ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

গোলাবাড়ী উত্তরপাড়ায় দীর্ঘদিনের পানির সংকটের অবসান, সোহেল মেম্বারের উদ্যোগে স্থাপিত হলো টিউবওয়েল


গোলাবাড়ী উত্তরপাড়ায় দীর্ঘদিনের পানির সংকটের অবসান, সোহেল মেম্বারের উদ্যোগে স্থাপিত হলো টিউবওয়েল

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের গোলাবাড়ী উত্তরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পানির সংকটে ভুগছিলেন আব্দুল বাসেত ওরফে বাসু মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা। নিরাপদ খাবার পানি ও দৈনন্দিন ব্যবহারের পানির জন্য তাদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এ অবস্থায় স্থানীয় মানুষের পানির কষ্টের বিষয়টি জানতে পেরে অত্র ওয়ার্ডের মেম্বার সোহেল মেম্বার উদ্যোগ নেন। তাঁর ব্যবস্থাপনায় বাসু মিয়ার বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এতে দীর্ঘদিনের পানির সংকট থেকে পরিবারটি স্বস্তি পেয়েছে।
টিউবওয়েল স্থাপনের সময় স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা সোহেল মেম্বারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের পানির সমস্যা সমাধানে এই উদ্যোগ এলাকাবাসীর জন্য অত্যন্ত উপকারী।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এলাকার মানুষের মৌলিক সমস্যা সমাধানে জনপ্রতিনিধিরা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা ওয়াসার কর্মকর্তা হারুনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, দুদকের তদন্ত জরুরি !

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:২২ পি.এম


ঢাকা ওয়াসার কর্মকর্তা হারুনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, দুদকের তদন্ত জরুরি !

ঢাকা ওয়াসার জোন-৩-এর রাজস্ব পরিদর্শক (সাবেক মিটার রিডার) হারুন অর রশিদ (রানা)-এর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা দাবি করেছেন, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

অভিযোগ অনুযায়ী, হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে আন্ডার বিলিং, মিটারে অনিয়ম এবং অনুমোদনহীন পানির সংযোগের মাধ্যমে সরকারি রাজস্ব ক্ষতির সুযোগ সৃষ্টি করেছেন। অভিযোগে আরও বলা হয়েছে, তিনি গ্রাহকদের সঙ্গে অনৈতিক সমঝোতার মাধ্যমে ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা গ্রহণ করেছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, দাপ্তরিক দায়িত্ব নিজে পালন না করে বহিরাগত ব্যক্তিদের মাধ্যমে মিটার রিডিং ও বিলিংয়ের কাজ করানোর অভিযোগও রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এ ধরনের কর্মকাণ্ডের ফলে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি প্রশ্নের মুখে পড়েছে।


অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী অনুসন্ধানে রাজধানী ঢাকার মোহাম্মদপুর ও সংলগ্ন অভিজাত এলাকায় হারুন অর রশিদ ও তার পরিবারের নামে-বেনামে ৪টি বহুতল ভবন ও দামি বাড়ির সন্ধান মিলেছে, ০১ টিক্কাপাড়া (৭/এ/১৫), মোহাম্মদপুর একটি বহুতল আধুনিক আবাসিক ভবন।
০২ ঢাকা উদ্যান, ৩ নং রোড ৪ তলা বিশিষ্ট একটি বিলাসবহুল ভবন।
০৩ নূরজাহান রোড, মোহাম্মদপুর ২ তলা বিশিষ্ট একটি বাণিজ্যিক/আবাসিক বাড়ি।
০৪ চান মিয়া হাউজিং, মোহাম্মদপুর একটি বড় আবাসিক বাড়ি ও জায়গা।

কেবল ঢাকা শহরেই নয়, ঢাকার বাইরে গাজীপুর ও ময়মনসিংহ এই জেলাগুলোতে রয়েছে তার একাধিক টিনশেড ও পাকা বাড়ি। এছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে গড়ে তুলেছেন কয়েক একর জায়গাজুড়ে বিশাল মুরগির খামার (পোল্ট্রি ফার্ম) এবং বিভিন্ন বাজার এলাকায় ক্ষমতার দাপটে অবৈধ দখলের মাধ্যমে বেশ কিছু দোকানপাট তৈরিরও অভিযোগ রয়েছে।

ময়মনসিংহ জেলার পাগলা থানার মাখল গ্রামে তার রয়েছে একটি প্রাসাদসম বিলাসবহুল বাড়ি, যা দূর-দূরান্তের মানুষের কাছেও কৌতূহলের বিষয়। এছাড়া গ্রামের চারপাশজুড়ে বিঘার পর বিঘা দামি কৃষিজমি ক্রয় করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন।

আইনি জটিলতা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চোখ এড়াতে হারুন অর রশিদ তার অধিকাংশ সম্পদ নিজের নামে না রেখে স্ত্রী, সন্তান এবং অতি ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের নামে ক্রয় করেছেন।

স্থানীয়দের অভিযোগ, তিনি কেবল দুর্নীতির টাকাই কামাননি, বরং নিজের এলাকায় এক প্রকার ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। গ্রামের অসহায় ও দরিদ্র মানুষদের ভয়ভীতি দেখিয়ে এবং প্রতারণার আশ্রয় নিয়ে তিনি বহু জমি জবরদখল করেছেন।

অভিযোগ রয়েছে, হারুন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন তফসিলি ব্যাংক ও পোস্ট অফিসে কোটি কোটি টাকার স্থায়ী আমানত (FDR) ও সঞ্চয়পত্র রয়েছে। এছাড়া একজন তৃতীয় শ্রেণির কর্মচারী হওয়া সত্ত্বেও তার পরিবার ব্যবহার করছে একাধিক দামি গাড়ি এবং তাদের হেফাজতে রয়েছে প্রায় ১০০ ভরি স্বর্ণালঙ্কার, যা তার বৈধ বেতন কাঠামোর সাথে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।

সম্প্রতি হারুন অর রশিদের এই বিশাল দুর্নীতির বিরুদ্ধে সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ে এবং তদন্ত সংস্থায় অভিযোগ জমা পড়েছে। গ্রামবাসী ও ওয়াসার সচেতন কর্মকর্তা-কর্মচারীদের দাবি, হারুন অর রশিদের আয়ের প্রকৃত উৎস খতিয়ে দেখতে অবিলম্বে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ বিচার বিভাগীয় বা বিশেষ তদন্ত কমিটি গঠন করা হোক। তার এবং তার পরিবারের সদস্যদের নামে-বেনামে থাকা জ্ঞাত আয় বহির্ভূত সমস্ত সম্পদের হিসাব প্রকাশ ও তা দ্রুত সরকারি কোষাগারে বাজেয়াপ্ত করা হোক।


ঢাকা ওয়াসার একজন সাধারণ মিটার রিডার থেকে রাজস্ব পরিদর্শক হয়ে শতকোটি টাকার সম্পদের মালিক বনে যাওয়ার এই উত্থানকে অনেকেই “আলাদীনের চেরাগ”-এর সঙ্গে তুলনা করছেন।
প্রতিবেদনে উল্লিখিত অভিযোগের বিষয়ে হারুন অর রশিদের বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে পিআইও রেজার বিরুদ্ধে দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে অনিয়মের অভিযোগ!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


ময়মনসিংহে পিআইও রেজার বিরুদ্ধে দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে অনিয়মের অভিযোগ!

ময়মনসিংহ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ একই কর্মস্থলে দায়িত্ব পালন, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, ঘুষ গ্রহণ এবং সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি হচ্ছে যে, মনিরুল হক ফারুক রেজা ২০১৮ সালের ২৫ অক্টোবর ময়মনসিংহ সদর উপজেলায় যোগদানের পর প্রায় ৮ বছর একটি নির্দিষ্ট কর্মস্থলে দায়িত্ব পালন করে আসছেন। সরকারি চাকরির জন্য প্রচলিত বদলি নীতিতে নির্দিষ্ট সময় পর বদলির বিধান থাকলেও অভিযোগ উঠেছে যে, তা কার্যকর হয়নি।

স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ত্রাণ, দুর্যোগ ব্যবস্থাপনা, পুনর্বাসন এবং স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি নানাবিধ অনিয়মে জড়িয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে যে, বিভিন্ন প্রকল্পে কাজের অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রে কমিশন গ্রহণ করা হয়েছে এবং উন্নয়ন বরাদ্দের অর্থ অপব্যবহারের মাধ্যমে আর্থিক অনিয়ম সংঘটিত হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২৪ থেকে ২০২৫ অর্থবছর পর্যন্ত বিভিন্ন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কাবিটা ও কাবিখা প্রকল্পের কিছু কাজ যথাযথভাবে বাস্তবায়ন না করেই সরকারি অর্থ ব্যয়ের অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে অভিযোগকারীরা দাবি করছেন যে, নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজার বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন আগামীতে প্রদর্শিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কায় প্রথমবার সক্রিয় ক্রিকেটারদের সংগঠন, সভাপতি হলেন কুশল মেন্ডিস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


শ্রীলঙ্কায় প্রথমবার সক্রিয় ক্রিকেটারদের সংগঠন, সভাপতি হলেন কুশল মেন্ডিস

শ্রীলঙ্কার ক্রিকেটে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। প্রথমবারের মতো পেশাদার ক্রিকেটারদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শ্রীলঙ্কান প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসএলপিসিএ)। সংগঠনটির প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার বর্তমান টেস্ট অধিনায়ক কুশল মেন্ডিস।

এই সংগঠনটি পুরুষ ও নারী—দুই জাতীয় দলের সক্রিয় ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে কাজ করবে। ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং নারী দলের অধিনায়ক চামারি আতাপাত্তুর মতো শ্রীলঙ্কার বেশ কয়েকজন তারকা ক্রিকেটার সংগঠনটি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এসএলপিসিএ সরাসরি ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) অধিভুক্ত, যা শ্রীলঙ্কার ক্রিকেটারদের প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলোয়াড়-অধিকার, কল্যাণ ও সুরক্ষা কার্যক্রমের সঙ্গে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে।

এপর্যন্ত শ্রীলঙ্কা ছিল বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি ক্রিকেটীয় দেশের মধ্যে একটি, যেখানে ডব্লিউসিএ-স্বীকৃত সক্রিয় ক্রিকেটার সংগঠন না থাকার ঘটনা ঘটেছে। নতুন এই সংগঠনটি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের খেলোয়াড় সংগঠনগুলোর আদলে কাজ করবে।

বছরের পর বছর যাবৎ শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও খেলোয়াড়দের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ দেখা গেছে। আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য অনাপত্তিপত্র এবং বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা নিয়ে সম্প্রতি বিরোধ তৈরি হয়েছিল। এসব বিষয়ে ক্রিকেটারদের সম্মিলিত অবস্থান তুলে ধরাই হবে এসএলপিসিএর অন্যতম প্রধান কাজ।

এই সংগঠনটি জানিয়েছে, শ্রীলঙ্কার ক্রিকেটে সংস্কার ও আধুনিকায়নের চলমান প্রক্রিয়ায় ক্রিকেটারদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির পক্ষে দুই মনোনয়নপত্র সংগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির পক্ষে দুই মনোনয়নপত্র সংগ্রহ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে, এরইমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করেছে ইসি। এর পূর্বে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারিত হয়েছে এবং ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এই সময়সূচি চূড়ান্ত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%