ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা-ভাঙ্গা রেলপথে বাড়ছে রেলওয়ের যন্ত্রাংশ চুরি, দুর্ঘটনার শঙ্কা


ঢাকা-ভাঙ্গা রেলপথে বাড়ছে রেলওয়ের যন্ত্রাংশ চুরি, দুর্ঘটনার শঙ্কা

 

দক্ষিণাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ঢাকা-ভাঙ্গা রেলপথে একটি আশঙ্কাজনক হারে রেলওয়ের সিগন্যাল যন্ত্রাংশ চুরির ঘটনা বাড়ছে। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ট্র্যাকপটসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যাওয়ার ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। এই কারণে যেমন ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে, তেমনি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

রেলওয়ে সূত্র জানাচ্ছে, পদ্মা সেতু হয়ে ২০২৩ সালের ১০ অক্টোবর চালু হওয়া ঢাকা–ভাঙ্গা রেলপথে প্রতিদিন অসংখ্য যাত্রী চলাচল করেন। তবে সম্প্রতি মাদারীপুরের শিবচর অঞ্চলে সিগন্যালের ট্র্যাকপট ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।

আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার

গত ১৯ জুন রাতে শিবচরের পদ্মা রেলস্টেশনের সিগন্যাল পয়েন্ট থেকে কয়েকটি ট্র্যাকপট চুরি হয়ে যায়। এর পূর্বে ৯ জুন একই স্টেশনের শিবচর প্রান্তের সিগন্যাল পয়েন্টের সব ট্র্যাকপট খুলে নিয়ে যায় চোরচক্র। এছাড়া গত ১৮ মার্চে শিবচর রেলস্টেশনে একই ধরনের চুরির ঘটনা ঘটেছিল। সংশ্লিষ্টদের দাবি, গত ছয় মাসে ঢাকা–ভাঙ্গা রেলপথের বিভিন্ন স্টেশনে একাধিকবার এমন চুরি ঘটেছে।

রেলওয়ে কর্মকর্তাদের মতে, ট্র্যাকপট চুরি হলে সিগন্যাল ব্যবস্থা অচল হয়ে যায়। তখন দুর্ঘটনা এড়াতে কর্মীদের জীবন ঝুঁকির মধ্যে রেখে লাইনের পাশে দাঁড়িয়ে ‘পেপার লাইন ক্লিয়ার’ পদ্ধতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করতে হয়। এর ফলে ট্রেন চলাচলে বিলম্বের পাশাপাশি কর্মীদের নিরাপত্তারও অবনতি ঘটে।

পদ্মা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. খাইরুল ইসলাম বলেন, “প্রতিনিয়ত সিগন্যালের ট্র্যাকপট চুরি হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পেপার লাইন ক্লিয়ার করতে হচ্ছে। চুরি বন্ধে পুলিশের আরও কঠোর ভূমিকা প্রয়োজন।”

শিবচর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ সেলিম হোসেন মন্তব্য করেছেন, “ট্র্যাকপট চুরির কারণে ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করতে পারছে না। আগে পুলিশ নিয়মিত টহল করলেও বর্তমানে তা অনেক কমে গেছে। গুরুত্বপূর্ণ এই রেলপথ রক্ষায় নিরাপত্তা ও টহল বাড়ানো জরুরি।”

আরও পড়ুন: সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার দিতে বাধার অভিযোগ

ভাঙ্গা রেলওয়ে পুলিশের পরিদর্শক মো. শাহজালাল জানান, “যন্ত্রাংশ চুরির ঘটনায় আগেও মামলা হয়েছে এবং চোরদের আটক করা হয়েছে। ভাঙ্গা জংশন থেকে শিবচর ও পদ্মা স্টেশনের দূরত্ব বেশি হওয়ার কারণে নিয়মিত টহলে কিছু সমস্যা হয়। তবে চুরি প্রতিরোধে টহল আরও জোরদার করা হবে।”

সংশ্লিষ্টদের মতে, দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই যন্ত্রাংশ চুরি রোধে নিয়মিত পুলিশি টহল ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃক্ষরোপণ ও খাল খনন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


বৃক্ষরোপণ ও খাল খনন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে

বর্তমান সরকার যে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে, তা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেছেন, সব সৃষ্টি থেকে উপকার ভোগ করতে হলে, মানুষ হিসেবে আমাদের অবশ্যই কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। যথানিয়মে সব সৃষ্টির যত্ন এবং পরিচর্যা করা মানব সমাজের দায়িত্ব। বিজ্ঞানের উৎকর্ষতার সঙ্গে সঙ্গে এটি প্রমাণিত সত্য যে, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের সঙ্গে মানব সমাজের সম্পর্ক গভীর এবং অবিচ্ছেদ্য। বাস্তুতন্ত্রের নিরাপদ লালন এবং বিকাশের সঙ্গে মানব সমাজের নিরাপদ বেড়ে ওঠা ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং, আজকের এই পরিবেশ মেলা কিংবা বৃক্ষমেলার আয়োজন, এটি কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য একটি নিরাপদ বিনিয়োগ বলেই আমি মনে করি।

তিনি বলেন, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং উপকারিতা নিয়ে নতুন করে বেশি কিছু বলার নেই। বৃক্ষরোপণ কিংবা সবুজায়নের গুরুত্ব সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত। আপনাদের এবং আমার আগামী প্রজন্মের সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি। একটি সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করলে, আসুন আমরা একটি করে গাছ লাগানোর মধ্য দিয়ে প্রতিটি প্রাণের জন্মকে উদযাপন করি, স্মরণীয় করে রাখি। একজন নবজাতকের পাশাপাশি একটি গাছও বেড়ে উঠুক। এভাবেই এগিয়ে যাক সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন।

তারেক রহমান বলেন, সবুজায়নের সামাজিক আন্দোলনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সরকারিভাবেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালু করার পদক্ষেপ নিয়েছে। এছাড়াও, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালু এবং এনভায়রনমেন্ট স্টার্ট-আপ ফান্ডসহ বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমান সরকার পাঁচ বছরে নতুন করে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের নেওয়া উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যে একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও সবুজ বাংলাদেশ গঠন অসম্ভব নয়। তবে, ইচ্ছেমতো গাছ রোপণ করলেই উদ্দেশ্য সাধিত হবে না। বরং কোন পরিবেশে, কোন প্রকারের মাটিতে, কি ধরনের আবহাওয়ায়, কোন প্রজাতির গাছ রোপণ করা দরকার, এগুলো-পরীক্ষা নিরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন ইউক্যালিপটাস কিংবা আকাশমণি প্রজাতির গাছ দ্রুত বেড়ে ওঠে, কিন্তু এ ধরনের গাছ আমাদের পরিবেশের জন্য কতটা উপযোগী তা অবশ্যই গবেষণার দাবি রাখে।

প্রধানমন্ত্রী বলেন, নতুন বৃক্ষরোপণের ক্ষেত্রে দেশীয় প্রজাতির গাছ যেমন ওষুধি, অর্কিড, বাঁশজাতীয়, বনজ, ফলদ, অর্থকরী এবং বিপন্ন প্রজাতির গাছ রোপণ অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি বলেন, নতুন বৃক্ষরোপণ অবশ্যই জরুরি, তবে রোপিত গাছ নিরাপদে বেড়ে উঠছে কিনা কিংবা বেড়ে উঠতে পারছে কিনা, সেটি নিশ্চিত করা তার চেয়েও বেশি জরুরি। আর যুগ যুগ ধরে স্থানীয় বাস্তুতন্ত্রের অংশ হয়ে যাওয়া, বিদ্যমান গাছগুলোকে কেটে না ফেলে, জীব বৈচিত্র্য রক্ষা করা সবচেয়ে বেশি জরুরি। আমি আশা করি, বনবিভাগ সেটি নিশ্চিত করবে। সরকার পরিবেশ রক্ষার স্বার্থে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত-এটি এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কার বিষয় নয়। বরং এটিই এখন আমাদের প্রতিদিনের বাস্তবতা। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদীভাঙন, লবণাক্ততা, আমাদের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি সর্বোপরি জন জীবনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এই বাস্তবতায় বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসেবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছে। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে, এমন একটি সবুজ, পরিচ্ছন্ন, জলবায়ু-সহনশীল টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণ পাশাপাশি এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি বর্তমান সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন ও পুনঃখননের যে কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে, সেটি শুধুমাত্র কৃষকদের জন্য বছর জুড়ে কৃষি সেচ সুবিধাই নিশ্চিত করবে না, বরং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে। তবে, পরিবেশের উন্নয়ন শুধুমাত্র বৃক্ষরোপণ কিংবা খাল খননের ওপরই নির্ভর করে না। রাজধানীসহ বিশেষ করে সারাদেশের সব নগর বন্দর এবং শহরতলির বর্জ্য ব্যবস্থাপনাতেও আমূল পরিবর্তন আনার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, প্লাস্টিক বর্জ্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্যে সরকার এরইমধ্যে কাজ শুরু করেছে। একইসঙ্গে জৈব সার উৎপাদন, পুনর্ব্যবহার, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং রিডিউস-রিইউজ-রিসাইকেল এই থ্রিআরএস নীতিকে সরকার জাতীয় পর্যায়ে বাস্তবায়নের নীতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা একটি সুশৃঙ্খল পদ্ধতিতে আনতে হলে এটি শুধুমাত্র নগর প্রশাসন কিংবা পুলিশ দিয়ে নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন ছোট বড় প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণ। প্রতিটি নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান, অনুগ্রহ করে যেখানে সেখানে বর্জ্য কিংবা উচ্ছিষ্ঠ ফেলবেন না। ঘরে কিংবা বাইরে সবসময় সব বর্জ্য নির্ধারিত স্থানে ফেলুন। নিজে সুস্থ থাকুন-নিজের পরিবারের জন্যও পরিবেশ সুন্দর রাখুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আটক

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্ত্রীর মৃত্যুর পর নিজ মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে শহীদুল ইসলাম দেওয়ান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে।

বুধবার (৯ জুলাই) রাতে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী জানা যায়, প্রায় ছয় বছর আগে মায়ের মৃত্যুর পর থেকে ঘরে একা থাকার সুযোগে বাবা বিভিন্ন সময়ে মেয়েটিকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করতেন। দীর্ঘদিন বিষয়টি কাউকে না বললেও, কিছুদিন আগে কৌশলে মেয়েটি বাবার এই ঘৃণ্য কর্মকাণ্ডের কয়েকটি ভিডিও ধারণ করেন। পরে ঘটনাটি স্থানীয়দের জানালে তারা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


সংসদের অধিবেশন শুরু

সংসদ ভবন, ৯ জুলাই, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল ৩ টা ৪ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।

অধিবেশন শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষিকাকে মারধরের ঘটনায় শিক্ষার্থীর মায়ের গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষিকাকে মারধরের ঘটনায় শিক্ষার্থীর মায়ের গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধরের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে মিতালী খাতুন নামে এক অভিভাবক।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার নিজ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মিতালী খাতুন হলেন ওই পাড়ার সামসউর রহমান শুভর স্ত্রী।

জানা গেছে, বুধবার (৮ জুলাই) সকালে ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সমাবেশ চলাকালে প্রধান শিক্ষিকা কাবেরী করিম কানে হাত দেওয়ার কারণে দ্বিতীয় শ্রেণির ছাত্রী বিসমাহ জান্নাত ঐশ্বর্যকে শাসন করেছিলেন। বিষয়টি জানার পর দুপুরে ওই ছাত্রীর অভিভাবক সামসউর রহমান শুভ ও তার স্ত্রী মিতালী খাতুন বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষিকার কক্ষে প্রবেশ করেন। এ সময় প্রধান শিক্ষিকার শাসনের কারণে ক্ষুব্ধ হয়ে ছাত্রীর বাবা শুভ প্রধান শিক্ষিকাকে মারধর করেন। ওই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে রাতে প্রধান শিক্ষিকা থানায় বাদী হয়ে মামলা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, মামলার দ্বিতীয় আসামি মিতালী খাতুনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে, তার স্বামী শুভ পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%