০২:৫৭ পি.এম
চাঁদপুরের ত্রিনদীর মোহনায় প্রবল ঘূর্ণিস্রোতের কারণে ধান ও চালবোঝাই একটি কার্গো উল্টে গিয়ে ডুবে গেছে।
এ ঘটনায় প্রায় ৫ হাজার বস্তা ধান ও চাল পানিতে তলিয়ে গেছে, যার ফলে ব্যবসায়ীদের আনুমানিক কোটি টাকা ক্ষতি হয়েছে। বুধবার সকালে চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার ত্রিনদীর মোহনায় এই দুর্ঘটনা ঘটেছে।
কার্গোর চালক এরশাদ মাঝি জানায়, পাবনা থেকে ৩ হাজার ৫০০ বস্তা চাল এবং ১ হাজার ৫০০ বস্তা ধান নিয়ে কার্গোটি চাঁদপুরের পুরানবাজার ঘাটের দিকে আসছিল। যখন ঘাটের অদূরে পৌঁছায়, তখন প্রবল ঘূর্ণিস্রোতের কবলে পড়ে কার্গোটি একটি দিকে হেলে যায়। মুহূর্তের মধ্যেই কার্গোতে থাকা ৫ থেকে ৬ জন শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। পরে হেলে পড়া কার্গোটি ডাকাতিয়া নদীর পাড়ে ভেড়ানোর চেষ্টা করা হয়, তবে ততক্ষণে ধান ও চাল পানিতে তলিয়ে গেছে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জানান, ডুবে যাওয়া ধান ও চাল পুরানবাজারের ১০ থেকে ১২ জন ব্যবসায়ীর মালামাল। এ ঘটনায় তাদের সম্মিলিতভাবে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, কয়েকদিন ধরে পদ্মা ও মেঘনা নদীতে প্রবল স্রোত ও উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। বুধবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে নৌপথে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কাজ চলছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন