০৪:৫৪ পি.এম
কুষ্টিয়ার কুমারখালীতে, গৃহস্থালি পুকুরে মাছের উৎপাদন বৃদ্ধি এবং পরিবারের আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ছয়জন চাষির মধ্যে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান।
আরও পড়ুন: বর্ষপূর্তিতে ম্যাগাজিন বর্ষবার্তা বের হচ্ছে
প্রত্যেক চাষিকে ৫০ কেজি সার, ৪০ কেজি খৈল, ১২৫ কেজি মাছের খাদ্য (ফিড), ১৫০ ফুট জাল, ৩৫ কেজি চুন, চার প্যাকেট সবজির বীজ, ১০টি পেঁপের চারা এবং একটি করে সাইনবোর্ড দেওয়া হয়েছে।
শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ গ্রামের কৃষক রাশিদুল ইসলাম জানান, তার বাড়ির আঙিনায় প্রায় ৩৩ শতাংশ আয়তনের একটি পুকুর রয়েছে। তিনি বলেন, প্রথমবারের মতো মৎস্য কার্যালয় থেকে খাদ্য, চুন, সার ও গাছের চারাসহ বিভিন্ন উপকরণ পেয়েছেন। এসব ব্যবহার করে মাছ ও শাকসবজি উৎপাদনের মাধ্যমে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদন বিক্রি করে বাড়তি আয় করার আশা প্রকাশ করেছেন তিনি।
জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন, উপজেলায় প্রায় ৫ হাজার ৬৪৬টি গৃহস্থালি পুকুর রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় ছয়টি গৃহস্থালি পুকুরে দেশীয় ছোট মাছ চাষের প্রদর্শনীর জন্য এসব উপকরণ বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। বরাদ্দ পাওয়া সাপেক্ষে, পর্যায়ক্রমে আরও চাষির মধ্যে এ ধরনের উপকরণ বিতরণ করা হবে।
আরও পড়ুন: মদনে শিশু ধর্ষণ ও গর্ভধারণ মামলা, রায় ১১ নভেম্বর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন