ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে সতর্কসংকেত


সাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে সতর্কসংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হওয়ায় দেশের উপকূলীয় এলাকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও সমুদ্রবন্দরে সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল সোয়া ১০টায় আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন: আজ যেসব দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উপকূলের নিকটে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে আদালতের রায়, নারীকে ৬৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেবে হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৩ এম


পাকিস্তানে আদালতের রায়, নারীকে ৬৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেবে হাসপাতাল

একটি নারীকে ভুল অস্ত্রোপচারের কারণে শারীরিক জটিলতায় ভোগার অভিযোগে ৬৫ লাখ পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের করাচির একটি আদালত। আদালত বলেছেন, করাচির সিভিল হাসপাতালকে ৬০ দিনের মধ্যে এই অর্থ পরিশোধ করতে হবে।

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিভিল হাসপাতাল করাচির বিরুদ্ধে নাজমা রিজওয়ান নামে ওই নারী ক্ষতিপূরণ মামলা করেছিলেন। মামলার শুনানি শেষে সিনিয়র সিভিল জজ (সাউথ) হাসপাতালের কর্তৃপক্ষকে এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। মামলার নথি ও আইনজীবীর বক্তব্য অনুযায়ী, ২০১৫ সালের ৩ নভেম্বর সন্তান জন্ম দেওয়ার জন্য রিজওয়ান সিভিল হাসপাতালে ভর্তি হন।

সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। তিন দিন পর, ৬ নভেম্বর, উনাকে হাসপাতাল থেকে মুক্ত করা হয়। তবে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তার পেটে ব্যথা ও ফোলা দেখা দেয়।

এর সাথে আরো কিছু শারীরিক জটিলতা দেখা দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে রিজওয়ান অন্য একটি হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে অভিযোগ করেন যে, সিভিল হাসপাতালে তার অস্ত্রোপচার সঠিকভাবে করা হয়নি।

আদালতে রিজওয়ানের আইনজীবী দাবি করেন, অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের অবহেলার কারণে তার শরীরে আরো কয়েকটি জটিলতা তৈরি হয়। এজন্যপরবর্তীতে তাকে অতিরিক্ত চিকিৎসা নিতে হয়েছে এবং শারীরিক ভোগান্তিতে পড়তে হয়েছে।

মামলার শুনানি শেষে আদালত রিজওয়ানের পক্ষে রায় দেন। আদালত সিভিল হাসপাতাল করাচিকে ৬০ দিনের মধ্যে ৬৫ লাখ পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন। এর আগের দিনও করাচির একটি আদালত চিকিৎসায় অবহেলার অভিযোগে একটি বেসরকারি হাসপাতালকে এক নারীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। ওই হাসপাতালকে ৫ লাখ পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ এবং মামলার খরচ হিসেবে আরো ২ লাখ রুপি দেওয়ার নির্দেশ দেয়। আদালত আরো প্রায় ১৮ লাখ পাকিস্তানি রুপির একটি অতিরিক্ত বিল বাতিল করে দেন। ওই নারী হাসপাতালটির বিরুদ্ধে নিম্নমানের সেবা ও চিকিৎসায় অবহেলার অভিযোগ করেছিলেন।

তবে কোমরের হাড়ের জোড়া বদলের অস্ত্রোপচারের জন্য দেওয়া ২২ লাখ পাকিস্তানি রুপি ফেরত চেয়ে তার দাবি আদালত খারিজ করে দেন। একইভাবে নার্সের সেবা, ফিজিওথেরাপি ও ওষুধের জন্য ৪৫ লাখ ১৬ হাজার পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ চেয়ে করা একটি দাবি আদালত খারিজ করেন। এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই মামলার শুনানিতে হাসপাতালের নিজস্ব চিকিৎসকও ব্যাখ্যা করতে পারেননি, কীভাবে শুরুতে সঠিক জায়গায় থাকা একটি ক্যাথেটার পরে একটি ধমনির ভেতরে চলে গেল। বিষয়টি আদালতের পর্যবেক্ষণে উঠে আসে। করাচির সাম্প্রতিক দুটি মামলায় চিকিৎসা ও হাসপাতালসেবায় অবহেলার অভিযোগ নিয়ে আদালতের এমন সিদ্ধান্ত এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৯ এম


রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক

রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ উপলক্ষে আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টায় সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন গতকাল মঙ্গলবার এ সম্পর্কিত নোটিশ জারি করেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ৫(৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং স্পিকারের সঙ্গে আলোচনা করে এ বৈঠক আহ্বান করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ‍‘রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিন আগামী ২০ আগস্ট, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার বেলা ২টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে।’

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৬ আগস্ট জারি করা নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের জন্য সংসদ সদস্যদের এ বৈঠক আহ্বান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির সামরিক অবস্থানে হুতিদের হামলা, হতাহত বেশ কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১১:০১ এম


সৌদির সামরিক অবস্থানে হুতিদের হামলা, হতাহত বেশ কয়েকজন

ইয়েমেনের মোখা এবং মারিব অঞ্চলের তাদাউইন সামরিক ক্যাম্পে সৌদি সামরিক অবস্থান, অস্ত্রাগার ও কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

অ্যানসারুল্লাহর সামরিক মিডিয়ার মাধ্যমে প্রকাশিত এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানায় কয়েক ডজন সৌদি সেনা এবং তাদের সমর্থিত মিলিশিয়া নিহত ও আহত হয়েছে।

মুখপাত্র ইয়াহিয়া সারি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইয়েমেনে অন্যায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং আগ্রাসন বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত যেকোনো সৌদি সামরিক উপস্থিতির ওপর হামলা অব্যাহত থাকবে। একই সাথে সৌদি আরবের সহযোগী ইয়েমেনিদের পথ পরিবর্তনের হুঁশিয়ারি দিয়ে অবিলম্বে তাদের এই তৎপরতা থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে।

অন্য একটি ঘটনায় রয়টার্স জানিয়েছে, বাব আল-মানদাব প্রণালিতে একটি সৌদি মালবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। এই হামলায় তিন ক্রু সদস্য নিহত হয়েছেন বলে ইয়েমেনের কোস্ট গার্ড ও সামরিক সূত্র নিশ্চিত করেছে। বাকি ক্রু সদস্যদের অবস্থান এখনো অজানা বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো।

আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য হিজাম আল-আসাদ আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, দীর্ঘদিন ধরে সৌদি আরব মোখা বন্দরকে একটি সামরিক কেন্দ্রে রূপান্তরের চেষ্টা করছিল। সানার এই আগাম হামলা রিয়াদের সেই পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছে।

সূত্র: আল মায়াদিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের চাপে নেপালের টিবেটান স্টাডিজ সেমিনার হবে অনলাইনে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৩ এম


চীনের চাপে নেপালের টিবেটান স্টাডিজ সেমিনার হবে অনলাইনে

নেপালের রাজধানী কাঠমান্ডুতে সরাসরি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব টিবেটান স্টাডিজের (আইএটিএস) ১৭তম সেমিনার এখন অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে চীনের ক্রমবর্ধমান কূটনৈতিক চাপের মধ্যে, যেখানে নেপাল সরকার কাঠমান্ডু ইউনিভার্সিটিকে এই আন্তর্জাতিক একাডেমিক আয়োজন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে।

ফায়ুলের এক প্রতিবেদনে উঠে এসেছে যে, সেমিনারটি আগামী ২৩ থেকে ২৯ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭০০-এর বেশি গবেষক ও শিক্ষাবিদদের কাঠমান্ডুতে আসার পরিকল্পনা ছিল। তিব্বত ও হিমালয় নিয়ে গবেষণা করা বিশেষজ্ঞদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন ছিল। আইএটিএসের বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, কাঠমান্ডুতে সরাসরি সম্মেলন আয়োজনের পরিকল্পনা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটি ৩ আগস্ট কাঠমান্ডু ইউনিভার্সিটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের মৌখিকভাবে জানানো হয়েছে।

নেপালের প্রধান সচিব গোবিন্দ বাহাদুর কার্কি এবং পররাষ্ট্র সচিব অমৃত বাহাদুর রাই সরাসরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই নির্দেশ দেন। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ঋষিকেশ ওয়াগলে, রেজিস্ট্রার অধ্যাপক ড. রাজীব শ্রেষ্ঠা এবং হিমালয়া সেন্টার ফর এশিয়ান স্টাডিজের (হাইকাস) অধ্যাপক ড. সাগর শর্মার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।

তবে আইএটিএস বা সেমিনারের আহ্বায়কেরা নেপাল সরকারের কাছ থেকে সিদ্ধান্তের বিষয়ে কোনো লিখিত ব্যাখ্যা পাননি। সংগঠনটি জানিয়েছে, পরবর্তীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মৌখিক আলোচনার মাধ্যমে বিষয়টি সুষ্পষ্ট হয়।

সেই আলোচনায় নিশ্চিত হওয়া যায়, কাঠমান্ডু ইউনিভার্সিটিকে সেমিনারের আয়োজন আর এগিয়ে না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইএটিএস বোর্ড সমালোচনা করেছে। সংগঠনটি একে একটি সম্পূর্ণ একাডেমিক আয়োজনের ওপর ‘অপ্রত্যাশিত ও অযৌক্তিক হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে। আইএটিএস আরও সতর্ক করে জানিয়েছে, এ ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক একাডেমিক সম্মেলনের আয়োজনের জন্য নেপালের গ্রহণযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিদেশি গবেষক ও শিক্ষাবিদদের বড় আন্তর্জাতিক আয়োজনের ক্ষেত্রে ভবিষ্যতে নেপালের ওপর আস্থা কমে যেতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

এই সম্মেলনের প্রস্তুতি চলছিল প্রায় তিন বছর ধরে। কাঠমান্ডু ইউনিভার্সিটির হিমালয়া সেন্টার ফর এশিয়ান স্টাডিজ এবং সেন্টার ফর বৌদ্ধ স্টাডিজ একসঙ্গে আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। আইএটিএস জানিয়েছে, ২০২৩ সালে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতিতে কাঠমান্ডু ইউনিভার্সিটিকে সম্মেলনের আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়। তখন থেকে প্রস্তুতির পুরো সময়কালীন কোনও আপত্তি জানানো হয়নি। এ কারণে সম্মেলন আয়োজনের শেষ পর্যায়ে এসে সরকারের হস্তক্ষেপের সিদ্ধান্তকে আরো বিস্ময়কর বলে মনে করছে আইএটিএস। সরকারি নির্দেশনার পর কাঠমান্ডু ইউনিভার্সিটির হিমালয়া সেন্টার ফর এশিয়ান স্টাডিজ এবং সেন্টার ফর বৌদ্ধ স্টাডিজ সম্মেলনের দায়িত্ব আইএটিএসের উপদেষ্টা বোর্ডের কাছে হস্তান্তর করে।

এরপর ৭ আগস্ট আইএটিএস বোর্ড জরুরি অনলাইন বৈঠক করে। সেখানে আলোচনা হয় সম্মেলনটি কীভাবে আয়োজন করা হবে। পরে বোর্ড নিজেই সম্মেলনের আহ্বায়কের দায়িত্ব নেয় এবং ২৩ থেকে ২৯ আগস্ট পুরো আয়োজন অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়। আয়োজকেরা জানিয়েছেন, সম্মেলনের একাডেমিক কর্মসূচিতে কোনও পরিবর্তন আনা হবে না। নির্ধারিত গবেষকরা নিজ নিজ অবস্থান থেকে অনলাইনে যুক্ত হতে পারবেন এবং তাদের গবেষণাপত্র উপস্থাপন করতে পারবেন। তবে অনলাইনে আয়োজনের কারণে বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সময়ের পার্থক্য সমন্বয় করা কঠিন হবে বলে স্বীকার করেছে আইএটিএস। বিভিন্ন সময় অঞ্চলের গবেষকদের সুবিধা বিবেচনায় নিয়ে অনুষ্ঠানসূচি পরিচালনা করা কঠিন হতে পারে।

আইএটিএস বোর্ড কাঠমান্ডু ইউনিভার্সিটির আয়োজক দুই কেন্দ্রকে সরে দাঁড়াতে বাধ্য করায় দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে গত তিন বছরে সম্মেলনের প্রস্তুতির জন্য সাংগঠনিক ও একাডেমিক প্রচেষ্টার প্রশংসা করেছে। তারা আর্থিক সহায়তা ও প্রস্তুতিতে সহযোগিতার জন্যও তাদের ধন্যবাদ জানিয়েছে।

যদিও কাঠমান্ডুতে সরাসরি সম্মেলন আয়োজন করা সম্ভব হচ্ছে না, তথাপি তিব্বত ও হিমালয় নিয়ে আন্তর্জাতিক গবেষণা ও জ্ঞান বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে সেমিনারটি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আইএটিএস। ফায়ুলের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দূতাবাসের দীর্ঘদিনের কূটনৈতিক চাপের প্রেক্ষাপটেই এই সম্মেলন অনলাইনে করার সিদ্ধান্ত এসেছে। ফলে এটি শুধুমাত্র একটি একাডেমিক সম্মেলন বাতিল বা স্থান পরিবর্তনের ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। চীনের জন্য তিব্বত ইস্যুটি অত্যন্ত সংবেদনশীল। এ কারণে নেপালের একাডেমিক কার্যক্রম, আন্তর্জাতিক গবেষক সমাবেশ এবং তিব্বত বিষয়ক গবেষণার ওপর বেইজিংয়ের প্রভাব কতটা রয়েছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%