটি রাস্তার উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাস্তার উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে খাদ্যমন্ত্রী বলেন, রাস্তার কাজ নির্ধারিত নিয়ম ও মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। তিনি জানান, যারা ভালো কাজ করবেন, তাঁদের পুরস্কৃত করা হবে। আর যারা নিম্নমানের কাজ করবেন, তাঁদের লাইসেন্স বাতিল করা হবে। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম ও গাফিলতি বরদাশত করা হবে না।

রাস্তার উন্নয়নকাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, সদর উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলাম, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কার্বন নিঃসরণ কমাতে তরুণদের ভূমিকা নিয়ে বসুন্ধরা শুভসংঘের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


কার্বন নিঃসরণ কমাতে তরুণদের ভূমিকা নিয়ে বসুন্ধরা শুভসংঘের মতবিনিময়

পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা এবং টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণ প্রজন্মকে সচেতন করার উদ্দেশ্যে ‘কার্বন নিঃসরণ কমাতে তরুণদের ভূমিকা : পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার প্রত্যয়’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভাটি শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসুন্ধরা শুভসংঘ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কায়সারুজ্জামান সামি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হোসাইন সাইফ। সভার শুরুতে বর্তমান বিশ্বের জলবায়ু সংকট ও বায়ুমণ্ডলে অতিরিক্ত কার্বন নিঃসরণের ভয়াবহতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা তুলে ধরা হয়। এর পর উপস্থিত সদস্যরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

আলোচনায় বৈশ্বিক উষ্ণায়ন রোধ, দৈনন্দিন জীবনে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে আনা, একবার ব্যবহারযোগ্য (ওয়ান-টাইম) প্লাস্টিক বর্জন, জ্বালানি ও বিদ্যুতের অপচয় রোধ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ক্যাম্পাস এবং এর পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা, বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে পরিবেশবিষয়ক সচেতনতামূলক প্রচারণা চালানোর বিষয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ জেনী, অর্থ সম্পাদক মো. নাফিজ আহম্মেদ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আওয়াল হাসনাত সন্ধি এবং ইয়ুথ জেনারেশন জুলকার নাইনসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে কায়সারুজ্জামান সামি বলেন, “বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত কার্বন নিঃসরণ মানবজাতির জন্য এক বড় হুমকি। এই সংকট মোকাবেলায় তরুণ সমাজকেই সবার আগে এগিয়ে আসতে হবে। আমাদের ছোট ছোট পরিবেশবান্ধব অভ্যাস ও সচেতনতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে পারে।”

সাধারণ সম্পাদক মাহমুদুল হোসাইন সাইফ বলেন, “শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা ক্যাম্পাসে প্লাস্টিকের ব্যবহার কমানো এবং সবুজায়ন বৃদ্ধিতে নিয়মিত সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করব।”

যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদ জেনী তাঁর বক্তব্যে বলেন, “তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব প্রযুক্তি ও জীবনযাত্রার প্রসার ঘটাতে হবে। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার এই সামাজিক দায়বদ্ধতা ছড়িয়ে দিতে চাই।”

সভায় শেষ পর্যায়ে আগামী দিনগুলোতে ক্যাম্পাসে পরিবেশবান্ধব বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা, সেমিনার ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা শেষে উপস্থিত সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে কার্বন নিঃসরণ কমাতে সচেষ্ট থাকার পাশাপাশি ক্যাম্পাস ও বৃহত্তর সমাজে পরিবেশ রক্ষার ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক বন্ধুত্বে উদ্বিগ্ন ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক বন্ধুত্বে উদ্বিগ্ন ভারত

চীন, পাকিস্তান ও তুরস্কের সামরিক বন্ধুত্বের কারণে ভারত বর্তমানে বড় দুশ্চিন্তায় রয়েছে। সম্প্রতি পাকিস্তানের মহাকাশ সক্ষমতার ক্রমবর্ধমান উন্নয়ন নিয়ে চীন ও তুরস্কের সহায়তার বিষয়টি তুলে ধরে ভারতকে দ্রুত নিজেদের মহাকাশভিত্তিক সামরিক সম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এন এস রাজা সুব্রামানি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে ‘ভবিষ্যতের যুদ্ধ এবং বহুমুখী অভিযান পরিচালনায় ভারতের প্রস্তুতি’ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

জেনারেল সুব্রামানি বলেন, ইসলামাবাদের মহাকাশ কর্মসূচি বেইজিংয়ের সহায়তায় ক্রমাগত এগিয়ে চলেছে এবং পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা ‘সুপারকো’ তাদের নিজস্ব সক্ষমতা বাড়ানোর জন্য কাজ করছে। তিনি আরও বলেন, ‘চীনের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা উন্নত হচ্ছে। সুপারকোও নিজস্ব সক্ষমতা বিকাশের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে তুরস্কের কাছ থেকেও তাদের সহায়তা পাওয়ার বিষয়টি যৌক্তিকভাবে প্রত্যাশা করা যায়।’

সিডিএস উল্লেখ করেন, বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’ চলাকালে এবং পরবর্তী সময়ে পাকিস্তান, চীন ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা ভারতের নিরাপত্তা মূল্যায়নে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। জেনারেল সুব্রামানি জানান, গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও পর্যবেক্ষণ (আইএসআর) এবং পজিশনিং, নেভিগেশন ও টাইমিং ব্যবস্থায় চীনের উন্নত প্রযুক্তিতে পাকিস্তান প্রবেশাধিকার পেতে পারে; যা দেশটির অভিযানিক সচেতনতা ও যুদ্ধক্ষেত্রের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।

তিনি বলেন, ‘আইএসআর, পজিশনিং, নেভিগেশন ও টাইমিংয়ের মতো ক্ষেত্রে চীনের কাছে থাকা যেকোনো সক্ষমতা পাকিস্তান কাজে লাগাতে পারে। ভারতের কৌশলগত পরিকল্পনায় বিষয়টি অবশ্যই বিবেচনায় নিতে হবে।’ এর প্রতিক্রিয়ায় নয়াদিল্লিকে নিজেদের নজরদারি ও মহাকাশভিত্তিক সম্পদ আরও শক্তিশালী করার পরামর্শ দেন তিনি।

উদীয়মান এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সামরিক মহাকাশ কাঠামো জোরদার করার একটি বড় পদক্ষেপ হিসেবে ‘স্পেস বেজড সার্ভিল্যান্স (এসবিএস) ফেজ-৩’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন সিডিএস। এই উচ্চাভিলাষী উদ্যোগের আওতায় আগামী তিন বছরে ৫২টি বিশেষায়িত সামরিক স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) মোতায়েনের পরিকল্পনা করেছে ভারত।

২০২৪ সালের অক্টোবরে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি অনুমোদিত এই প্রকল্পটি ডিফেন্স স্পেস এজেন্সি এবং হেডকোয়ার্টার্স ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে। ২৬ হাজার ৯৬৮ কোটি রুপি ব্যয়ের এই কর্মসূচির আওতায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ২১টি স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ করবে এবং বাকি ৩১টি স্যাটেলাইট তৈরির দায়িত্বে থাকবে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো, যা জাতীয় নিরাপত্তা প্রকল্পে বেসরকারি শিল্পের ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন ঘটায়।

এছাড়া চীনের মহাকাশ সক্ষমতার দ্রুত সম্প্রসারণের দিকে ইঙ্গিত করে জেনারেল সুব্রামানি বলেন, বেইজিং এমন অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করেছে যা স্যাটেলাইটকে অকার্যকর করতে বা লক্ষ্যবস্তু বানাতে সক্ষম। স্যাটেলাইট যোগাযোগ ও নেভিগেশন নেটওয়ার্কে বিঘ্ন ঘটাতে পারে এমন অ্যান্টি-স্যাটেলাইট ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম চীনের কাছে রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়।

এই প্রেক্ষাপটে সিডিএস জেনারেল সুব্রামানি বলেন, আধুনিক যুদ্ধের পরিবর্তনশীল প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে প্রস্তুত থাকতে ভারতকে অবশ্যই উন্নত মহাকাশ, নজরদারি ও প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখতে হবে; কারণ বর্তমান সময়ে স্থল, জল ও আকাশপথের শ্রেষ্ঠত্বের মতোই মহাকাশে আধিপত্য বিস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের মধ্যে বিরল রক্তনালী রোগ পলিআর্টেরাইটিস নোডোসা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


শিশুদের মধ্যে বিরল রক্তনালী রোগ পলিআর্টেরাইটিস নোডোসা

পলিআর্টেরাইটিস নোডোসা একটি বিরল রক্তনালি প্রদাহজনিত রোগ, যা সঠিকভাবে শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা করা অত্যন্ত জরুরি। এই রোগের কারণে গুরুতর জটিলতা সৃষ্টি হতে পারে, যা শিশুর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। রক্তনালিতে প্রদাহের ফলে রক্তনালির দেয়াল ক্ষতিগ্রস্ত হয় এবং রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। এর ফলে সংশ্লিষ্ট অঙ্গগুলিতে রক্ত সরবরাহ এবং পুষ্টি ব্যাহত হয়। শরীরের প্রতিটি অঙ্গ যেমন ব্রেইন, কিডনি, ফুসফুস, খাদ্যনালী সঠিকভাবে কাজ করার জন্য রক্ত চলাচলের ওপর নির্ভরশীল। শিশুদের মধ্যে এই রোগ সাধারণত রক্তনালি বা ধমনীতে প্রদাহ সৃষ্টি করে, ফলে শরীরের বিভিন্ন অঙ্গ আক্রান্ত হতে পারে। তবে মনে রাখতে হবে যে সব শিশুদের একই ধরনের উপসর্গ দেখা যায় না।

কারণ

রোগের সঠিক কারণ জানা যায়নি, তবে রোগ প্রতিরোধ ব্যবস্থাপনায় অস্বাভাবিক আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ একটি সম্ভাব্য কারণ হতে পারে, যদিও শিশুদের সব PAN রোগের ক্ষেত্রে এমন প্রমাণ পাওয়া যায় না। এটি সাধারণত ছোঁয়াচে রোগ নয়। একইভাবে, এটি কোনো অবহেলা বা খাবারের কারণে হতে পারে এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই।

লক্ষণ সমূহ

শিশুদের PAN রোগের লক্ষণ অস্পষ্টভাবে শুরু হয়। তাই গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে সজাগ থাকতে হবে।

১. দীর্ঘস্থায়ী জ্বর ও শারীরিক দুর্বলতা

২. ত্বকের পরিবর্তন- ত্বকে জালের মতো বেগুনি বা লালচে দাগ, গুটি, ঘা অথবা হাত-পায়ের আঙুলে রক্ত সরবরাহ কমে গিয়ে কালো রঙের ক্ষত সৃষ্টি করে, এমনকি হাত অথবা পায়ের আঙুলগুলো খসে পড়ে যেতে পারে।

৩. মাংসপেশি এবং গিরায় ব্যথা-

৪. পেট ব্যথা-

৫. কিডনি ও উচ্চ রক্তচাপ- প্রস্রাবে প্রোটিন এবং রক্ত দেখা যায়, আবার কখনও কিডনির কার্যক্ষমতা ব্যাহত হতে পারে।

৬. স্নায়ু তন্ত্রের আক্রান্ত হলে দুর্বলতা, অবশ ভাব এবং পায়ের পাতা তুলতে অসুবিধা হয়।

এখানে উল্লেখযোগ্য যে একটি উপসর্গ থাকলে এই রোগ শনাক্ত করা সম্ভব নয়, তবে যদি দীর্ঘস্থায়ী জ্বরের সাথে ত্বকের পরিবর্তন, মাংসপেশি বা গিঁটের আক্রান্ত হওয়া, পেট ব্যথা এবং উচ্চ রক্তচাপ একসাথে থাকে, তবে রক্তনালির রোগ পলিআর্টেরাইটিসের কথা বিবেচনা করা প্রয়োজন। PAN নিয়ন্ত্রণের জন্য রোগের বিস্তারিত ইতিহাস, শারীরিক পরীক্ষা-নিরীক্ষা এবং ল্যাবরেটরী পরীক্ষার সমন্বয় জরুরি। রক্তের পূর্ণমান পরীক্ষা, প্রদাহ সূচক যেমন ESR, CRP এর সাথে কিডনি এবং লিভার কার্যকারিতার পরীক্ষা করা হয়। প্রয়োজনে ত্বকের কোনো স্থান থেকে বায়োপ্সি এবং ইমেজিং পরীক্ষা যেমন এনজিওগ্রাফি করে রক্তনালির প্রদাহ সম্পর্কে ধারণা পাওয়া যায়।

এছাড়াও স্নায়ু, ত্বক, কিডনি বা রোগ উপসর্গ অনুযায়ী অতিরিক্ত পরীক্ষা লাগতে পারে। যথাসময়ে রোগী সনাক্ত করা এবং চিকিৎসা শুরু করলে এই রোগের প্রদাহ নিয়ন্ত্রণ করা সম্ভব এবং অঙ্গ জটিলতা কমানো যেতে পারে। রোগের তীব্রতা এবং কোন অঙ্গ আক্রান্ত হয়েছে তা উপরে এর চিকিৎসা নির্ভর করে। নিয়মিত ফলোআপ, রক্তচাপ পর্যবেক্ষণ, রক্ত ও প্রস্রাব পরীক্ষা এবং ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণ চিকিৎসার অপরিহার্য অংশ। পলিআর্টেরাইটিস নোডোসা একটি বিরল রোগ, কিন্তু এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্বকের অস্বাভাবিক দাগ, দীর্ঘস্থায়ী জ্বর, তীব্র পেটব্যথা ও উচ্চ রক্তচাপ সবসময় গুরুত্বের সাথে মূল্যায়ন করতে হবে। সময়মতো সঠিক চিকিৎসা প্রদান করে গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি প্রতিরোধ করা এবং সচেতনতাই শিশুর সুস্থ ভবিষ্যত গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

লেখক : অধ্যাপক, শিশু বিভাগ

চেম্বার: আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, মিরপুর-৬

হটলাইনঃ ১০৬৭২, ০৯৬১০১০০৯৯৯

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%