ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

গোমস্তাপুরে ২৬০ লিটার চোলাই মদ তৈরির উপাদানসহ আটক ১


গোমস্তাপুরে ২৬০ লিটার চোলাই মদ তৈরির উপাদানসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ২৬০ (দুইশত ষাট) লিটার চোলাই মদ তৈরির উপাদান 'ওয়াশ'সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা পুলিশ রহনপুর পৌরসভার রহমতপাড়া (হলপাড়া) এলাকায় এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামির নাম শ্রী সুনিল (৪১)। সে রহমতপাড়া এলাকার মৃত কালিপদ-এর ছেলে।

আরও পড়ুন: নেছারাবাদের সমুদয়কাঠী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মনিরের

পুলিশ সূত্রে জানা গেছে, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোমস্তাপুর থানা পুলিশের একটি চৌকস দল রহমতপাড়ায় অভিযান চালায়। এ সময় চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপাদানসহ সুনিলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, এই ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ৪০ দিন পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শান্তি আলোচনা হয়েছিল।

যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি সমঝোতার লক্ষ্যে উচ্চ-স্তরের এই আলোচনা চলাকালে সেখানে অবস্থানরত ইরানের শীর্ষ দুই নেতাকে হত্যার ছক এঁকেছিল ইসরায়েল।

এ নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেরও উদ্বেগ ছিল।

কারণ এ ধরনের হামলা বাস্তবায়ন হলে যুদ্ধবিরতির আলোচনা ভেঙে আবারও তীব্র যুদ্ধ শুরু হতে পারে।

মার্কিন বার্তা সংস্থা দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিলে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শেষে ইরানে ফেরার পথে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফকে হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে।

তখন এ ধরনের হামলার তীব্র আশঙ্কা করেছিলেন মার্কিন কর্মকর্তারাও।

তারা নিউইয়র্ক টাইমসকে বললেন, ‘ইরানি নেতাদের হত্যার যেকোনো চেষ্টা আলোচনার ইতি টানবে এবং আবারও সংঘাত শুরু করবে।’

এ কারণে যুক্তরাষ্ট্র আঞ্চলিক কয়েকটি দেশের মাধ্যমে ইরানকে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করার উদ্যোগ নেয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গালিবাফ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ইসলামাবাদ সফরে গেলে তার বহরকে যুদ্ধবিমান দিয়ে নিরাপত্তা দেয় পাকিস্তান।

কারণ, আশঙ্কা ছিল ইসরায়েল ওই প্রতিনিধিদলের ওপর হামলার চেষ্টা করতে পারে।

ইরানি কর্মকর্তাদের বরাতে নিউইয়র্ক টাইমস বলছে, ইসলামাবাদ থেকে ফেরার পথে গালিবাফকে বহনকারী বিমানের ক্রুরা গোয়েন্দা তথ্য পান যে ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে।

তারই অংশ হিসেবে ইরাক সীমান্তসংলগ্ন পশ্চিম দিক দিয়ে দুটি ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করেছে।

এরপর বিমানটি জরুরি ভিত্তিতে মাশহাদে অবতরণ করে।

সেখান থেকে গালিবাফসহ প্রতিনিধিদলের সদস্যরা প্রায় আট ঘণ্টা সড়কপথে তেহরানে পৌঁছান।

গালিবাফের জ্যেষ্ঠ উপদেষ্টা মাহদি মোহাম্মাদি, যিনি ওই সফরে প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন, সামাজিক মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইরানি আইন প্রণেতা মোহসেন জাঙ্গানেহ এপ্রিলে স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘গালিবাফ, আরাগচি এবং আলোচক দলের অন্য সদস্যরা গুরুতর নিরাপত্তা ঝুঁকি জেনেও আলোচনায় অংশ নিয়েছেন।

এটি রাজনৈতিক কৌশল নয়, প্রকৃত আত্মত্যাগ।’

এদিকে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের পথে এগোলেও ইসরায়েল সম্ভাব্য সমঝোতাকে যথেষ্ট মনে করেনি।

এর কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, তাদের লক্ষ্য ছিল ইরানে শাসন পরিবর্তন, তেহরানের আঞ্চলিক মিত্রদের দুর্বল করা এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।

তবে এসব অভিযোগের বিষয় নিয়ে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের এক মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

আর যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বরাত দিয়ে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন শান্তি প্রক্রিয়া এগিয়ে যাক এবং সে কারণেই আলোচনা অব্যাহত ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতের দ্বারস্থ প্রীতি জিনতা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


আদালতের দ্বারস্থ প্রীতি জিনতা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ডিপফেক কনটেন্টের অপব্যবহারের অভিযোগে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী ও আইপিএল ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক প্রীতি জিনতা। তিনি অভিযোগ এনেছেন যে, তাঁর ছবি, পরিচয় ও ব্যক্তিত্ব অনুমতি ছাড়াই ব্যবহার করে বিভ্রান্তিকর ও বাণিজ্যিক কনটেন্ট তৈরি করা হচ্ছে।

মামলায় গুগল এলএলসি, মেটা প্ল্যাটফর্মস, কয়েকটি ডোমেন নেম রেজিস্ট্রার, কিছু চিহ্নিত ব্যক্তি এবং অজ্ঞাতপরিচয়ের (জন ডো) অভিযুক্তদের বিবাদী করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে একই ধরনের কনটেন্ট তৈরি বা ছড়িয়ে দেওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।

আদালতে জমা দেওয়া আবেদনে অভিযোগ করা হয়েছে যে, অভিনেত্রীর সম্মতি ছাড়াই তাঁর মুখাবয়ব এবং পরিচয় ব্যবহার করে এআই-নির্ভর ডিপফেক ভিডিও, মরফড ছবি এবং ভুয়া চ্যাটবট-ধাঁচের কনটেন্ট তৈরি করা হয়েছে। এসব কনটেন্ট ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।

প্রীতি জিনতার আইনজীবী জানিয়েছেন যে, আধুনিক এআই প্রযুক্তির কারণে ডিপফেক কনটেন্ট এতটাই বাস্তবসম্মত হয়ে উঠেছে যে সাধারণ ব্যবহারকারীদের জন্য আসল ও ভুয়া কনটেন্টের পার্থক্য করা কঠিন হয়ে পড়ছে। এটি কারণে আপত্তিকর কনটেন্ট দ্রুত অপসারণের পাশাপাশি ভবিষ্যতে এমন অপব্যবহার ঠেকাতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

মামলায় আরও বলা হয়েছে যে, প্রীতি জিনতার পরিচয় ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন, প্রচারণামূলক উপকরণ এবং বিভিন্ন বাণিজ্যিক কনটেন্ট তৈরি করা হচ্ছে, যা তাঁর ব্যক্তিত্বের অধিকার, গোপনীয়তা এবং নৈতিক অধিকারের লঙ্ঘন। এ ছাড়া, তাঁর নাম ব্যবহার করে পরিচালিত কিছু ওয়েবসাইটের সঙ্গে অভিনেত্রীর কোনো সম্পৃক্ততা নেই বলেও উল্লেখ করা হয়েছে।

শুনানিতে গুগল ও মেটার পক্ষের আইনজীবীরা আদালতকে জানান যে, নির্দিষ্ট ইউআরএল (URL) চিহ্নিত করে দেওয়া হলে সংশ্লিষ্ট ডিপফেক বা আপত্তিকর কনটেন্ট সরিয়ে দিতে তাদের আপত্তি নেই। তবে প্রতিটি কনটেন্ট নিয়মিত পর্যবেক্ষণের বাধ্যবাধকতায় পড়তে না হয় এ জন্য এমন কোনো বিস্তৃত নির্দেশনা না দেওয়ার অনুরোধ জানান তারা।

তাদের দাবি, মামলায় উল্লেখ করা কয়েকটি লিংকে আপত্তিকর কোনো উপাদান নেই। অন্যদিকে, মামলার একটি ডোমেন নেম রেজিস্ট্রার আদালতকে জানিয়েছে, তারা শুধু ডোমেন নিবন্ধনের দায়িত্ব পালন করে। কোনো ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নিয়ন্ত্রণ বা অপসারণের ক্ষমতা তাদের নেই।

মামলার শুনানিতে বিচারপতি মাধব জামদার বলেছেন, আদালতের নির্দেশ এমন হওয়া উচিত যাতে শুধুমাত্র বেআইনি ও আপত্তিকর কনটেন্ট সরানো হয়, অথচ বৈধ ও তথ্যভিত্তিক কনটেন্ট অযথা ক্ষতিগ্রস্ত না হয়। তিনি সব পক্ষকে আলোচনার মাধ্যমে দ্রুত আপত্তিকর কনটেন্ট শনাক্ত ও অপসারণের একটি কার্যকর পদ্ধতি তৈরির নির্দেশ দিয়েছেন।

এর আগে ডিজিটাল মাধ্যমে পরিচয় ও ব্যক্তিত্বের অপব্যবহারের অভিযোগে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউডের আরও কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন কার্তিক আরিয়ান, শত্রুঘ্ন সিনহা, শিল্পা শেঠি, অক্ষয় কুমার, সুনীল শেঠি, আশা ভোঁসলে এবং অরিজিৎ সিং।

উল্লেখ্য, গত ১৬ জুন বিচারপতি অভয় আহুজা প্রীতি জিনতাকে এ মামলা করার অনুমতি দেন। যদিও ৩ জুলাইয়ের শুনানিতে আদালত কোনো অন্তর্বর্তীকালীন (এক্স-পার্টে) নির্দেশ দেননি। আগামী ৬ জুলাই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলার সদর উপজেলায় আজ সিএনজি চালিত অটোরিকশা এবং কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আবদুল্লাহ আল মাসুম (১৪) নামের এক মাদরাসা শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।

আজ শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার সোনাপুর-চেয়ারম্যান সড়কের মান্নাননগর কোম্পানীঘাট এলাকায়।

নিহত আবদুল্লাহ আল মাসুম জেলা হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শূন্যের চর গ্রামের সৈয়দ মাঝি বাড়ির মাওলানা কাওসারের ছেলে ছিল। নিহত মাসুম সদর উপজেলার জামিয়া ইসলামিয়া ফয়জিয়া মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আবদুল্লাহ আল মাসুম তার বাড়িতে খাবার খেয়ে বিকেলে মাদরাসার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশায় রওনা দেয়। পথে সোনাপুর-চেয়ারম্যান সড়কের মান্নাননগর কোম্পানীঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে সিএনজি চালিত অটোরিকশায় থাকা দুই শিশুসহ মোট ছয়জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মাসুমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক কাভার্ডভ্যান গাড়িটি আটক করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজে ফেরারি ডাকাত, অন্যকে ফাঁসাচ্ছেন কাল্পনিক মামলায়! বরিশালের ‘মামলা-বাজ’ মারযুকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


নিজে ফেরারি ডাকাত, অন্যকে ফাঁসাচ্ছেন কাল্পনিক মামলায়! বরিশালের ‘মামলা-বাজ’ মারযুকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন ছাত্রশক্তি বরিশাল মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মারযুক আব্দুল্লাহকে ঘিরে আবারও তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং সাধারণ মানুষকে একের পর এক মামলায় জড়ানোর অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও চাঁদাবাজির বিস্তর অভিযোগ উঠেছে। সর্বশেষ বরিশাল আদালতে দায়ের করা একটি নালিশি মামলায় মৃত ব্যক্তিদেরও আসামি করায় বিষয়টি রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গত বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা ওই মামলায় বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ মোট ২৪৮ জনকে আসামি করা হয়। তবে অভিযোগের সত্যতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ওঠায় আদালত সরাসরি এজাহার গ্রহণ বা মামলা রেকর্ডের নির্দেশ না দিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার একজন কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
মৃত ব্যক্তিকেও আসামি
মামলার সবচেয়ে আলোচিত বিষয় হলো, এতে অন্তত চারজন প্রয়াত আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ২০২১ সালে মারা যাওয়া মোহাম্মদ আলী হাওলাদার, ২০২৩ সালে মৃত্যুবরণকারী আবুল ফারুক হুমায়ুন, ২০২২ সালে মারা যাওয়া খন্দকার রেজাউর রহমান রেজা এবং ২০২১ সালে প্রয়াত ইঞ্জিনিয়ার এইচএম হাফিজুর রশিদ শিবলী।
মামলায় দাবি করা হয়েছে, ২২ জুন সন্ধ্যায় তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও বৈঠকে অংশ নিয়ে ককটেল, হাতবোমা ও বিস্ফোরক নিক্ষেপ করেন। অথচ সংশ্লিষ্ট ব্যক্তিরা বহু আগেই মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
পুলিশের বক্তব্যেও মিলছে না অভিযোগ
মামলায় ১০, ১৬ ও ২২ জুন বরিশাল নগরের বিমানবন্দর থানাধীন বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিছিল, সড়ক অবরোধ ও গোপন বৈঠকের অভিযোগ আনা হলেও বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে, ওই সময়ে এমন কোনো ঘটনা তাদের নথিভুক্ত হয়নি।
বিমানবন্দর থানার ওসি (তদন্ত) সুমন কুমার আইচ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের থানার আওতাধীন এলাকায় কোনো কর্মসূচি পালনের তথ্য পুলিশের কাছে নেই।
চাঁদাবাজির অভিযোগ
একাধিক সূত্রের দাবি, আদালতে মামলা দায়েরের আগেই বিভিন্ন ব্যবসায়ী, হাসপাতাল মালিক ও ব্যক্তিকে মামলায় নাম জড়ানোর ভয় দেখিয়ে অর্থ দাবি করা হয়। অভিযোগ রয়েছে, ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। যারা টাকা দেননি, তাদের অনেকের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
একই মামলার আসামি নিলয় আহম্মেদ রাব্বি ওরফে রাইডার দাবি করেছেন, মারযুক আব্দুল্লাহ তার কাছে পাঁচ হাজার টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় তাকে মামলার ৬ নম্বর আসামি করা হয়েছে।
এদিকে বিদেশে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের বরিশাল জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন, মামলার কপি আদালতে জমা দেওয়ার আগেই বিভিন্ন ব্যক্তির কাছে পাঠিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মারযুক আব্দুল্লাহ। তার দাবি, সাক্ষীদের দেওয়া তথ্যের ভিত্তিতেই মামলায় আসামিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
ডাকাতি মামলার আসামি
বিভিন্ন সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকলেও পরে সংগঠন থেকে বহিষ্কৃত হন মারযুক আব্দুল্লাহ। ২০২৫ সালের ৬ জুন পটুয়াখালীর দুমকিতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সহযোগীসহ পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নাগরিক সমাজের ক্ষোভ
মামলায় মৃত ব্যক্তি, বিএনপির নির্যাতিত নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে আসামি করায় বরিশালে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, এমন ভিত্তিহীন মামলা বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে এবং সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে।
আইনজীবীদের প্রতিক্রিয়া
বরিশাল মেট্রোপলিটন আদালতের সরকারি আইন কর্মকর্তা (এপিপি) হাফিজ আহমেদ বাবলু বলেন, মিথ্যা তথ্য দিয়ে মামলা করা এবং মৃত ব্যক্তিকে আসামি করা গুরুতর অপরাধ। আদালত যেহেতু তদন্তের নির্দেশ দিয়েছেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে বাদীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।
পুলিশের অবস্থান
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, মারযুক আব্দুল্লাহর বিরুদ্ধে ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে, তবে তিনি আত্মগোপনে রয়েছেন।
অন্যদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, আদালত যেহেতু তদন্তের নির্দেশ দিয়েছেন, তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।
আইনবিদদের মত
আইনবিদদের মতে, আদালতের তদন্তে অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হলে বাদীর বিরুদ্ধে দণ্ডবিধির ২১১ ধারাসহ সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ প্রমাণিত হলে সেটিও আইনের আওতায় আসতে পারে।
এদিকে পুরো ঘটনাকে কেন্দ্র করে বরিশালের রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তদন্ত প্রতিবেদনের দিকে এখন সবার নজর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%