০৫:১৭ পি.এম
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা মন্তব্য করেছেন যে, বিএনপি আগামীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান গ্রহণ করবে। বিএনপি সরকার গঠন করেছে দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন, নির্যাতন ও নিপীড়নের পর। তারেক রহমানের দৃঢ় নেতৃত্বের ফলস্বরূপ বিএনপি আজকের অবস্থানে পৌঁছেছে। সরকার দেশের ও জনগণের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি উল্লেখ করেন, "গুপ্ত বলেন আর ফ্যাসিস্ট বলেন, কেউ এসে দেশকে অস্থিতিশীল করবে কিংবা দেশের মানুষের ক্ষতি করবে, তা মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষও তা মেনে নেবে না।" তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এ বিষয়ে সচেতন রয়েছে। দেশের মধ্যে ফ্যাসিবাদের কোনো অবস্থান তৈরি হতে দেওয়া হবে না।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকায় একটি রাস্তার উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: প্যারালিগ্যাল সেবা ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে: আইনমন্ত্রী
রাস্তার উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে খাদ্যমন্ত্রী বলেন, রাস্তার কাজ নির্ধারিত নিয়ম ও মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। তিনি জানান, যারা ভালো কাজ করবেন, তাঁদের পুরস্কৃত করা হবে। আর যারা নিম্নমানের কাজ করবেন, তাঁদের লাইসেন্স বাতিল করা হবে। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম ও গাফিলতি বরদাশত করা হবে না।
রাস্তার উন্নয়নকাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, সদর উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলাম, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন