প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মঙ্গল গ্রহ, যা মহাকাশের লাল গ্রহ হিসেবে পরিচিত, বরফে ঢাকা বিশাল অঞ্চলে গাছের মতো অদ্ভুত নকশার উপস্থিতি লক্ষ্য করা গেছে। দূর থেকে দেখলে মনে হয়, বরফের চাদরে ঢাকা একটি স্থানে ঘন বন গড়ে উঠেছে। তবে বিজ্ঞানীরা এ সম্পর্কে জানিয়েছেন, এগুলো আসলে গাছ নয়। বরং বরফে ঢাকা বালুর স্তূপের ওপর তৈরি হয়েছে কালো রেখা ও শাখা-প্রশাখার মতো আকৃতি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার (নাসা) মার্স রিকনাইস্যান্স অরবিটার মহাকাশযানের ক্যামেরায় এই বিস্ময়কর দৃশ্যটি ধরা পড়েছে। ছবিটি মঙ্গলের উত্তর মেরুর কাছাকাছি একটি অঞ্চলে তোলা হয়েছে। সেখানে বরফে ঢাকা বালুর স্তূপের ওপর ছড়িয়ে রয়েছে গাঢ় রঙের অসংখ্য রেখা।
বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলের শীতকালে কার্বন ডাই-অক্সাইডের বরফে ঢেকে যায় বালুর স্তূপগুলো। বসন্ত আসলে সূর্যের আলোতে সেই বরফ উত্তপ্ত হতে শুরু করে। তবে এটি পৃথিবীর মতো গলে পানিতে পরিণত হয় না, বরং সরাসরি কঠিন অবস্থা থেকে গ্যাসে রূপান্তরিত হয়। বিজ্ঞানের ভাষায় এ প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন।
এই সময় বরফের নিচে গ্যাস জমতে থাকায় চাপ বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে বরফের উপরিভাগে ফাটল তৈরি হয়। সেই ফাটল দিয়ে গ্যাসের সঙ্গে বেরিয়ে আসে নিচে জমে থাকা কালো বালু। পরে বালুগুলো ঢাল বেয়ে নিচে নেমে আসে। এভাবেই বরফের ওপর গাছের শাখা-প্রশাখার মতো অদ্ভুত নকশা তৈরি হয়।
নাসার প্রকাশিত ছবিতে একটি বালুর স্তূপ থেকে ধুলার মেঘও ওপরে উঠতে দেখা গেছে। বিজ্ঞানীদের ধারণা, হঠাৎ করে বালু ঢাল বেয়ে নিচে নেমে আসার কারণেই ধুলার এই মেঘ সৃষ্টি হয়েছে।
গবেষণায় দেখা গেছে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মঙ্গলের এসব বালুর স্তূপের আকৃতিও পরিবর্তিত হয়। কিছু স্তূপের নিচের অংশ এক মঙ্গলবর্ষে সর্বোচ্চ ৪ দশমিক ৭ মিটার পর্যন্ত এগিয়ে যেতে পারে।
অর্থাৎ, দূর থেকে গাছের বন মনে হলেও মঙ্গলের বরফে ঢাকা এই রহস্যময় দৃশ্যের পেছনে রয়েছে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক প্রক্রিয়া। লাল গ্রহের আবহাওয়া, বরফ এবং বালুর গতিবিধি সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে নাসার এই পর্যবেক্ষণ।
তথ্যসূত্র: সামা টিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন