০১:৫৪ পি.এম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরির জন্য ২০২৬-২৭ অর্থবছরে ৩০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। তবে বই সংগ্রহের জন্য বরাদ্দ থাকলেও লাইব্রেরিতে সেগুলো সংরক্ষণের জন্য পর্যাপ্ত জায়গা নেই। স্থানসংকটের কারণে নতুন ও পুরোনো বই স্তূপ করে রাখতে হচ্ছে। এমনকি শিক্ষকদের জন্য নির্ধারিত কক্ষে বই রাখা হচ্ছে।
তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ২৪ হাজার ৭৩৮টি বই রয়েছে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে নতুন যুক্ত হয়েছে ৬৬০টি বই। নতুন বই সংগ্রহের উদ্যোগ অব্যাহত থাকলেও জায়গার অভাবে সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। লাইব্রেরির কাউন্টারের পেছনে প্রায় দুই থেকে তিন হাজার বই রাখা হয়েছে।
এদিকে, লাইব্রেরিতে পর্যাপ্ত আসন ও বই না থাকার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাওজিয়া ফারিহা মন্তব্য করেন, "আমাদের কেন্দ্রীয় লাইব্রেরিতে স্টুডেন্ট এর সংখ্যা অনুযায়ী যথেষ্ট পরিমাণ আসন নেই। অনেক সময় আমরা যেয়ে বসার জায়গা পাই না। এছাড়া তেমন বইও নেই। এটি খুবই হতাশাজনক।"
আরও পড়ুন: ঢাকা বোর্ডের নির্দেশনায় এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে পরীক্ষকরা
শিক্ষার্থী সাইদুল ইসলাম জানান, লাইব্রেরিতে বর্তমানে শূন্য জায়গার অভাব রয়েছে। পর্যাপ্ত জায়গার অভাবে লাইব্রেরির একই কক্ষে সাজানো হয়েছে কম্পিউটার ল্যাব এবং পড়ার টেবিল। বইয়ের নতুন কোনো আলমারি বসানোর জন্য ফাঁকা জায়গা নজরে পড়ছে না। পত্রিকা ও সাময়িকী রাখার তাকটির জায়গা হয়েছে লাইব্রেরির বাইরের কক্ষে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মো. মহিউদ্দিন আলম বলেন, "এবছর নতুন করে ৬৩২টি বই অর্ডার দেওয়া হয়েছে। তবে লাইব্রেরিতে পর্যাপ্ত জায়গা না থাকায় ব্যাক কাউন্টারের পেছনে প্রায় ২-৩ হাজার বই রাখা হয়েছে।"
স্থানসংকটের কারণে ভবিষ্যতে নতুন বই কেনা নিয়ে অনিশ্চয়তা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, "পরবর্তী সেশনে নতুন বই কিনতে পারবো কিনা তা নিয়ে সন্দেহ আছে।"
লাইব্রেরির জায়গা সম্প্রসারণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, "লাইব্রেরির জন্য জায়গা সম্প্রসারণ করার সুযোগ নেই। যতদিন না পর্যন্ত আমরা নতুন ক্যাম্পাসে যেতে পারছি ততদিন পর্যন্ত সমস্যার সমাধান সম্ভব নয়।"
আরও পড়ুন: বাকৃবির স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রির নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন