১০:০৮ পি.এম
কুমিল্লার দেবীদ্বারে মায়ের সঙ্গে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকের চাপায় মোসা. মিনহা (৮) নামের এক শিশু প্রাণ হারিয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ছোটশালঘর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
মিনহা (৮) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বারানি গ্রামের মো. মনিরুল ইসলামের কন্যা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অসুস্থ মিনহাকে নিয়ে তার মা জুলেখা আক্তার দেবীদ্বার উপজেলার ছোটশালঘরে বাবার বাড়িতে বেড়াতে আসেন। আজ সকালে তারা দেবীদ্বার ডাক্তার দেখাতে যান। ডাক্তার দেখানোর পর ফেরার পথে ছোটশালঘর এসে গাড়ি থেকে নামেন তারা। নামার পর মিনহা দৌড়ে রাস্তা পার হতে গিয়ে সিলেটগামী একটি দ্রুত গতির ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: গোমস্তাপুরে পাচারের সময় ১৬ বস্তা সার আটক, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন