০৯:৪৯ পি.এম
রংপুরের কাউনিয়ায় দুর্গাপূজা উদ্যাপন শেষে প্যান্ডেল ও লাইটিংয়ের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটে শাকিল উদ্দিন (১৯) নামের এক শ্রমিকের।
এই দুর্ঘটনাটি ঘটে বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চৈতার মোড় দিঘলটারী দুর্গা মন্দিরে।
মৃত শাকিল উদ্দিন ওই ইউনিয়নের মন্ডলটারী মধুপুর গ্রামের জাহিদুল ইসলাম ও সাজেদা বেগমের একমাত্র সন্তান ছিলেন। জীবিকার প্রয়োজনে তিনি স্থানীয় মধুপুর বাজারের ‘মাহিন সাউন্ড অ্যান্ড ডেকোরেটরে’ কাজ করতেন।
আরও পড়ুন: কুলাউড়ায় জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালিত, বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পর পূজামণ্ডপের অস্থায়ী প্যান্ডেল, ইলেকট্রিক ও লাইটিংয়ের সরঞ্জামাদি অপসারণের জন্য মাহিন সাউন্ড অ্যান্ড ডেকোরেটরের পক্ষ থেকে শাকিলকে মন্দিরে পাঠানো হয়। দুপুরের দিকে বিদ্যুতের লাইন ও লাইটিংয়ের সরঞ্জামাদি অপসারণের জন্য জেনারেটরের দিকে হাত বাড়ালে, ঠিক সেই মুহূর্তে আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
ঘটনার সময় মন্দিরে উপস্থিত স্থানীয় লোকজন এবং দায়িত্বরত আনসার সদস্যরা শাকিলের চিৎকার ও আকস্মিক পতন দেখতে পান। মুহূর্তের মধ্যে তারা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসক শাকিলকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর থেকে একমাত্র কর্মক্ষম ছেলেকে হারিয়ে মা সাজেদা বেগম ও বাবা জাহিদুল ইসলামের মধ্যে শোকের মাতম চলছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দফা দাবি ১১-দলীয় জোটের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন