০২:২০ পি.এম
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে দুটি পৃথক কয়লাখনিতে ঘটে যাওয়া বিস্ফোরণ ও ধসে ৩৫ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।
বেলুচিস্তানের রাজধানী কোয়েটার নিকটে সোরাঞ্জ নামের একটি দুর্গম এলাকায় অবস্থিত খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হন। খনির মালিক কুরবান জোগেজাই জানিয়েছেন, ভূগর্ভে জমে থাকা মিথেন গ্যাসের জন্য এই বিস্ফোরণটি ঘটেছে। দুর্ঘটনার সময় খনির অভ্যন্তরে মোট ৪২ জন শ্রমিক কাজ করছিলেন।
আরও পড়ুন: কংগ্রেসকে পরজীবী ও রাহুলকে ব্যর্থ পণ্য আখ্যা দিলেন নরেন্দ্র মোদি
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে কুরবান জোগেজাই বলেছিলেন, হতাহত শ্রমিকদের মধ্যে সবাই পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলার বাসিন্দা।
বৃহস্পতিবারের এই বিস্ফোরণের পর, বিধ্বস্ত খনিতে উদ্ধার অভিযান শুরু করে বেলুচিস্তানের প্রাদেশিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের (পিডিএমএ) উদ্ধারকারী দল। শুক্রবার (৩১ জুলাই) উদ্ধারকারী বাহিনীর এক সদস্য জানিয়েছেন, নিখোঁজ শ্রমিকদের খোঁজ পাওয়া না যাওয়া পর্যন্ত তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।
একই দিনে, বেলুচিস্তানের হারনাই জেলার আরেকটি কয়লাখনিতে বড় আকারের পাথরের স্তূপ ধসে পড়ে আরও এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা পুলিশ নিশ্চিত করেছে।
জোড়া দুর্ঘটনার পর, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: পাকিস্তানের গোয়াদরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ সন্ত্রাসী
পাকিস্তানের বেলুচিস্তান ও সিন্ধ প্রদেশের কয়লাখনিগুলোতে সুরক্ষাব্যবস্থার ঘাটতির কারণে প্রায়শই এমন মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে চলতি জুলাই মাসের শুরুর দিকে সিন্ধের থাট্টা জেলায় অন্য একটি কয়লাখনি ধসে ৪ জন শ্রমিক নিহত ও ৫ জন গুরুতর আহত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন