০৫:৫৭ পি.এম
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক এমপি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ জানিয়েছেন, সরকারি হাসপাতালে চাকরি করেই হাসপাতালের সামনে অবস্থিত প্রাইভেট ক্লিনিকে শেয়ার থাকার বিষয়টি তদন্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয় পাঁচ জামায়াত সমর্থিত চিকিৎসককে বদলি করেছে।
তিনি সোমবার (২৯ জুন) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন শেষে এসব মন্তব্য করেন।
হারুনুর রশীদ আরও বলেন, ‘মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সরেজমিনে এসে এই চিকিৎসকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ পেয়েছে। এমনকি অভিযোগ দায়েরকারী ব্যক্তিরাও জামায়াতের কর্মী-সমর্থক।’
আরও পড়ুন: রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত
তিনি বলেন, ‘চিকিৎসকদের প্রাইভেট ক্লিনিকে প্র্যাকটিস করতে কোনো আপত্তি নেই। তবে হাসপাতালের ১০০ গজের মধ্যেই বেআইনিভাবে গড়ে তোলা ক্লিনিকে সরকারি হাসপাতাল বাদ দিয়ে প্র্যাকটিস করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বদলী হওয়া চিকিৎসকদের বিরুদ্ধে। তদন্ত কমিটি সরেজমিনে এসে দেখেছে যে তারা হাসপাতাল বাদ দিয়ে ক্লিনিকে চিকিৎসা দিচ্ছিল।’
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জানান, ‘সরকারি হাসপাতালে চাকরি করে ক্লিনিকে শেয়ার থাকার বিরুদ্ধে জামায়াত সমর্থিত চিকিৎসকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আমার কাছে লিখিত অভিযোগ এসেছে এবং আমি দায়িত্বশীল জায়গা থেকে এই অভিযোগ স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। পরে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি সরেজমিনে এসে তদন্ত করছে।’
হারুনুর রশীদ আরও জানান, ‘ওই ৫ চিকিৎসকের মধ্যে দুজন সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে বদলি হয়েছেন। কারণ এখানে সেই পদ খালি নেই।’ তিনি চিকিৎসকদের প্রতি যথাযথভাবে চিকিৎসা কার্যক্রম প্রদানের আহ্বান জানান। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক, আবাসিক মেডিকেল অফিসার, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রংপুরে ডাম্পট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত, ১৮ আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন