ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মানবকেন্দ্রিক এআই নীতি প্রণয়নে কাজ করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী


মানবকেন্দ্রিক এআই নীতি প্রণয়নে কাজ করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি আধুনিক, নিরাপদ ও দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence-AI) শাসনব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। মানবাধিকার, নৈতিকতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে ভিত্তি করে এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

শনিবার, চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত World Artificial Intelligence Conference (WAIC) 2026-এর আয়োজনের সময় ‘High-Level Meeting on Global AI Governance’-এ বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের ডিজিটাল নীতি ও আইনকে সময়োপযোগীভাবে সংস্কার করার কাজ করছে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে জনগণের কল্যাণে কাজে লাগানো সম্ভব হয় এবং একই সঙ্গে এর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কার্যকর শাসনব্যবস্থা নিশ্চিত করা যায়।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

ফকির মাহবুব আনাম আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নীতি প্রণয়ন করতে কাজ করছে। ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তা জোরদার করার পাশাপাশি, সরকারি খাতে AI ব্যবহারের জন্য নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এ নিয়ে দায়িত্বশীল তথ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, AI-ভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং বিভিন্ন অঞ্চলে বিকেন্দ্রীভূত AI Centre of Excellence প্রতিষ্ঠার উদ্যোগও বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী বৈশ্বিক AI শাসনব্যবস্থার জন্য চারটি মৌলিক অগ্রাধিকার তুলে ধরেন, যেগুলি নিরাপত্তা, সমতা, অভিযোজন সক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতা। তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি, তথ্যের সার্বভৌমত্ব এবং ন্যায্য প্রযুক্তি প্রবেশাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে যৌথভাবে কাজ করতে হবে।

ফকির মাহবুব আনাম আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ যেন কেবল প্রযুক্তিগত উৎকর্ষের নয়, বরং মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তির প্রতিফলন হয়। বাংলাদেশ সেই লক্ষ্যেই বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানাচ্ছে।

‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য এআই অংশীদারিত্ব (AI Partnership for a Brighter Future)’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ বৈঠকে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা, সমষ্টিগত নিরাপত্তা জোরদার করা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা এবং বৈশ্বিক এআই শাসনব্যবস্থা শক্তিশালী করতে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

সভায় বিভিন্ন দেশের সরকারপ্রধান, শতাধিক দেশের মন্ত্রী ও তাঁদের প্রতিনিধিদল, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং শিল্পখাতের প্রতিনিধিসহ বিশিষ্ট শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, এর সুশাসন এবং এ খাতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এদিকে, চীনের সাংহাইয়ে চার দিনব্যাপী অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (WAIC) ২০২৬’- শীর্ষক এই বৈশ্বিক সম্মেলনটি ১৭ থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যা ব্যবস্থাপনায় পরিবেশসম্মত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


বন্যা ব্যবস্থাপনায় পরিবেশসম্মত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবি

সাম্প্রতিক বন্যার মাত্রা কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে সাথে অপরিকল্পিত উন্নয়ন, নদী-খাল-জলাশয় দখল, পাহাড় কাটা এবং প্রাকৃতিক পানি প্রবাহে বাধার সম্মিলিত ফল। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এই মন্তব্য করেছে। সংগঠনটি বলছে যে, শুধু ত্রাণ কার্যক্রম নয়, বন্যার মূল কারণগুলো চিহ্নিত করে বিজ্ঞানভিত্তিক, পরিবেশসম্মত এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা আবশ্যক।

শনিবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত ‘সাম্প্রতিক বন্যার তথ্যভিত্তিক পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা উচ্চারিত হয়।

সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন ধরার সহ-আহ্বায়ক এম এস সিদ্দিকী। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সদস্যসচিব শরীফ জামিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী, চুনতি রক্ষা আন্দোলনের সমন্বয়ক সানজিদা রহমান, কক্সবাজার ধরার সদস্য ফরিদুল আলম শাহিন এবং মাতামুহুরী ধরার সদস্য বদরুননাহার কলি।

শরীফ জামিল মূল বক্তব্যে বলেন, টানা অতিভারি বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং আন্ত সীমান্ত নদ-নদীর অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে দেশের অন্তত ১৭টি জেলা বন্যা ও জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে। ফলে ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া, হাজার হাজার হেক্টর কৃষিজমি, মাছের ঘের, সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামোর ক্ষতি হয়েছে। বন্যার এই পরিস্থিতি কেবল অতিবৃষ্টি বা পাহাড়ি ঢলের ফল নয়; নদী-খাল-জলাশয় দখল, নাব্যতা হ্রাস, অপরিকল্পিত সড়ক ও অবকাঠামো নির্মাণ, পাহাড় কাটা, বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের সম্মিলিত প্রভাবে অবস্থা আরো জটিল হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, ২০২৩ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত তিন পার্বত্য জেলায় সংঘটিত বন্যা ও জলাবদ্ধতার বড় অংশের জন্য চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন নির্মাণ দায়ী। সুতরাং, উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে আরো বেশি সতর্ক হওয়া প্রয়োজন। নদী অববাহিকাভিত্তিক সমন্বিত পরিকল্পনা, আধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা, আন্ত সীমান্ত নদী ব্যবস্থাপনায় সহযোগিতা, নদী-খাল পুনরুদ্ধার, জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসনের জন্য গুরুত্বারোপ করেন তিনি।

এম এস সিদ্দিকী বলেন, বাংলাদেশে বন্যা নতুন একটি দুর্যোগ নয়। তবে সাম্প্রতিক বন্যার ভয়াবহতা বৃদ্ধি পেয়ে চলেছে, এর পিছনে কেবল প্রাকৃতিক কারণ নয়, বরং অপরিকল্পিত উন্নয়ন, নদী-খাল ভরাট, পানি প্রবাহে বাধা এবং জলবায়ু পরিবর্তনও দায়ী। এজন্য ক্ষয়ক্ষতি কমাতে জাতীয় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত সমন্বিত প্রস্তুতি, দ্রুত লজিস্টিক সহায়তা এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধি করার ওপর জোর দিচ্ছেন তিনি।

সংবাদ সম্মেলন থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয় যাতে তারা নদী অববাহিকাভিত্তিক সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে, প্রাকৃতিক পানি প্রবাহ পুনরুদ্ধার নিশ্চিত করে, পরিবেশসম্মত উন্নয়ন অনুসরণ করে এবং জলবায়ু পরিবর্তনের বাস্তবতা বিবেচনায় রেখে দীর্ঘমেয়াদি বন্যা ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাপ নয়, আনন্দ নিয়ে খেলি : মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


চাপ নয়, আনন্দ নিয়ে খেলি : মেসি

এই উপলক্ষে ফিফা ফ্যানাটিকস ফেস্ট নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে দুই ফাইনালিস্ট দলের তিনজন সদস্য উপস্থিত ছিলেন। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি এবং এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের সঙ্গে লিওনেল মেসি ম্যাচের আগে আলোচনা করেছেন।

স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে যাওয়ার আগে লিওনেল মেসি আশ্বস্ত করে বলেন, ‘আমরা কখনোই চাপ নিয়ে ভাবি না।

এটি আমাদের কাছে একটি স্বাভাবিক বিষয়। আমরা খেলতে, উপভোগ করতে এবং জিততে চাই। তবে এটি একটি দলগত খেলা, প্রতিপক্ষও খেলে, তাই সব সময় জেতা সম্ভব নয়।’ এ তথ্য জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।

ফিফার ফ্যানাটিকস ফেস্ট অনুষ্ঠানে আর্জেন্টিনার অধিনায়ক এই মন্তব্য করেছেন। তাঁর সঙ্গে ছিলেন কোচ লিওনেল স্কালোনি এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

তিনি আরও বলেন, ‘আমরা একটি প্রতিযোগিতাপূর্ণ দল, আমরা জিততে পছন্দ করি। কিন্তু এটি একটা দলীয় খেলা, প্রতিপক্ষও খেলে এবং সব সময় জিততে পারবেন তা নয়। ছোটবেলায় আমি শিখেছি, জেতার চেয়ে হারতেই বেশি হয় এবং এটাই একজন ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে আমাকে বিকশিত করেছে।’

এই দলের সদস্যরা পাড়া বা রাস্তায় আবেগ ও আনন্দের সঙ্গে ফুটবল খেলে বড় হয়েছে।

এ কারণে তারা কেবল নিজেদের উপভোগের কথাই চিন্তা করে প্রতিযোগিতার মুখোমুখি হয় বলে উল্লেখ করেন এই আর্জেন্টাইন মহাতারকা।

আগামী রবিবার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। অন্যদিকে, স্পেন ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে চাইবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়ামালকে ‘ঘরে আটকে’ রাখতে চান আর্জেন্টিনার কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


ইয়ামালকে ‘ঘরে আটকে’ রাখতে চান আর্জেন্টিনার কোচ

বিশ্বকাপে গতবারের মতো গোল বলতে একটিই করেছেন লামিনে ইয়ামাল। এটি স্পেনের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে।

বাকি ৬ ম্যাচে তাকে দিয়ে নেই কোনো গোল-অ্যাসিস্ট। পরিসংখ্যানের হিসেবে দেখা যাচ্ছে, এই উদীয়মান তারকা বিশ্ব আসরে সেরা ছন্দে নেই।

তবে ইয়ামালের প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। এটা আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ভালো করেই জানেন।

নিজেদের দিনে, ইয়ামাল একাই প্রতিপক্ষকে ধসিয়ে দিতে সক্ষম। কয়েক বছর ধরেই ক্লাব এবং জাতীয় দলের হয়ে সে এ ধরনের প্রত্যাশা পূরণ করে আসছে।

সুতরাং রবিবারের ফাইনালেই যে ইয়ামাল জ্বলে উঠবেন না, সেটার নিশ্চয়তা কি রয়েছে? সেইজন্য বার্সেলোনার ফরোয়ার্ডকে নিয়ে আর্জেন্টিনা সতর্ক থাকবে।

১৯ বছর বয়সী এই তারকা নিয়ে কোনো পরিকল্পনা করা হয়েছে কিনা, সেই প্রশ্নটি স্কালোনির কাছে উঠেছিল।

জবাবে রসিকতার মধ্যে বলেন স্কালোনি। তার মতে, ‘যদি রুমে আটকে রাখতে পারি তবে ভালো হবে।’ তিনি বলেন, ‘ইয়ামালকে কিভাবে থামানো যায়? যদি তাকে রুমে আটকে রাখতে পারতাম।’

গোল-অ্যাসিস্ট তেমন না করলেও ম্যাচে ইয়ামাল ঠিকই প্রভাব ধরে রেখেছেন। বল পায়ে ড্রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে তটস্থ করে রেখেছেন। ফিফার মতে, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ৩০ ড্রিবলিং তিনিই করে থাকেন।

রসিকতার সুরে ইয়ামালকে আটকানোর কথা বললেও স্কালোনি তার প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেছেন, ‘সে দুর্দান্ত খেলোয়াড়। ফুটবলের অমূল্য সম্পদ। সে এখনো অনেক ছোট। ফুটবলকে অনেক কিছু দেওয়ার আছে তার।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় অনিয়মের দায়ে রেস্টুরেন্টকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


চুয়াডাঙ্গায় অনিয়মের দায়ে রেস্টুরেন্টকে জরিমানা

জেলা সদরে আজ নিষিদ্ধ কেওড়া জল দিয়ে বিরিয়ানি রান্নার কারণে একটি রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় একটি অভিযান চালানো হয়। এ অভিযান চলাকালে ঢাকা কাচ্চি বাড়ি নামের একটি রেস্টুরেন্টকে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

জানা যায়, গত কয়েকদিন আগে বিরিয়ানি খাওয়ার পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন- এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। আজ শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় অভিযান চলাকালে মো. আনিছুজ্জামানের মালিকানাধীন ঢাকা কাচ্চি বাড়ি নামের রেস্টুরেন্টে নিষিদ্ধ কেওড়া জল দিয়ে বিরিয়ানি রান্নার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. মন্জুরুল আলম মালিক লার্জ ও সাধারণ সম্পাদক সুমন পারভেজ, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%