ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী


আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকারের দৃষ্টিতে উন্নয়ন মানে কেবল দৃশ্যমান বিশাল অট্টালিকা বা মেগা প্রজেক্ট নয়, বরং মাটির নিচে লুকিয়ে থাকা গ্যাস সম্পদ উত্তোলন করাই এখনকার আসল উন্নয়ন।

আজ রোববার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক বিপ্লবী বাংলাদেশ’-এর ৫৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিগত সরকার ১৭ বছরে নিজস্ব গ্যাস সম্পদ উত্তোলন না করে আমদানিকারকদের সুবিধা দিতে হাজার হাজার কোটি টাকার জ্বালানি বিদেশ থেকে নিয়ে এসেছে। ফলে পুরো বিদ্যুৎ ব্যবস্থা আমদানি-নির্ভর হয়ে পড়েছিল। মধ্যস্বত্বভোগীদের লাভের সুযোগ দিতেই নিজস্ব উত্তোলন বন্ধ রেখে বেশি দামে গ্যাস আমদানি করা হয়েছে।

আরও পড়ুন: ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

তিনি বলেন, একদল লুটেরাকে ধনী করার উদ্দেশ্যে দুর্বল বৈদেশিক মুদ্রার ওপর দাঁড়িয়ে থাকা একটি দেশে এমন চক্রান্তই করা হয়েছিল। তবে বর্তমান সরকার নিজস্ব গ্যাস সম্পদ উত্তোলনে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত সচল রাখতে বাধ্য হয়ে যেটুকু প্রয়োজন কেবল সেটুকুই আমদানি করা হবে, বাকি চাহিদা নিজস্ব উত্তোলনের মাধ্যমেই মেটানো হবে, যাতে উৎপাদন খরচ অনেকাংশে কমে আসে।

ভবিষৎ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষার করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় নেশাদ্রব্য উৎপাদন করে বাংলাদেশকে বাজার হিসেবে ব্যবহারের গভীর ষড়যন্ত্র চলছে। অতীতে কোনো কোনো সংসদ সদস্য এসব কারবারে জড়িত থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সেই সমস্ত কারবারীরা সরকার পরিবর্তনের পর এখন ক্ষমতাসীন দলের পার্টনার খুঁজে বেড়াচ্ছেন। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে এসব চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মসূচির মধ্য দিয়েই এই সংস্কার ও মেরামতের কাজ সম্পন্ন হবে।

বিএনপিতে কোনো গডফাদার বা মাস্তানতন্ত্রকে প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন: মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করবে ঢাকা ম্যাস ট্রানজিট

গণমাধ্যমকে সমাজের নিখুঁত আয়না হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, গণমাধ্যম নিখুঁত না হলে সমাজের সঠিক ছবি উঠবে না এবং তা সাধারণ মানুষের আস্থা হারিয়ে ফেলবে।

দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খশরু, বিএনপি নেতা আজিজুল হক আক্কাস, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পণ্ডিত, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া ব্রিজ এলাকায় একটি তেলবাহী লরি, একটি বালুবাহী ট্রাক এবং একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ঘটে যাওয়া ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটার পর মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, যা উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি করে।

রবিবার (৯ আগস্ট) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা রিপন মিয়া (২৭) এবং অন্যজন হলেন পশ্চিম মাধবপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে আবুল খায়ের (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ঢাকার দিকে ধাবিত একটি তেলবাহী লরি এবং একটি বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ব্যাপকতার কারণে বালুবাহী ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর আছড়ে পড়ে, যার ফলে ঘটনাস্থলেই ট্রাকে থাকা রিপন মিয়া ও সিএনজির যাত্রী আবুল খায়ের নিহত হন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাধবপুর থানা পুলিশ, শায়েস্থাাগঞ্জ হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত যানবাহনের ভিতর থেকে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার জন্য শায়েস্থাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।

মাধবপুর থানার এসআই ফারুক মিয়া জানান, সংঘর্ষের পর ট্রাকটি অটোরিকশার ওপর উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে আবার যান চলাচল স্বাভাবিকে ফিরে আসে।

শায়েস্থাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এই ঘটনার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফলন ভালো হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় পাটচাষিরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


ফলন ভালো হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় পাটচাষিরা

ফলন ভালো, কিন্তু দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পাটচাষিরা। নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শুলধিয়া গ্রামের মনু মোল্যা তার বাড়ির পাশের সড়কে পাট শুকাচ্ছেন। শনিবার তোলা। এবছর তিনি ৬০ শতক জমিতে পাটের আবাদ করেন এবং খরচ হয়েছে ২৫ হাজার টাকা। মৌসুমের শুরুতে পাটের বাজার দর ছিল চার হাজার ৫০০ টাকা, যা পরে কমে তিন হাজারে দাঁড়িয়েছে। দাম কমার কারণে হতাশ মনু মোল্যা।

শনিবার (৮ আগস্ট) তাঁর সঙ্গে কথা হলে মনু মোল্যা জানান, "পাট চাষ করে যে টাকা খরচ হয়েছে, সেই তুলনায় দর দাম নাই।" তিনি আরও বলেন, "বাজার দর যদি না বাড়ে তাহলে আগামী বছর হয়তো পাট চাষ করা হবে না।"

মনু মোল্যার মতো জেলার অধিকাংশ কৃষকও পাটের দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তাঁরা মন্তব্য করেন, প্রতিবছর উৎপাদন খরচ বাড়লেও পাটের দাম একই রকম থেকে গেছে। এই কারণে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন তারা।

নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা, পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন পাট চাষিরা। অনেকে পাটের পাশাপাশি পাটকাটি প্রক্রিয়াজাত করে ঘরে তুলছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর পাটের ভালো ফলন হয়েছে।

নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের কোড়গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে চিত্রা নদী। ওই নদীতে পাট জাগ দিচ্ছেন কৃষক দীপক রায়। তিনি বলেছেন, "পাটের ন্যায্যমূল্য পাওয়ার আর কোনো আশা নেই।" প্রথম দিকে পাটের দাম ছিল মণপ্রতি চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা, কিন্তু বর্তমানে তা নেমে দাঁড়িয়েছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা। তাঁর ভাষ্য, "আমরা এখন কেবল জাগ দিচ্ছি। এই পাট বাছাই করে ধুয়ে রোদে দিয়ে হাটে নেওয়ার জন্য এখনও অনেক সময় বাকি। সেই সময়ের মধ্যে দাম হয়তো দুই হাজার থেকে আড়াই হাজারটাকায় নামবে।"

দীপক রায় আরো বলেন, "একজন শ্রমিকের দাম ৫০০ টাকা। সকাল ৯টায় কাজে আসে, দুপুর ১টায় চলে যায়। কয় ঘণ্টা কাজ করে?" তিনি বলেন, "চাষার বাঁচার কোনো পথ নেই। এক আটি পাট ঘরে তুলতে ২০ টাকা খরচ হয়ে যায়। ফলন ভালো আছে, কিন্তু বাজার যদি ঠিক না থাকে তাহলে আমাদের বাঁচার আর কোনো পথ নেই।"

মোবারক নামের এক চাষি বলেন, "মাঠ থেকে এক আটি পাট আনতে ১০ টাকা দিতে হচ্ছে। জমি প্রস্তুত করা, পাট কাটা, পচানো, বাছাই, শুকানো সব মিলে পাটে যে খরচ, তাতে আমরা লাভবান হতে পারছি না। হাট থেকে পাট বিক্রি করে সেটি আবার শ্রমিকদের দিয়ে দিতে হচ্ছে। সরকারের কাছে আবেদন, পাটের দাম সরকারিভাবে নির্ধারণ করা হোক।"

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে নড়াইলে ২৩ হাজার ৫০০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল। বর্তমানে ২৩ হাজার ৫১৭ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ হেক্টর বেশি। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পাটের আবাদ হয়েছে লোহাগড়ায় ১২ হাজার ১৬৫ হেক্টর জমিতে। এছাড়া সদর উপজেলায় ছয় হাজার ৯৪২ হেক্টর এবং কালিয়া উপজেলায় চার হাজার ৪১০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দণ্ডিতদের তথ্য নিয়ে উন্মুক্ত ডেটাবেইস নয় কেন, হাইকোর্টের রুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


দণ্ডিতদের তথ্য নিয়ে উন্মুক্ত ডেটাবেইস নয় কেন, হাইকোর্টের রুল

ফৌজদারি মামলায় দণ্ডিতদের তথ্যযুক্ত একটি ‘সর্বজনীন প্রবেশযোগ্য অনলাইন ডেটাবেইস’ কেন তৈরি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই বিষয়ে সংশ্লিষ্ট রিটের প্রাথমিক শুনানির পর রবিবার (৯ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রুল প্রদান করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করার জন্য উপস্থিত ছিলেন ব্যারিস্টার ফাহমিদা আখতার। তিনি নিজেই এই রিট আবেদন করেছিলেন। সাংবাদিকদের তিনি জানান, ‘দেশে অপরাধ দিনে দিনে বেড়ে চলেছে। তাই দণ্ডিত আসামিদের রেকর্ডগুলো ব্যবহার করে একটি অনলাইন ডেটাবেইস তৈরি করা গেলে সেই রেকর্ডগুলো পাবলিকলি অ্যাভেইলেবল থাকবে। ফলে সামাজিক ক্রিটিসিজম (সমালোচনা) এবং অস্ট্রাসিজমের (সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার) ভয়ের কারণে যেকোনো ব্যক্তি অপরাধ করার মতো সাহস করে না।’

তিনি আরও বলেন, ‘এতে অপরাধের সংখ্যা ও মাত্রা কমে আসবে। তাছাড়া কাউকে চাকরিতে বা কাজে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কিংবা কারোর সঙ্গে পারিবারিক-সামাজিক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির অতীত ও বর্তমান যাচাই করা যাবে। এতে নাগরিক অধিকার অক্ষুন্ন থাকবে।’

এই আইনজীবী জানান, রুলের জবাব দিতে চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইনসচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাউদকান্দিতে আওয়ামী লীগ নেতাসহ ৫ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


দাউদকান্দিতে আওয়ামী লীগ নেতাসহ ৫ জন গ্রেপ্তার

 

কুমিল্লায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অপরাধের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা। রবিবার (৯ আগস্ট) ভোর রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের সূত্র থেকে জানা যায়, রবিবার রাত আড়াইটার দিকে সুন্দলপুর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের সুন্দলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়ালীউল্লাহ প্রধানকে (৬০) গ্রেপ্তার করা হয়। একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো অন্য একটি অভিযানে বিটেশ্বর এলাকা থেকে শিশু ধর্ষণ (বলাৎকার) মামলার আসামি এবং পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম মো. আব্দুর রহমানকে (৬৫) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া আরো পৃথক অভিযানে সবজিকান্দি এলাকা থেকে ডাকাতি মামলার আসামি মো. ইমরান হোসেন এবং মালীগাঁও এলাকা থেকে সিআর/জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি মো. হযরত আলী (৫৩) ও মো. নাঈম মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%