ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ


রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক খোলা কাগজ-এর প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী মোঃ আহসান হাবিব।

শনিবার (৪ জুলাই) দুপুরে রুয়েট উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে প্রকৌশলী মো. আহসান হাবিব তাঁর রুয়েটে অধ্যয়নকালীন বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম, শিক্ষা ও গবেষণার অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক প্রকৌশলী মোঃ আহসান হাবিবের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

আরও পড়ুন: সন্দ্বীপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত

এ সময় রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার এবং প্রধান প্রকৌশলী মোঃ শাহাদৎ হোসেন উপস্থিত ছিলেন।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমবায়ের আইন বিগত সরকারের গলাটিপে হত্যা করা হয়েছে: ডিএসসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


সমবায়ের আইন বিগত সরকারের গলাটিপে হত্যা করা হয়েছে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, সমবায় শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার নয়, বরং এটি সামাজিক ন্যায়বিচার, গ্রামীণ অর্থনীতি, নারীর ক্ষমতায়ন এবং পারস্পরিক সংহতির জরুরি প্রতীক। কিন্তু বিগত সরকার সমবায় আন্দোলনকে গলা টিপে হত্যা করেছে।

এমন মন্তব্য তিনি শনিবার ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে সমবায় অধিদপ্তরের আলোচনা সভায় করেন। আব্দুস সালাম উল্লেখ করেছেন, সমবায় আন্দোলনের দীর্ঘ ইতিহাসে গ্রামীণ জনগণের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কৃষি, মৎস্য, দুগ্ধ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি ও সহযোগিতা গড়ে তুলতে সমবায় যথেষ্ট অবদান রেখে এসেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে সমবায়ের ইতিহাস শত বছরেরও বেশি হলেও এটি যতটা এগিয়ে যাওয়ার কথা ছিল, ততটা বিশেষত এগোতে পারেনি। এর প্রধান কারণ হলো, সমবায়ের তিন অংশীজন- সমিতির সদস্য, সরকার এবং সমবায় অধিদপ্তরের মধ্যে সমন্বয় ও আন্তরিকতার অভাব।

আব্দুস সালাম জানান, ২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সমবায় আইন কার্যকর ছিল, সেটি ২০১৪ সালে বিগত সরকার পরিবর্তন করে সমবায় ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। সেই আইন পরিবর্তনের ফলেই আজ সমবায় আন্দোলন মুখ থুবড়ে পড়েছে। তাই তিনি স্বৈরাচারী আমলে প্রণীত আইন পরিবর্তন করে জনমুখী সমবায় আইন প্রণয়নের দাবি জানান।

তিনি বলেন, সমবায়ীদের মূল দাবি হলো, অডিট ফি ও সমবায় উন্নয়ন তহবিল বাবদ ১৩ শতাংশ পরিশোধের পাশাপাশি বিগত সরকারের আরোপ করা অতিরিক্ত ২০ শতাংশ আয়কর বাতিল করা। তার মতে, এই অতিরিক্ত করের কারণে সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সমবায় খাতের উন্নয়নে তিনি চারটি জরুরি পদক্ষেপ উল্লেখ করেন। তিনি বলেন, সমবায় সমিতিগুলোর জন্য স্বল্প সুদে ঋণ ও বিশেষ প্রণোদনা প্রদান করা উচিত। আধুনিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রযুক্তি এবং বাজারজাতকরণ বিষয়ে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। সরকারি ও বেসরকারি পর্যায়ে সমবায় পণ্যের বাজারসুবিধা নিশ্চিত করা এবং সমবায় অধিদপ্তরকে নবীন সমিতিগুলোকে দমন না করে ধাপে ধাপে উন্নয়নের সুযোগ দেওয়ার কথাও বলেন।

তিনি জানান, সমবায় দেশের অর্থনীতির দ্বিতীয় প্রধান খাত, যেখানে রাষ্ট্রীয় অর্থায়ন ছাড়া সাধারণ মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তনের সুযোগ পায়। বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর নেতৃত্বে আগামী পাঁচ বছরের মধ্যে সমবায় খাতে আমূল পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে ২৬০ লিটার চোলাই মদ তৈরির উপাদানসহ আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


গোমস্তাপুরে ২৬০ লিটার চোলাই মদ তৈরির উপাদানসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ২৬০ (দুইশত ষাট) লিটার চোলাই মদ তৈরির উপাদান 'ওয়াশ'সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা পুলিশ রহনপুর পৌরসভার রহমতপাড়া (হলপাড়া) এলাকায় এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামির নাম শ্রী সুনিল (৪১)। সে রহমতপাড়া এলাকার মৃত কালিপদ-এর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোমস্তাপুর থানা পুলিশের একটি চৌকস দল রহমতপাড়ায় অভিযান চালায়। এ সময় চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপাদানসহ সুনিলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, এই ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ৪০ দিন পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শান্তি আলোচনা হয়েছিল।

যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি সমঝোতার লক্ষ্যে উচ্চ-স্তরের এই আলোচনা চলাকালে সেখানে অবস্থানরত ইরানের শীর্ষ দুই নেতাকে হত্যার ছক এঁকেছিল ইসরায়েল।

এ নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেরও উদ্বেগ ছিল।

কারণ এ ধরনের হামলা বাস্তবায়ন হলে যুদ্ধবিরতির আলোচনা ভেঙে আবারও তীব্র যুদ্ধ শুরু হতে পারে।

মার্কিন বার্তা সংস্থা দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিলে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শেষে ইরানে ফেরার পথে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফকে হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে।

তখন এ ধরনের হামলার তীব্র আশঙ্কা করেছিলেন মার্কিন কর্মকর্তারাও।

তারা নিউইয়র্ক টাইমসকে বললেন, ‘ইরানি নেতাদের হত্যার যেকোনো চেষ্টা আলোচনার ইতি টানবে এবং আবারও সংঘাত শুরু করবে।’

এ কারণে যুক্তরাষ্ট্র আঞ্চলিক কয়েকটি দেশের মাধ্যমে ইরানকে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করার উদ্যোগ নেয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গালিবাফ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ইসলামাবাদ সফরে গেলে তার বহরকে যুদ্ধবিমান দিয়ে নিরাপত্তা দেয় পাকিস্তান।

কারণ, আশঙ্কা ছিল ইসরায়েল ওই প্রতিনিধিদলের ওপর হামলার চেষ্টা করতে পারে।

ইরানি কর্মকর্তাদের বরাতে নিউইয়র্ক টাইমস বলছে, ইসলামাবাদ থেকে ফেরার পথে গালিবাফকে বহনকারী বিমানের ক্রুরা গোয়েন্দা তথ্য পান যে ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে।

তারই অংশ হিসেবে ইরাক সীমান্তসংলগ্ন পশ্চিম দিক দিয়ে দুটি ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করেছে।

এরপর বিমানটি জরুরি ভিত্তিতে মাশহাদে অবতরণ করে।

সেখান থেকে গালিবাফসহ প্রতিনিধিদলের সদস্যরা প্রায় আট ঘণ্টা সড়কপথে তেহরানে পৌঁছান।

গালিবাফের জ্যেষ্ঠ উপদেষ্টা মাহদি মোহাম্মাদি, যিনি ওই সফরে প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন, সামাজিক মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইরানি আইন প্রণেতা মোহসেন জাঙ্গানেহ এপ্রিলে স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘গালিবাফ, আরাগচি এবং আলোচক দলের অন্য সদস্যরা গুরুতর নিরাপত্তা ঝুঁকি জেনেও আলোচনায় অংশ নিয়েছেন।

এটি রাজনৈতিক কৌশল নয়, প্রকৃত আত্মত্যাগ।’

এদিকে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের পথে এগোলেও ইসরায়েল সম্ভাব্য সমঝোতাকে যথেষ্ট মনে করেনি।

এর কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, তাদের লক্ষ্য ছিল ইরানে শাসন পরিবর্তন, তেহরানের আঞ্চলিক মিত্রদের দুর্বল করা এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।

তবে এসব অভিযোগের বিষয় নিয়ে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের এক মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

আর যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বরাত দিয়ে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন শান্তি প্রক্রিয়া এগিয়ে যাক এবং সে কারণেই আলোচনা অব্যাহত ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতের দ্বারস্থ প্রীতি জিনতা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


আদালতের দ্বারস্থ প্রীতি জিনতা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ডিপফেক কনটেন্টের অপব্যবহারের অভিযোগে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী ও আইপিএল ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক প্রীতি জিনতা। তিনি অভিযোগ এনেছেন যে, তাঁর ছবি, পরিচয় ও ব্যক্তিত্ব অনুমতি ছাড়াই ব্যবহার করে বিভ্রান্তিকর ও বাণিজ্যিক কনটেন্ট তৈরি করা হচ্ছে।

মামলায় গুগল এলএলসি, মেটা প্ল্যাটফর্মস, কয়েকটি ডোমেন নেম রেজিস্ট্রার, কিছু চিহ্নিত ব্যক্তি এবং অজ্ঞাতপরিচয়ের (জন ডো) অভিযুক্তদের বিবাদী করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে একই ধরনের কনটেন্ট তৈরি বা ছড়িয়ে দেওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।

আদালতে জমা দেওয়া আবেদনে অভিযোগ করা হয়েছে যে, অভিনেত্রীর সম্মতি ছাড়াই তাঁর মুখাবয়ব এবং পরিচয় ব্যবহার করে এআই-নির্ভর ডিপফেক ভিডিও, মরফড ছবি এবং ভুয়া চ্যাটবট-ধাঁচের কনটেন্ট তৈরি করা হয়েছে। এসব কনটেন্ট ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।

প্রীতি জিনতার আইনজীবী জানিয়েছেন যে, আধুনিক এআই প্রযুক্তির কারণে ডিপফেক কনটেন্ট এতটাই বাস্তবসম্মত হয়ে উঠেছে যে সাধারণ ব্যবহারকারীদের জন্য আসল ও ভুয়া কনটেন্টের পার্থক্য করা কঠিন হয়ে পড়ছে। এটি কারণে আপত্তিকর কনটেন্ট দ্রুত অপসারণের পাশাপাশি ভবিষ্যতে এমন অপব্যবহার ঠেকাতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

মামলায় আরও বলা হয়েছে যে, প্রীতি জিনতার পরিচয় ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন, প্রচারণামূলক উপকরণ এবং বিভিন্ন বাণিজ্যিক কনটেন্ট তৈরি করা হচ্ছে, যা তাঁর ব্যক্তিত্বের অধিকার, গোপনীয়তা এবং নৈতিক অধিকারের লঙ্ঘন। এ ছাড়া, তাঁর নাম ব্যবহার করে পরিচালিত কিছু ওয়েবসাইটের সঙ্গে অভিনেত্রীর কোনো সম্পৃক্ততা নেই বলেও উল্লেখ করা হয়েছে।

শুনানিতে গুগল ও মেটার পক্ষের আইনজীবীরা আদালতকে জানান যে, নির্দিষ্ট ইউআরএল (URL) চিহ্নিত করে দেওয়া হলে সংশ্লিষ্ট ডিপফেক বা আপত্তিকর কনটেন্ট সরিয়ে দিতে তাদের আপত্তি নেই। তবে প্রতিটি কনটেন্ট নিয়মিত পর্যবেক্ষণের বাধ্যবাধকতায় পড়তে না হয় এ জন্য এমন কোনো বিস্তৃত নির্দেশনা না দেওয়ার অনুরোধ জানান তারা।

তাদের দাবি, মামলায় উল্লেখ করা কয়েকটি লিংকে আপত্তিকর কোনো উপাদান নেই। অন্যদিকে, মামলার একটি ডোমেন নেম রেজিস্ট্রার আদালতকে জানিয়েছে, তারা শুধু ডোমেন নিবন্ধনের দায়িত্ব পালন করে। কোনো ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নিয়ন্ত্রণ বা অপসারণের ক্ষমতা তাদের নেই।

মামলার শুনানিতে বিচারপতি মাধব জামদার বলেছেন, আদালতের নির্দেশ এমন হওয়া উচিত যাতে শুধুমাত্র বেআইনি ও আপত্তিকর কনটেন্ট সরানো হয়, অথচ বৈধ ও তথ্যভিত্তিক কনটেন্ট অযথা ক্ষতিগ্রস্ত না হয়। তিনি সব পক্ষকে আলোচনার মাধ্যমে দ্রুত আপত্তিকর কনটেন্ট শনাক্ত ও অপসারণের একটি কার্যকর পদ্ধতি তৈরির নির্দেশ দিয়েছেন।

এর আগে ডিজিটাল মাধ্যমে পরিচয় ও ব্যক্তিত্বের অপব্যবহারের অভিযোগে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউডের আরও কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন কার্তিক আরিয়ান, শত্রুঘ্ন সিনহা, শিল্পা শেঠি, অক্ষয় কুমার, সুনীল শেঠি, আশা ভোঁসলে এবং অরিজিৎ সিং।

উল্লেখ্য, গত ১৬ জুন বিচারপতি অভয় আহুজা প্রীতি জিনতাকে এ মামলা করার অনুমতি দেন। যদিও ৩ জুলাইয়ের শুনানিতে আদালত কোনো অন্তর্বর্তীকালীন (এক্স-পার্টে) নির্দেশ দেননি। আগামী ৬ জুলাই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%