১০:৫৩ এম
ইলিয়াস আহমেদ নিখোঁজ হয়েছিলেন মাত্র ২০ বছর বয়সে। তার পরিবার অভিযোগ করেছে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে ৮৮ দিন গোপন বন্দিশালায় রাখা হয়েছিল। পরে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ কারাবাস ও প্রায় নয় বছরের আইনি লড়াইয়ের পর, আদালতে সব অভিযোগ থেকে তিনি খালাস পেয়েছেন। গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতেও তার অভিযোগ গৃহীত হয়েছে। তবে, রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, আর্থিক সহায়তা কিংবা পুনর্বাসন এখনো মেলেনি।
নথিপত্র ও ইলিয়াসের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালের ৪ এপ্রিল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামে জন্মগ্রহণ করেন ইলিয়াস আহমেদ। তার বাবার নাম আমির আলী। একটি পোশাক কারখানার (গার্মেন্ট কোম্পানি) মানবসম্পদ (এইচআর) বিভাগে চাকরির সুবাদে গাজীপুরে থাকাকালীন, ২০১৭ সালের ৪ মার্চ গাজীপুরের বাংলা বাজার থেকে তাকে তুলে নেওয়া হয়। ৮৮ দিন নিখোঁজ থাকার পর ৩১ মে তাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় (নম্বর ৪০(০৫)২০১৭) গ্রেপ্তার দেখানো হয়। পরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের মামলায় (নম্বর ২৪৩/২০১৮) তাকে ৮০৮ দিন কারাভোগ করতে হয়। ২০১৯ সালের ৬ আগস্ট উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।
আইনি লড়াই অব্যাহত ছিল। অবশেষে ২০২৬ সালের ২৬ এপ্রিল বিচারিক আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দেন। অন্যদিকে, গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে তার অভিযোগ যাচাই-বাছাই শেষে তালিকাভুক্ত হয়েছে। এর স্মারক নম্বর গু.ক.ই-২.২০২৪-১০৫৭, তালিকায় ক্রমিক ৩৯১ এবং নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর ১৮৩৪।
আরও পড়ুন: কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চালুর পরিকল্পনা ২০২৭ সালের জুলাই
ইলিয়াসের দাবি, গুম ও কারাবাসের কারণে তার শিক্ষাজীবন ও কর্মজীবনের স্বপ্ন নষ্ট হয়েছে। দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে তার পরিবারও আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
ইলিয়াস আহমেদ বলেন, "আদালত আমাকে নির্দোষ ঘোষণা করেছেন, গুম কমিশনেও আমার অভিযোগ গৃহীত হয়েছে। কিন্তু হারিয়ে যাওয়া নয়টি বছর, শিক্ষাজীবন ও সামাজিক সম্মান কে ফিরিয়ে দেবে? রাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো সহযোগিতা বা পুনর্বাসন পাইনি।"
আদালতে খালাস পাওয়ার পরও স্বাভাবিক জীবনে ফিরতে রাষ্ট্রীয় সহায়তা না পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ইলিয়াস। তার দাবি, হারানো সময় ও জীবনের ক্ষতি পুষিয়ে নিতে শুধু আইনি মুক্তি নয়, প্রয়োজন যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপের উদ্যোগ, বিএনপির সঙ্গে আলোচনা শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন