ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

পাঁচশ টাকার টিউশনি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান: নোমানের সফল উদ্যোগ


পাঁচশ টাকার টিউশনি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান: নোমানের সফল উদ্যোগ

মাসে মাত্র পাঁচশ টাকার একটি টিউশনি দিয়ে যার পথচলা শুরু হয়েছিল, আজ তাঁর হাতেই গড়ে উঠেছে লাখ টাকার অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ জোগাতে একসময় যিনি হিমশিম খেয়েছেন, তাঁর এই প্রতিষ্ঠানে এখন নিয়মিত পড়াশোনা করছেন অর্ধশতাধিক শিক্ষার্থী। শুধু নিজের আত্মনির্ভরশীলতাই নয়, তাঁর এই উদ্যোগের মাধ্যমে আজ কর্মসংস্থানের সুযোগ হয়েছে আরও আটজন শিক্ষার্থীর।

সংগ্রাম আর সাফল্যের এই রূপকথার নায়কের নাম আব্দুল্লাহ আল নোমান। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী। বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার মৌহারগ্রামে। বাবা শামছুল হক স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন। সীমিত আয়ের এক পরিবারে জন্ম নেওয়া নোমানের শিক্ষাজীবনের প্রতিটি পদক্ষেপে ছিল নানা প্রতিকূলতা ও লড়াইয়ের গল্প।

স্মৃতি হাতড়ে ২০১৫ সালের সেই দিনগুলোর কথা মনে করেন নোমান। সে বছর পরিবারে আর্থিক সংকট তীব্র আকার ধারণ করায় তাঁর পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়েই অনিশ্চয়তা দেখা দেয়। বাবার একার উপার্জনে যেখানে সংসার চালানোই দায়, সেখানে নিজের পড়াশোনার খরচ তো বিলাসিতা। নিরুপায় হয়ে নিজের খরচ নিজেই জোগানোর কঠিন সিদ্ধান্ত নেন তিনি। মাত্র ৫০০ টাকার বিনিময়ে এলাকার দুই শিক্ষার্থীকে পড়ানোর মধ্য দিয়ে শুরু হয় তাঁর দীর্ঘ সংগ্রামের যাত্রা। এভাবেই ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিরাজগঞ্জ শহরে নিজের টিউশনির আয়েই নিজের পড়াশোনা চালিয়ে গেছেন তিনি।

আরও পড়ুন: মাভাবিপ্রবিতে ৭ দিনব্যাপী ঐতিহ্যবাহী ভাসানী মেলা শুরু

দারিদ্র্য যেন প্রতিনিয়ত তাঁর পথ আটকে দাঁড়াতে চেয়েছিল। আলিমে (এইচএসসি) ভর্তির সময় যখন অর্থের অভাব দেখা দেয়, তখন ৮ হাজার টাকা ঋণ করে ভর্তি হন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায়। তবে শত আর্থিক সীমাবদ্ধতা ও সামাজিক প্রতিকূলতাও তাকে লক্ষ্যচ্যুত করতে পারেনি।

নোমানের জীবনের মোড় ঘুরে যায় করোনাকালে। মহামারির প্রভাবে যখন প্রচলিত টিউশনির সুযোগ চিরতরে বন্ধ হওয়ার উপক্রম, তখন হতাশ না হয়ে বিকল্প আয়ের পথ খুঁজতে শুরু করেন তিনি। সেই দূরদর্শিতা থেকেই ২০২১ সালের শুরুর দিকে ফেসবুকে ‘তাদিলুল উম্মাহ একাডেমি’ নামে ফেসবুক পেইজ খুলে অনলাইনভিত্তিক পাঠদান শুরু করেন। তাঁর মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিন পরিবারগুলোর সন্তানদের কাছে মাতৃভাষায় শিক্ষার আলো পৌঁছে দেওয়া।

শুরুর পথটা মোটেও সহজ ছিল না। প্রত্যাশিত সাড়া না পেয়েও হাল ছাড়েননি নোমান; বরং নিরলস পরিশ্রম চালিয়ে গেছেন। অবশেষে ২০২২ সালের শেষ দিক থেকে ধীরে ধীরে বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা। প্রবাসী পরিবারের শিশুদের অনলাইনে পবিত্র কুরআন শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি পড়ানো শুরু করেন তিনি। ধীরে ধীরে তাঁর ব্যক্তিগত এই উদ্যোগটিই রূপ নেয় একটি পূর্ণাঙ্গ অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠানে।

বর্তমানে ‘তাদিলুল উম্মাহ একাডেমি’র পরিধি বেশ প্রসারিত হয়েছে। আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বর্তমানে ক্লাস প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী এখানে আরবি, বাংলা ও ইংরেজি বিষয়ে পাঠ গ্রহণ করছেন। প্রাতিষ্ঠানিক এই কার্যক্রমে নোমানের অধীনে বর্তমানে আরও আটজন শিক্ষক সম্মতির ভিত্তিতে কাজ করছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির মাসিক আয় ছাড়িয়েছে লাখ টাকার ঘর। নিজের উদ্যোগের মাধ্যমে তিনি যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন, তেমনি তৈরি করেছেন অন্যদের কর্মসংস্থানের সুযোগও।

আরও পড়ুন: ড্যাফোডিলে সাংবাদিকতায় মানসিক চাপ ও ট্রমা ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন

নিজের এই সংগ্রামমুখর যাত্রার বিষয়ে আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘২০১৫ সালের পর পরিবারের পক্ষে আমার পড়ার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছিল। বাধ্য হয়ে ৫০০ টাকার টিউশনি দিয়ে জীবনযুদ্ধ শুরু করি। পরে করোনাকালে টিউশন বন্ধ হলে ২০২১ সালে “তাদিলুল উম্মাহ একাডেমি” নামে ফেসবুক পেজ খুলে অনলাইন পাঠদান শুরু করি। প্রথম দিকে তেমন সাড়া মেলেনি, কিন্তু আমি থামিনি। আজ বিদেশের প্রায় ৭০-৮০ জন শিক্ষার্থী আমার প্রতিষ্ঠানে পড়ছে। আমিসহ মোট নয়জন শিক্ষক এখানে কর্মরত এবং আমাদের একটি নিজস্ব ওয়েবসাইটও রয়েছে।’

ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এই তরুণ উদ্যোক্তা বলেন, ‘সরকারি কিংবা প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠানের পরিধি আরও বাড়িয়ে দেশের বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারব। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের দোরগোড়ায় বাংলা, আরবি, ইংরেজি ও গণিতসহ আমাদের জাতীয় শিক্ষাক্রম পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখি। আমার এই স্বপ্ন বাস্তবায়নে আমি দেশবাসী ও সরকারের আন্তরিক সহযোগিতা এবং সবার দোয়া কামনা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ববি হাজ্জাজ: প্রাথমিক শিক্ষায় বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


ববি হাজ্জাজ: প্রাথমিক শিক্ষায় বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ

বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল। তারা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিশুদের মৌলিক দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ, মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে কাজ করতে চায়।

বুধবার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্লোবাল সিইও) রীনা ঘেলানি এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে প্ল্যান ইন্টারন্যাশনালের সিইও বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিমন্ত্রীর নেতৃত্ব ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, শিশুদের প্রারম্ভিক বিকাশ, মানসম্মত শিক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধ তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। তারা বাংলাদেশে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকারি উন্নয়ন-পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণে আগ্রহী।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বৈঠকে উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য কেবল শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসা নয়, বরং প্রতিটি শিশুর জন্য কার্যকর ও মানসম্মত শিখন নিশ্চিত করা। তিনি বলেন, শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতার পাশাপাশি সৃজনশীলতা এবং ভবিষ্যৎ জীবনের উপযোগী দক্ষতা অর্জনের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

বৈঠকে মেয়েদের ঝরে পড়া রোধ, শিশুবান্ধব বিদ্যালয় পরিবেশ, পৃথক স্যানিটেশন ব্যবস্থা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পরিবারগুলোকে সক্ষম করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জের উল্লা গ্রামে চার প্রতিবন্ধীর জীবনযাপন ও চিকিৎসার সংকট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


কালীগঞ্জের উল্লা গ্রামে চার প্রতিবন্ধীর জীবনযাপন ও চিকিৎসার সংকট

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উল্লা গ্রামে চার প্রতিবন্ধী ব্যক্তি জীবনযাপন করতে লড়াই করছেন। প্রতিদিন তারা দরিদ্রতা, শারীরিক সীমাবদ্ধতা এবং বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছেন। তাদের উন্নত চিকিৎসা, কানে শোনার যন্ত্র এবং কারো চলাচলের জন্য একটি হুইলচেয়ারের প্রয়োজন রয়েছে। কেউ আবার ছোট সন্তান নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। যদিও তারা সরকারি প্রতিবন্ধী ভাতা পান, তবুও তা দিয়ে চিকিৎসা, চলাচল এবং দৈনন্দিন প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে না।

কালীগঞ্জ উপজেলার এই চার প্রতিবন্ধী হচ্ছেন— উল্লা গ্রামের আট বছর বয়সি শিশু আবু রায়হান, ২৭ বছর বয়সি সাথী খাতুন, ২১ বছর বয়সি আলী রাজ এবং ৪০ বছর বয়সি সাক্ষী খাতুন। তাদের প্রত্যেকের জীবনযাত্রার গল্প আলাদা হলেও প্রয়োজনের ক্ষেত্রে তাদের মধ্যে মিল রয়েছে। যদি কিছু সহযোগিতা পাওয়া যায়, তবে তাদের জীবনযাত্রা কিছুটা সহজ হতে পারে। আবু রায়হান উল্লা গ্রামের আসাদুল ইসলাম ও সীমা খাতুন দম্পতির বড় সন্তান। সে দুই ভাইবোনের মধ্যে বড়। আট বছর বয়সি এই শিশুটি শ্রবণ ও বাকপ্রতিবন্ধী।

জন্মের পর দুই বছর পেরিয়ে তার বাবা-মা বুঝতে পারেন যে, অন্যান্য শিশুদের মতো সে স্বাভাবিকভাবে শুনতে ও কথা বলতে পারছে না। ক্ষেতমজুর বাবা আসাদুল ইসলাম দিনমজুরির আয় দিয়ে সংসার চালান। সন্তানের চিকিৎসার জন্য ধারদেনা করে বিভিন্ন চিকিৎসকের কাছে গেছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা করাতে পারেননি। আবু রায়হানের কানে শোনার জন্য একটি ভালো মানের হিয়ারিং মেশিন প্রয়োজন, যার একটির দাম ৫ লাখ টাকা এবং অন্যটির দাম প্রায় ৮০ হাজার। তুলনামূলক কম দামের একটি যন্ত্র কিনতেও প্রয়োজন প্রায় ৩০ হাজার টাকা। কিন্তু দিনমজুর দরিদ্র বাবার পক্ষে কোনোটিই কেনা সম্ভব হচ্ছে না। চিকিৎসা ও প্রয়োজনীয় যন্ত্রের অভাবে শিশুটির স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হচ্ছে। স্কুলে গেলে সহপাঠীদের কেউ কেউ তাকে বোবা বলে উপহাস করে, যা তার মানসিকভাবে কষ্ট দেয় এবং এখন সে আর স্কুলে যেতে চায় না।

সাথী খাতুনের প্রয়োজন চিকিৎসা ও চলাচলের ব্যবস্থা। তিনি ফরাদ উল্লাহ ও রেবেকা খাতুন দম্পতির মেয়ে। এক ভাই ও দুই বোনের মধ্যে সাথী সবার বড়। পরিবারের ভাষ্য অনুযায়ী, দুই মাস বয়সে একটি টিকা দেওয়ার পর থেকে সাথী অসুস্থ হতে থাকেন। তবে টিকার সঙ্গে তার শারীরিক সমস্যার চিকিৎসাগত সম্পর্ক নিশ্চিত নয়। বর্তমানে কোমরের নিচের অংশ কার্যত অচল। ২১ বছর বয়সি আলী রাজ দুই হাতে লাঠি ভর দিয়ে কষ্ট করে হাঁটেন। কখনো এক পা, কখনো অন্য পা টেনে এগিয়ে চলেন। জীবিকার নির্দিষ্ট কোনো ব্যবস্থা না থাকায় তাকে মানুষের কাছে সাহায্য চাইতে হয়। আলী রাজ উল্লা গ্রামের তারিক হোসেন ও আন্না খাতুন দম্পতির দুই ছেলের মধ্যে বড়। তাকে কালীগঞ্জ শহরের একটি প্রতিবন্ধী বিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। কিন্তু অর্থসংকট ও সহপাঠীদের উপহাসের কারণে একপর্যায়ে পড়াশোনা বন্ধ হয়ে যায়। চলতি বছরের জানুয়ারিতে ক্যানসারে আক্রান্ত হয়ে আলী রাজের মা মারা যান। স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে তারিক হোসেনের সঞ্চিত অর্থ ও সম্পদ শেষ হয়ে গেছে বলে তিনি জানান।

সাক্ষী খাতুনের জীবন আরো কঠিন। আলী রাজদের বাড়ির পাশেই ৪০ বছর বয়সি সাক্ষী খাতুন বসবাস করেন। জন্ম থেকেই তার দুটি পা নেই। দুই হাতের ওপর ভর দিয়ে অতিকষ্টে চলাফেরা করেন তিনি। উল্লা গ্রামের দরিদ্র কৃষক নুর ইসলাম ও লিলি খাতুন দম্পতির মেয়ে সাক্ষী। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি সবার বড়। প্রায় সাত বছর আগে পাশের কোলা ইউনিয়নের আকির হোসেনের সঙ্গে ভালোবেসে বিয়ে হয় সাক্ষীর। তাদের সংসারে রয়েছে চার বছর বয়সি একটি কন্যাসন্তান। কিন্তু বিয়ের পর একপর্যায়ে স্বামী আকির হোসেন তাদের ছেড়ে চলে যান। পরে তিনি অন্যত্র বিয়ে করে সংসার করছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপর থেকে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন সাক্ষী। ছোট্ট মেয়েকে নিয়ে একটি জরাজীর্ণ ঘরে কোনোমতে দিন কাটছে তাদের। নিজের চলাফেরা, মেয়ের লালনপালন ও সংসারের খরচ জোগাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে তাকে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে একা চলাফেরা করাও তার জন্য কঠিন। সাক্ষী খাতুনের বাবা নুর ইসলাম বলেন, "আমার মেয়ের জন্ম থেকেই দুটি পা নেই। তারপরও মেয়েটার বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম তার একটা সংসার হবে। কিন্তু স্বামী তাকে ছেড়ে চলে গেছে। এখন ছোট্ট নাতনিকে নিয়ে আমার বাড়িতে থাকে। আমিও গরিব কৃষক। নিজের সংসার চালাতেই কষ্ট হয়। মেয়ের জন্য আলাদা করে কিছু করার সামর্থ্য নেই।" তিন মাস পরপর যে প্রতিবন্ধী ভাতা পায়, তা দিয়ে সংসার চলে না। মেয়ের চলাচলের জন্য একটি হুইলচেয়ার এবং নাতনিকে নিয়ে বেঁচে থাকার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। সাক্ষীর মা লিলি খাতুন বলেন, "মেয়েটার কষ্ট দেখলে বুক ফেটে যায়। জন্মের পর থেকে অনেক কষ্ট করে বড় করেছি। ভেবেছিলাম বিয়ের পর তার কষ্ট কিছুটা কমবে। কিন্তু এখন মেয়েটা ছোট শিশুকে নিয়ে আমার বাড়িতে অসহায়ভাবে দিন কাটাচ্ছে।"

কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, "জামাল ইউনিয়নের উল্লা গ্রামের এই চারজনেরই প্রতিবন্ধী পরিচয়পত্র রয়েছে এবং তারা সরকারি প্রতিবন্ধী ভাতা পান। আবু রায়হানের চিকিৎসা ও কানে শোনার যন্ত্রের প্রয়োজনের বিষয়টি জানতে পেরেছি। তার পরিবার আবেদন করলে সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হবে। অন্য তিনজনের চিকিৎসা ও হুইলচেয়ারের প্রয়োজনের বিষয়েও তারা আবেদন করলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানানো হবে। সরকারি নিয়ম ও বরাদ্দ অনুযায়ী তাদের সহায়তার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে আবু রায়হানের কানে শোনার যন্ত্রের ব্যবস্থা হলে তার শিক্ষা ও সামাজিক যোগাযোগের সুযোগ বাড়তে পারে। হুইলচেয়ারের ব্যবস্থা হলে সাথী, আলী রাজ ও সাক্ষী খাতুনের চলাচলে সহায়ক হতে পারে। তাই শুধু ভাতা প্রদান নয়, তাদের বিশেষ প্রয়োজন অনুযায়ী সহায়তা নিশ্চিত করাও জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি হামলায় গাজায় বাবা-শিশুসহ আট ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


ইসরাইলি হামলায় গাজায় বাবা-শিশুসহ আট ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে এক বাবা এবং তাঁর ১৩ বছর বয়সী ছেলে অন্তর্ভুক্ত রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) গাজা সিটির দারাজ, জেইতুন ও সাবরা এলাকায় বিমান হামলা এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনূস শহরে গুলির মাধ্যমে এসব প্রাণহানির ঘটনা ঘটে।

আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজা সিটির দারাজ এলাকায় ঘুবাইন পরিবারের বাড়িতে ইসরাইলি বিমান হামলায় তিনজন প্রাণ হারান। একই শহরের জেইতুন এলাকার একটি তাঁবুতে পৃথক বিমান হামলায় নিহত হন এক বাবা ও তাঁর ১৩ বছর বয়সী ছেলে।

এছাড়া, দক্ষিণ গাজার খান ইউনূস শহরে ইসরাইলি সেনাদের গুলিতে এক ব্যক্তি নিহত হন। পরে মঙ্গলবার গাজা সিটির সাবরা এলাকায় ইসরাইলি বিমান হামলায় আরও দুইজন নিহত হওয়ার খবর জানায় ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা।

গত বছরের যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর থেকে উপত্যকাটিতে ইসরাইলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরাইলের সামরিক অভিযানের পর থেকে গাজায় নিহতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে।

এদিকে, সপ্তাহান্তে মৌসুমের প্রথম শক্তিশালী ঝড়ে গাজায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, মাত্র ১২ ঘণ্টায় প্রায় ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে। এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০ লাখ ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিসের অভিযোগ, ইসরাইল ৬০ হাজার মোবাইল হোম ও দুই লাখ তাঁবু প্রবেশে বাধা দিচ্ছে। তাদের দাবি, গাজায় মাত্র ২০ হাজার তাঁবু প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। যুদ্ধের কারণে উপত্যকাটির প্রায় ৮৫ শতাংশ বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি মানবিক সহায়তা প্রবেশেও বিধিনিষেধ রয়েছে বলে অভিযোগ করেছে সংস্থাটি।

এদিকে, হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্ত নিয়ে আলোচনায় সমঝোতা হয়নি। বর্তমানে ইসরাইলি বাহিনী গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। এসব এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যসূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁশখালী মহাসড়ক প্রশস্তকরণ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


বাঁশখালী মহাসড়ক প্রশস্তকরণ হচ্ছে

চট্টগ্রামের বাঁশখালী থেকে চকরিয়া ঈদমনি পর্যন্ত ৫৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা যানজট নিরসন ও জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে। এই মহাসড়কটি ৩৪ ফুট প্রশস্ত হবে। রাস্তার দুপাশে তিন ফুট করে ছয় ফুট ফুটপাত বা সাধারণের চলাচল পথ থাকবে। এই মহাসড়ক প্রশস্তকরণের জন্য প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৮৩ কোটি টাকা। ৩০.৪০ হেক্টর ভূমি অধিগ্রহণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। রাস্তার পাশে অবস্থিত মসজিদ, মন্দির, দোকান ও বাড়ি-ঘরের তালিকা প্রণয়ন করা হচ্ছে। জানা গেছে, আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘি থেকে বাঁশখালী চকরিয়া ঈদমনি পর্যন্ত ৫৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণ করা হবে।

এই আঞ্চলিক মহাসড়কের বাঁশখালী অংশে ৩০.৪০ হেক্টর ভূমি অধিগ্রহণ হবে, যা ১৯৫ কানি জমির সমান। আনোয়ারা, পেকুয়া ও চকরিয়ায় ভূমি অধিগ্রহণ কাজ সম্পন্ন হলেও বাঁশখালী অংশের অধিগ্রহণের কাজ ধীরগতিতে চলছে। সচেতন মহল দ্রুত অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে। জানা যায়, আনোয়ারা কালাবিবির দিঘি থেকে বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী, চকরিয়া ঈদমনি পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও উন্নীতকরণের জন্য দোহাজারী সড়ক বিভাগ থেকে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) ইতোমধ্যেই ঢাকা সড়ক ও জনপথ অধিদপ্তরে পাঠানো হয়েছে। চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ জানায়, কর্ণফুলী ট্যানেলকে বহুমুখী ব্যবহার উপযোগী করার পাশাপাশি বিদ্যমান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনের চাপ কমানোর লক্ষ্যে এই মহাসড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম জোনের সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রজেক্ট ডাইরেক্টর পিডি আবদুল আলম বলেন, আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘি থেকে বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী, চকরিয়া ঈদমনি পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও উন্নীতকরণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তিনি আরও জানান, এ প্রকল্প প্রস্তাবে প্রাক্কলিত ব্যয় ১ হাজার ১৮৩ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা মন্তব্য করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের বিকল্প সড়ক হিসেবে যোগাযোগ ব্যবস্থায় একটি মাইলফলক হয়ে উঠবে। বাঁশখালী উপজেলা হয়ে কক্সবাজারের দূরত্ব কমবে এবং এই সড়কে যানজট ও দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে। এতে লাখ লাখ মানুষ যোগাযোগের সুবিধা ভোগ করবে।

স্থানীয় সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপি বলেন, হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ বাঁশখালীর মানুষের প্রাণের দাবি। ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দিয়েই অধিগ্রহণের কাজ সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%