০৬:৫৩ পি.এম
ভারতের উত্তরপ্রদেশের শামলি জেলার কাইরানা শহরে একটি বিয়ের ওয়ালিমা (বৌভাত) অনুষ্ঠানে 'গরুর মাংস' পরিবেশনের অভিযোগের কারণে একটি তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনায় বর, তার মামা এবং বিয়ের অনুষ্ঠান আয়োজিত ব্যাঙ্কুয়েট হলের মালিককে পুলিশ গ্রেফতার করেছে। একই সাথে সিলগালা করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্কুয়েট হলটি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুন কাইরানার 'মুঘল ব্যাঙ্কুয়েট হলে' ওই ওয়ালিমা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে আচমকা অভিযান চালায়।
শামলি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত শুক্লা জানিয়েছেন, "অভিযোগের ভিত্তিতে মুঘল ব্যাঙ্কুয়েট হলে অভিযান চালিয়ে সন্দেহভাজন গরুর মাংস উদ্ধার করা হয়েছে। এই ঘটনার জন্য বর ফারমান, তার মামা সালমান এবং ব্যাঙ্কুয়েট হলের মালিক আনিসের বিরুদ্ধে 'উত্তরপ্রদেশ গো-বধ প্রতিরোধ আইন'-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে।"
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বিয়ের উপহার হিসেবে বর যে স্করপিও এসইউভি গাড়িটি পেয়েছিলেন, সেটিই ব্যবহার করে ওই মাংস অনুষ্ঠানস্থলে আনা হয়েছিল। পুলিশ গাড়িটি জব্দ করেছে।
পুলিশ জানিয়েছে, অনুষ্ঠানস্থল এবং এর আশপাশের এলাকা থেকে উদ্ধার হওয়া মাংসের নমুনাগুলি ইতিমধ্যেই ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এই চক্রের সঙ্গে অন্ন কেউ জড়িত কিনা এবং মাংসের উৎস কী, তা নিশ্চিত করতে পুলিশি তদন্ত ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। উত্তরপ্রদেশের কঠোর গো-বধ আইনের কারণে এই ঘটনাটি স্থানীয় এলাকায় একটি অত্যন্ত থমথমে পরিস্থিতির সৃষ্টি করেছে।
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন