পারভিন আক্তার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
০২:৫৪ পি.এম
চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এবং কেন্দ্রের বাইরে অপেক্ষা করা অবিভাবকদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পানি বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও করোনা যোদ্ধা খ্যাত মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
আজ বুধবার (৮ জুলাই) বেলা ১ টায় নাসিক ৭নং ওয়ার্ডে এম ডব্লিউ কলেজের সামনে তিনি এসব পানি বিতরণ করেন।
দেখা গেছে, বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তার "টিম খোরশেদ" নামক সংগঠন ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৃষ্টিতে ভিজেই EM ডব্লিউ কলেজের সামনে অপেক্ষামাণ শিক্ষার্থী ও অবিভাবকদের বিশুদ্ধ পানি বিতরণ করেছেন। এ সময় তিনি তার দল ও তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন।
পানি বিতরণ শেষে বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানিয়েছেন, এবার এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে তারা নারায়ণগঞ্জের প্রতিটি কেন্দ্রে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। প্রতিদিন কোনো না কোনো কেন্দ্রে গিয়ে শিক্ষার্থী এবং অবিভাবকদের জন্য বিশুদ্ধ পানি ও হাত পাখার ব্যবস্থা করছেন। তবে আজ বৃষ্টি হওয়ার কারণে সিদ্ধিরগঞ্জে হাত পাখা না দিয়ে শুধুমাত্র পানি বিতরণ করা হচ্ছে। মূলত আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে তারা ক্ষুদ্র এই উপহার তাদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করছেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করায় তাদের অবিভাবকরা রোদ-বৃষ্টির কষ্ট উপেক্ষা করে বাইরে অপেক্ষা করছেন, তাদের কষ্টের অংশীদার হতে এই সামান্য প্রচেষ্টা তাঁরা চালিয়ে যাচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরের ত্রিনদীর মোহনায় প্রবল ঘূর্ণিস্রোতের কারণে ধান ও চালবোঝাই একটি কার্গো উল্টে গিয়ে ডুবে গেছে।
এ ঘটনায় প্রায় ৫ হাজার বস্তা ধান ও চাল পানিতে তলিয়ে গেছে, যার ফলে ব্যবসায়ীদের আনুমানিক কোটি টাকা ক্ষতি হয়েছে। বুধবার সকালে চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার ত্রিনদীর মোহনায় এই দুর্ঘটনা ঘটেছে।
কার্গোর চালক এরশাদ মাঝি জানায়, পাবনা থেকে ৩ হাজার ৫০০ বস্তা চাল এবং ১ হাজার ৫০০ বস্তা ধান নিয়ে কার্গোটি চাঁদপুরের পুরানবাজার ঘাটের দিকে আসছিল। যখন ঘাটের অদূরে পৌঁছায়, তখন প্রবল ঘূর্ণিস্রোতের কবলে পড়ে কার্গোটি একটি দিকে হেলে যায়। মুহূর্তের মধ্যেই কার্গোতে থাকা ৫ থেকে ৬ জন শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। পরে হেলে পড়া কার্গোটি ডাকাতিয়া নদীর পাড়ে ভেড়ানোর চেষ্টা করা হয়, তবে ততক্ষণে ধান ও চাল পানিতে তলিয়ে গেছে।
চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জানান, ডুবে যাওয়া ধান ও চাল পুরানবাজারের ১০ থেকে ১২ জন ব্যবসায়ীর মালামাল। এ ঘটনায় তাদের সম্মিলিতভাবে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, কয়েকদিন ধরে পদ্মা ও মেঘনা নদীতে প্রবল স্রোত ও উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। বুধবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে নৌপথে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কাজ চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টানা বৃষ্টির ফলে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একটি অংশ পানিতে তলিয়ে যাওয়ার পর জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার একটি পরিকল্পনা ঘোষণা করেছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
বুধবার (৮ জুলাই) সকালে নগরের ষোলশহর এলাকায় জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া রেললাইনটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, "চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।" প্রকল্পটি বর্তমানে দরপত্র প্রক্রিয়ায় রয়েছে। তিনি আরো জানান, "যদি কাজ বাস্তবায়িত হয়, তবে অতিবৃষ্টির সময়ে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা কমবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে।"
তিনি এমনটি উল্লেখ করেন যে, যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। "যার কারণে পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।" পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ট্রেন চলাচল শুরু করা হবে। আগাম টিকিট কাটা যাত্রীরা প্রচলিত নিয়ম অনুযায়ী ভাড়া ফেরত পাবেন বলেও জানান তিনি।
এর আগে, প্রতিমন্ত্রী গ্যাংকারে করে ষোলশহর ও জান আলীহাট স্টেশনের মধ্যবর্তী জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে ষোলশহর ও জান আলীহাট স্টেশনের মধ্যবর্তী প্রায় ৫০০ মিটার রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে রেললাইনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। পানি নেমে গেলে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি মন্তব্য করেছেন ব্যবসায়ী সিন্ডিকেটের মতো সাংবাদিকরাও সিন্ডিকেট করে মিথ্যে সংবাদ তৈরি করে। তিনি বলেন, ব্যবসায়ী সিন্ডিকেটের মতো সাংবাদিকরাও সিন্ডিকেট করে মিথ্যে সংবাদ করে।
বুধবার (৮ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে সমসাময়িক রাজনীতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কেন্দ্রীয় যুবদল।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যুবদল সভাপতি সংবাদমাধ্যমকে নৈতিকতা ও পেশাদারিত্ব ঠিক রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, যুবদলকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তা সত্যি নয়। যুবদল সভাপতি মন্তব্য করেন, সিন্ডিকেট নিউজের দ্বারা সাংবাদিকতাকে কলুষিত করা হচ্ছে।
আরেক প্রশ্নের উত্তরে সংগঠনটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, অভ্যন্তরীণ বৈঠকে মতানৈক্য হওয়া স্বাভাবিক, কিন্তু সেটি কখনই শালীনতা লংঘন করে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এই সাক্ষাৎ বুধবার (৮ জুলাই) সচিবালয়ের তথ্যমন্ত্রীর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সাক্ষাতে, জোরিস ভ্যান বোমেল নতুন দায়িত্ব গ্রহণের জন্য জহির উদ্দিন স্বপনকে অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল জানান, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে।
বর্তমানে এই সম্পর্ক শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। রাষ্ট্রদূত এ সম্পর্ককে আরও জোরদার করার ক্ষেত্রে বর্তমান সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।
মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কাজের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি গণমাধ্যম ও যোগাযোগের ক্ষেত্রে যৌথভাবে কাজ করার নিবিড় আগ্রহ প্রকাশ করেন।
তিনি বর্তমান তথ্যপ্রযুক্তির বৈশ্বিক চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ইকো-সিস্টেম আমাদের কাছে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও রাষ্ট্রের দায়িত্ব।
তথ্যমন্ত্রী এই চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সুনির্দিষ্ট কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং সেইসঙ্গে নেদারল্যান্ডস কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করছে তা জানার আগ্রহ প্রকাশ করেন।
ডাচ রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের বিষয়টিকে গুরুত্ব দেন। তিনি এ ক্ষেত্রে তার দেশের সরকারের গৃহীত বিভিন্ন কার্যকর পদক্ষেপ ও কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ