০৬:২৩ পি.এম
সরকার দেশের মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে চলতি অর্থবছরে বিভিন্ন পরিকল্পনার আওতায় ১১টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মন্ত্রী আজ সংসদে হবিগঞ্জ-৪ আসনের সরকারি দলের সদস্য এস. এম. ফয়সলের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
মন্ত্রী আরও জানান, মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
আরও পড়ুন: কংগ্রেস ভারতকে 'বাংলাদেশ' বানানোর চক্রান্তে লিপ্ত, নির্বাচন ছাড়াই ক্ষমতা দখল করতে চায়
গৃহীত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প, ময়মনসিংহ বিভাগে টেকসই মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প, খরা-প্রবণ রংপুর বিভাগে টেকসই মৎস্যচাষ সম্প্রসারণ প্রকল্প, বাংলাদেশের মৎস্যসম্পদ জরিপ প্রকল্প, নির্বাচিত বাঁওর এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প এবং বাংলাদেশের সামুদ্রিক মৎস্যসম্পদ জরিপ ও মজুদ নিরূপণ জোরদারকরণ প্রকল্প।
এছাড়া অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে দেশি পাঙ্গাস ও পোয়া মাছের স্থায়িত্বশীল ব্যবস্থাপনা প্রকল্প, চা-বাগান ও পার্শ্ববর্তী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টিমান উন্নয়নে মৎস্য সম্প্রসারণ প্রকল্প, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্প, হাওর অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প এবং অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জলাশয় সংস্কার ও আবাসস্থল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আরও জানান, মোট ১ হাজার ৮৭৫ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, হবিগঞ্জ জেলার জন্য পৃথক কোনো বরাদ্দ না থাকলেও 'হাওর অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প'-এর আওতায় জেলাটি অন্তর্ভুক্ত রয়েছে এবং প্রকল্পের সুবিধা পাবে।
আরও পড়ুন: সংবাদপত্রের মালিক পেয়ার মিয়াঁকে ১০ দফা যাবজ্জীবন কারাদণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন