টঙ্গী প্রতিনিধি মোঃ ফারুক হোসেন
০৪:৫৯ পি.এম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে গাজীপুরের টঙ্গীতে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় টঙ্গীর স্টেশন রোডের কামারপাড়া মোড়ে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা এবং মহানগর তারেক জিয়া পরিষদের সদস্য সচিব বীর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের সিনিয়র সহসভাপতি রনি দেওয়ান, ৫৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ৫৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক শেখ মানিক, পূর্ব থানা যুবদল নেতা হুমায়ুন কবির, ফারুক মৃধা, মনির সিকদার, সানি, মাহরুফ, মফিজ উদ্দিন, হাবিব, নাজমুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, জনগণের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা কিংবা নাশকতা বরদাশত করা হবে না। রাজনৈতিক কর্মসূচির নামে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তাঁরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন।
তাঁরা আরও বলেন, টঙ্গী একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাই যেকোনো উসকানি ও বিশৃঙ্খলা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে জননিরাপত্তা ও এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি জোট ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরের বেসামরিক লোকজনকে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তাদের মতে, নিরাপত্তার স্বার্থে এই সরে যাওয়া অত্যন্ত জরুরি।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি সামাজিকমাধ্যমে একটি মানচিত্রসহ পোস্ট করে উল্লেখ করেছেন, ‘নিরাপত্তার স্বার্থে জোটের জয়েন্ট ফোর্সেস কমান্ড বেসামরিক নাগরিকদের মানচিত্রে প্রদর্শিত রাস ইসা বন্দর এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে।’
শনিবার, জোট বাহিনী একটি সামরিক অভিযান পরিচালনা করে। এই অভিযানের উদ্দেশ্য ছিল হুথি বাহিনীর দ্বারা ব্যবহৃত সকল স্থাপনা ধ্বংস করা, যা তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাতে এবং লোহিত সাগরে নৌ-চলাচলের জন্য হুমকি সৃষ্টি করতে ব্যবহার করত।
আল-মালকি আরও জানান, হুথিদের হামলা দক্ষিণ লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাব আল-মান্দেব প্রণালিটি একটি কৌশলগত নৌ-পথ, যা লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করে।
তিনি উল্লেখ করেন, যদি হুথিরা ভবিষ্যতে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলা চালায়, তবে জোট তাৎক্ষণিকভাবে জবাব দেবে। মালিকি আরও বলেন, তাদের এই সামরিক অভিযানগুলো আন্তর্জাতিক মানবিক আইন এবং প্রচলিত আন্তর্জাতিক আইন অনুসরণ করেই পরিচালিত হয়েছে।
সূত্র: আরব নিউজ
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পুরুষদের বয়স বৃদ্ধির সঙ্গে প্রোস্টেট গ্রন্থিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। প্রস্রাবের সমস্যা, রাতে বারবার বাথরুমে যাওয়া অথবা প্রস্রাবের ধারা দুর্বল হয়ে আসা—এসব লক্ষণ অনেকেই বয়সের স্বাভাবিক পরিবর্তন হিসেবে এড়িয়ে যান। তবে কিছু ক্ষেত্রে এগুলো প্রোস্টেট ক্যানসারের সতর্কসংকেত হতে পারে।
প্রোস্টেট হল পুরুষের মূত্রথলির নিচে অবস্থিত একটি ছোট গ্রন্থি, যা বীর্যের তরল অংশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত প্রোস্টেট ক্যানসার ধীরে ধীরে বৃদ্ধি পায়। কিন্তু প্রাথমিক পর্যায়ে অনেকের মধ্যে কোনো লক্ষণ দেখা যায় না। সুতরাং লক্ষণ সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যে ৪টি লক্ষণ অবহেলা করবেন না-
১. প্রস্রাবের অভ্যাসে পরিবর্তন: রাতে বারবার প্রস্রাবের তাগিদ অনুভব করা, প্রস্রাব শুরু করতে অসুবিধা হওয়া, প্রস্রাবের ধারা দুর্বল হয়ে যাওয়া অথবা প্রস্রাবের পর মূত্রথলি পুরোপুরি খালি হয়নি বলে মনে হওয়া—এসব লক্ষণ প্রোস্টেটের সমস্যার ইঙ্গিত দিতে পারে।
২. প্রস্রাব বা বীর্যে রক্ত: প্রস্রাবের সঙ্গে রক্ত বের হওয়া কিংবা বীর্যে রক্তের উপস্থিতি কখনও কখনও প্রোস্টেট ক্যানসারের লক্ষণ হতে পারে। তবে সংক্রমণসহ অন্যান্য কারণে এমনটি ঘটতে পারে। তাই রক্ত দেখা গেলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত।
৩. প্রস্রাব বা বীর্যপাতের সময় ব্যথা: প্রস্রাবের সময় জ্বালাপোড়া, ব্যথা অথবা বীর্যপাতের সময় অস্বস্তি অনুভব হলে সতর্ক হওয়া প্রয়োজন। এসব লক্ষণ প্রোস্টেটের প্রদাহ বা অন্য কোনো সমস্যার কারণে হতে পারে।
৪. কোমর, নিতম্ব বা পেলভিসে দীর্ঘস্থায়ী ব্যথা: কোমর, নিতম্ব, শ্রোণি অঞ্চল বা হাড়ে দীর্ঘদিন ধরে ব্যথা অনুভব হলে, বিশেষ করে যদি অকারণে ওজন কমে যায় বা অতিরিক্ত ক্লান্তি অনুভূত হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। উন্নত পর্যায়ের প্রোস্টেট ক্যানসার হাড়ে ছড়িয়ে পড়লে এমন ব্যথা হতে পারে।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো লক্ষণই থাকে না। তাই শুধুমাত্র লক্ষণ দেখে ক্যানসার শনাক্ত করা সম্ভব নয়।
- প্রস্রাবের অভ্যাসে নতুন পরিবর্তন দেখা দিলে ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত।
- চিকিৎসক প্রয়োজন মনে করলে PSA রক্ত পরীক্ষা, প্রোস্টেট পরীক্ষা অথবা অন্যান্য কিছু পরীক্ষা করতে পারেন।
- প্রস্রাবের সমস্যা মানেই ক্যানসার নয়। বয়সজনিত কারণে প্রোস্টেট বড় হয়ে যাওয়া বা সংক্রমণেও একই ধরনের লক্ষণ দেখা দিতে পারে।
- একেবারেই প্রস্রাব করতে না পারলে দ্রুত জরুরি চিকিৎসা নেওয়া উচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের রাজনীতি যেন ভূ-রাজনৈতিক সীমাবদ্ধতার এক শ্বাসরুদ্ধকর জালে আটকা পড়ে ধুঁকছে। সমুদ্রপথের অবরোধ, অবরুদ্ধ শহর এবং পুড়ে যাওয়া কৃষিজমি—এই অঞ্চলের একটি বড় অংশ কেবল রাজনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে না, বরং তারা এক কাঠামোগত শ্বাসরুদ্ধকর পরিস্থিতির শিকার হয়ে পড়েছে।
হরমুজ প্রণালীর সংকীর্ণতার মতো—যেখানে ভৌগোলিক সীমাবদ্ধতা স্থানীয় কোনো সংঘাতকে বৈশ্বিক সংকটে রূপান্তরিত করতে পারে—ঠিক তেমনি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক অনিশ্চয়তা রাষ্ট্রগুলোকে এক শাসনতান্ত্রিক অচলাবস্থায় আটকে ফেলেছে। এই অবস্থায় গণতান্ত্রিক পুনরুদ্ধারের পথগুলো রুদ্ধ হয়ে যাচ্ছে।
অবিরাম রক্তপাতে ক্ষতবিক্ষত এই ভূখণ্ডে, ইউরোপ-আমেরিকার গৎবাঁধা ও পরিশীলিত বয়ানের মাধ্যমে ‘গণতন্ত্রীকরণ’-এর কথা বলাটা যেন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার চেয়ে বরং মনোযোগ সরানোর এক কৃত্রিম কৌশল বলেই মনে হয়। অথচ, চরম সহিংসতা ও সুপরিকল্পিতভাবে কণ্ঠরোধ করার এই ভয়াবহ সন্ধিক্ষণে ‘গণতন্ত্রীকরণের ধারণাকে নতুন রূপ দেওয়া’ সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়ে।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে প্রকৃত গণতান্ত্রিক পুনর্জাগরণ ঘটাতে হলে বাইরের দেশ থেকে আমদানিকৃত ছকগুলো ভেঙে বেরিয়ে আসতে হবে এবং এই অঞ্চলের নিজস্ব বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য ও সমঝোতার দেশীয় কৌশলগুলোকে পুনরুদ্ধার করতে হবে।
ঔপনিবেশিক উত্তরাধিকার ও পশ্চিমাদের দ্বিচারিতা
এই অঞ্চলে গণতান্ত্রিক পুনর্জাগরণ ঘটাতে হলে বুঝতে হবে কেন গণতন্ত্রে উত্তরণের চিরাচরিত মডেলগুলো ব্যর্থ হয়েছে এবং সাম্রাজ্যবাদের যে ভূত এখনো টিকে আছে, তার মুখোমুখি হতে হবে।
যে অঞ্চলে দীর্ঘস্থায়ী বাহ্যিক নির্ভরশীলতা এবং তীব্র গণতান্ত্রিক ঘাটতি রয়েছে, সেখানে নব্য-উদারবাদী প্রেসক্রিপশন প্রয়োগ করে কোনো কার্যকর বা স্বতঃস্ফূর্ত সংস্কার আনা সম্ভব হয়নি।
বরং এটি ক্ষমতার অসম কাঠামোকে আরো শক্তিশালী করেছে, যার মাধ্যমে পশ্চিমা আর্থিক, রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো এই অঞ্চলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও শাসন বজায় রেখেছে।
এক ধরনের বিচ্ছিন্ন ও ‘সর্বজ্ঞ’ অবস্থান থেকে আধিপত্যবাদী তাত্ত্বিকরা এই অঞ্চলটিকে একটি ‘খালি পাতা’ হিসেবে গণ্য করেছেন। তারা এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ও আইনি ঐতিহ্যকে কেবল ‘স্থানীয় সংস্কৃতি’ বলে তুচ্ছ করেছেন, যা কি না পশ্চিমা বিশেষজ্ঞদের দ্বারাই কেবল ব্যাখ্যা করা সম্ভব! মূলধারার আন্তর্জাতিক কাঠামোতে আরব সমাজগুলোকে সহজাতভাবেই ‘অস্বাভাবিক’ বা ‘রোগাক্রান্ত’ হিসেবে চিত্রিত করা হয়েছে এবং তথাকথিত ‘সভ্য করার মিশন’ কে নতুন মোড়কে ‘গণতন্ত্র প্রসার’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
আজ, সবার জন্য একই ধরনের সমাধান চাপিয়ে দেওয়ার সেই মডেলগুলো চরম দ্বিমুখী আচরণের মুখে ভেঙে পড়েছে। পশ্চিমা শক্তিগুলোর নেওয়া একটি সিদ্ধান্তের মধ্যেই এটি সবচেয়ে স্পষ্ট: তারা গণতন্ত্র প্রসারের ভানটুকুও বিসর্জন দিয়ে অভিবাসন নিয়ন্ত্রণের মতো কঠোর নিরাপত্তা লক্ষ্যকে প্রাধান্য দিচ্ছে; এমনকি তারা এমন সব শাসকগোষ্ঠীকে অর্থায়ন করছে, যারা কার্যত তাদের হয়ে সীমান্তরক্ষীর ভূমিকা পালন করছে।
পশ্চিমা বিশ্ব কেবল বিদেশের মাটিতে নিজেদের গণতান্ত্রিক মূল্যবোধের বয়ান থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে না, বরং তারা খোদ নিজেদের দেশেই গণতন্ত্রের সংকটে ভুগছে। সুইডেনের গোথেনবার্গে অবস্থিত ‘ভ্যারাইটিস অব ডেমোক্রেসি’ (ভি-ডেম) ইনস্টিটিউটের ধারাবাহিক প্রতিবেদনগুলোতে গণতন্ত্রের ক্রমাগত অবক্ষয়ের চিত্র উঠে এসেছে। বর্তমানে বিশ্বের ৭৪ শতাংশ মানুষ স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে বসবাস করছে, যা বৈশ্বিক গণতন্ত্রের মানদণ্ডকে ১৯৭৮ সালের পর্যায়ে ফিরিয়ে নিয়ে গেছে। এই প্রক্রিয়াটি বড় বড় গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে।
সংকটের বহুমুখী চাপ
বিশ্বজুড়ে গণতন্ত্রের এই পশ্চাদপসরণের প্রেক্ষাপটে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলটি সামরিক, অর্থনৈতিক ও পরিবেশগত সংকটের এমন এক জটিল জালে আটকা পড়েছে, যা সেখানকার গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, লেবানন ও সিরিয়ায় সংঘাত, ইয়েমেনের অবরোধ এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ পুরো অঞ্চলের পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। পাশাপাশি বেকারত্ব, দারিদ্র্য, অর্থনৈতিক বৈষম্য ও পানির সংকট সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করছে।
আরব দেশগুলোতে তরুণদের বেকারত্বের হার প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ। অন্যদিকে, পানির তীব্র সংকটের ঝুঁকিতে রয়েছে অঞ্চলের ৮০ শতাংশের বেশি মানুষ। এসব সংকটের সুযোগ নিয়ে আঞ্চলিক শক্তি, সশস্ত্র গোষ্ঠী ও বহিরাগত পক্ষগুলো নিজেদের প্রভাব বিস্তার করছে। ফলে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচলিত নির্বাচনী সংস্কারভিত্তিক উদ্যোগ বাস্তব সংকট মোকাবিলায় যথেষ্ট হচ্ছে না।
গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায়
ভি-ডেমের ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিশ্বের সবচেয়ে স্বৈরতান্ত্রিক অঞ্চল। এ অঞ্চলের ৯০ শতাংশের বেশি মানুষ রুদ্ধদ্বার বা নির্বাচনি স্বৈরতান্ত্রিক ব্যবস্থার অধীনে রয়েছে।
তবে সংকট সত্ত্বেও গণতন্ত্রের প্রতি মানুষের আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়নি। আরব ব্যারোমিটারের জরিপ বলছে, আরব দেশগুলোর অধিকাংশ মানুষ এখনো অন্য যেকোনো শাসনব্যবস্থার চেয়ে গণতন্ত্রকে বেশি পছন্দ করেন।
স্থানীয় উদ্যোগেই পরিবর্তনের সম্ভাবনা
মধ্যপ্রাচ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে পশ্চিমা মডেল অনুকরণের পরিবর্তে স্থানীয় ইতিহাস, সংস্কৃতি ও রাজনৈতিক ঐতিহ্যের ওপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে সমবায়, নারীদের নেতৃত্বাধীন ক্ষুদ্রঋণ ও পারস্পরিক সহযোগিতা তহবিল, শ্রমিক সংগঠন, পাড়া-মহল্লাভিত্তিক উদ্যোগ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে পরিচালিত পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পাশাপাশি শক্তিশালী রাজনৈতিক দল, বহুদলীয় সংসদ, স্বাধীন গণমাধ্যম এবং বিভিন্ন মতাদর্শের বিরোধী পক্ষগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা প্রয়োজন। স্থানীয় নির্বাচন ও নাগরিক সংগঠনের মাধ্যমে ধীরে ধীরে জবাবদিহি ও জনগণের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো সম্ভব।
সবশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সহজ নয়। তবে এর ভবিষ্যৎ নির্ভর করছে বাইরের শক্তির হস্তক্ষেপ কিংবা আমদানি করা রাজনৈতিক ছকের ওপর নয়; বরং স্থানীয় জনগণের ঐক্য, আত্মনিয়ন্ত্রণ, পারস্পরিক সংহতি এবং মর্যাদার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ওপর। যুদ্ধ ও দমন-পীড়নের মধ্যেও গণতন্ত্রের আকাঙ্ক্ষা টিকে আছে—আর সেখানেই এ অঞ্চলের আশার জায়গা।
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মধ্যেবাজার হুমায়ুন কবির সিটি কমপ্লেক্সের তৃতীয় তালার নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পাশের টিনশেড
সানাউল্লাহ মার্কেটের ইজি শো-রুমের ডেকোরেশনসহ বিভিন্ন মালমাল ক্ষতিগ্রস্থ হয়। এতে ১০/১২ লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ হওয়ার অভিযোগ উঠেছে।
(আজ রবিবার) অভিযোগ সূত্রে ও সরজমিনে দেখা যায়, হুমায়ুন কবির সিটি কমপ্লেক্সের তৃতীয় তালা ভবনের নির্মাণের কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায়। নির্মাণ শ্রমিকদের কাজে সময় হঠাৎ একটি দেয়াল ধসে পড়ে পাশের সানাউল্লাহ সুপার মার্কেটের ইজি শো-রুমে। সময়ের শো রুমের চাল ভেঙ্গে ১০/১২ লক্ষ টাকার ক্ষতি হয় বলে অভিযোগ সূত্রে জানা যায়।
ইজি শো-রুমের সেলসম্যান শামীম ও মোকারেম বলেন, আমাদের শো রুমের পাশের মার্কেটে একটা ভবন নির্মাণের কাজ হচ্ছে তারা কোনো নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে কাজ করে কি ভাবে? আজ অল্পের জন্যে আমরা বেঁচে গেছি। কিন্তু আমাদের শো রুমের অনেক ক্ষতি হয়েছে।
সানাউল্লাহ সুপার মার্কেটের ইজি শো-রুমের মালিক সারোয়ার হোসেন বলেন, হঠাৎ সকাল বেলা পাশের মার্কেটের দেয়ার আমার শো রুমের চালে ধসে পড়ে আমার প্রায় ১০/১২ লক্ষ টাকা হয়। আমি এখন নিঃস্ব হয়ে পড়েছি। এরকম অবহেলার কারণে আজ অনেক ক্ষতি হয়ে গেলো।আমি সরকারের কাছে এটার সঠিক বিচার চাই এবং মার্কেট কতৃপক্ষের ক্ষতিপূরণ দাবী করছি।
ক্ষতিগ্রস্থ সানাউল্লাহ মার্কেটের মালিক মোঃ জুয়েল মন্ডল বলেন, আমার মার্কেটের পাশে হুমায়ুন কবির সিটি কমপ্লেক্সের তিনতলা ভবনের একটি দেয়াল ধসে পড়ে এ ঘটনা ঘটে। এতে ইজি শো-রুমের একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
এসময় হুমায়ুন কবির সিটি কমপ্লেক্সের মালিক হুমায়ুন কবির দেশের বাহিরে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মোঃ মুনসুর আহাম্মদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ