ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
ভাইরাল ভিডিও নিয়ে ধোঁয়াশা

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির


‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

ফিফা আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়—এ ধরনের দাবি অনেকেই ২০২২ সালে কাতার বিশ্বকাপের সময় থেকে করে আসছেন।

আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দিকে বুটের তলা উঁচিয়ে পায়ের পেছনের অংশে মাড়িয়ে দেওয়ার পরও লিওনেল মেসি কোনো কার্ড না দেখায় এবারের বিশ্বকাপেও সেই দাবি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সেই দাবি যেন আরো জোরালো হয়েছে।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

১১ সেকেন্ডের সেই ভিডিওতে স্প্যানিশ ভাষায় ইনফান্তিনোকে বলতে শোনা যায়, ‘আজ (কেপ ভার্ডের বিপক্ষে) আর্জেন্টিনার খেলা দেখে আমার টেনশন হচ্ছিল ও চাপ অনুভব করছিলাম।’

এরপর ইনফান্তিনো দ্রুতই বুঝতে পারেন, তিনি কী বলে ফেলেছেন! সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে সুর বদল করেন, ‘আমি তো নিরপেক্ষ। (শুধু আর্জেন্টিনা নয়), সব দলের ক্ষেত্রেই আমার একই রকম অনুভূতি হয়।’

মায়ামিতে আজ কেপ ভার্ডেকে হারাতে আর্জেন্টিনাকে বেশ বেগ পেতে হয়েছে। এবারের বিশ্বকাপে চমক জাগানো দলটি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে। নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকায় খেলাটি গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে শেষ হাসি হাসে আর্জেন্টিনা; জায়গা করে নেয় শেষ ষোলোয়।

অনেকে ভাবছেন, মেসি-মার্তিনেজদের জিততে খুব কষ্ট করতে হয়েছে দেখেই হয়তো ইনফান্তিনো এ ধরনের কথা বলেছেন। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যিকার ভিডিও নাকি ভুয়া?

আরও পড়ুন: ঘিওরের ধলেশ্বরী নদীতে দুই দিন নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় ফ্যক্ট চেক (তথ্য যাচাই) করে জানা গেছে, ভাইরাল ভিডিও ক্লিপটিকে ভুয়া বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ, ইনফান্তিনো যে সাতটি ভাষায় অনর্গল কথা বলতে পারেন, তার মধ্যে স্প্যানিশ একটি।

তবে এআই বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি যেভাবে ছড়ানো হচ্ছে বা ইনফান্তিনোর বক্তব্য যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা আংশিক। পুরো বক্তব্য তুলে ধরা হয়নি।

তা ছাড়া ভিডিওতে স্টেডিয়ামের বাইরে ইনফান্তিনো শুধু একজন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, আশে পাশে অন্য কেউ ছিলেন না। তাই ভিডিওর সত্যতা নিয়ে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

মালয়েশিয়ার ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম স্টেডিয়াম অ্যাস্ট্রোও ফ্যাক্ট চেক করেছে। তাদের দাবি, ভিডিওটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়ে থাকতে পারে, আংশিক সম্পাদিত বা বিকৃত অথবা সম্পূর্ণ ভুয়াও হতে পারে।

আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে

সুতরাং কেউ যদি বলেন, জিয়ান্নি ইনফান্তিনো আর্জেন্টিনার সমর্থক বলে ধরা পড়ার পর কথা ঘুরিয়েছেন—এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দখলদারদের বাধার মুখে খাল না কেটে ফিরে এলেন এমপি-ডিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


দখলদারদের বাধার মুখে খাল না কেটে ফিরে এলেন এমপি-ডিসি

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সরকারি দেলভাষানি খালকে দখলমুক্ত করতে যেয়ে প্রশাসন দখলদারদের বাধার সম্মুখীন হয়ে উচ্ছেদ অভিযান স্থগিত করেছে। প্রশাসনের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে খালটি বাঁধ দিয়ে মাছ চাষ করে আসা ব্যক্তিদের আবেদনের পর ১৫ দিনের সময় দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেছেন। এ সময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের গোমতি এলাকায় দেলভাষানি খালের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোসা. আতিয়া খাতুন ও অন্যান্য সরকারি কর্মকর্তা-শ্রমিকরা উচ্ছেদ কার্যক্রম শুরুর আগেই দখলদারদের বাধার সম্মুখীন হন।

সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম কাজীর নেতৃত্বে কয়েকজন দখলদার প্রশাসনের কর্মকর্তাদের কাছে খাল না কাটার অনুরোধ জানান। ঘটনাস্থলে উপস্থিত সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের কাছেও একই দাবি উত্থাপিত হয়।

দখলদারদের পক্ষ থেকে বলা হয়, তারা সরকারি খাল আটকে মাছ চাষের জন্য পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগ করেছেন। এখন যদি খালটি কাটা হয়েছে, তাহলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। এ সময় স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্য ও জেলা প্রশাসকের কাছে দ্রুত খাল দখলমুক্ত করার দাবি জানান। তারা জানান, সরকারি খাল দখল করে মাছ চাষের কারণেই স্বাভাবিক পানি প্রবাহ হচ্ছে ব্যাহত এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ছে।

তবে প্রশাসন শেষ পর্যন্ত তাৎক্ষণিক উচ্ছেদ অভিযান পরিচালনা না করে দখলদারদের ১৫ দিনের সময় দেয়। এই সময়ে তারা মাছ তুলে নেয়ার নির্দেশে কর্মকর্তাগণ ঘটনাস্থল ত্যাগ করেন।

বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম কাজী দাবি করেন, তিনি খাল দখল করেননি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছর ধরে ছাত্রদল, যুবদল ও দলীয় লোকজন খালটি ভোগদখল করছে। জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, জেলা প্রশাসনের তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনার আওতায় জেলার প্রাকৃতিক জলাধার ও খাল উন্মুক্ত করার উদ্যোগ চালানো হচ্ছে।

এই উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে কৃষকদের জন্য সেচের পানি নিশ্চিত করা এবং প্রাকৃতিক জলসম্পদ সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করা। তিনি আরো বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কৌশলগত কারণে দেলভাষানি খালের ক্ষেত্রে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষ হলে আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাট-২ সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ জানান, খাল খনন ও অবৈধ দখল উচ্ছেদ সরকারের চলমান কর্মসূচির অংশ। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় মাইকিং করে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি খাল ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, সরকারি খালে মাছ চাষকারীরা অর্থ বিনিয়োগ করেছেন। তাদের আবেদনের পর মানবিক ও কৌশলগত দিক বিবেচনা করে মাছ তুলে নেওয়ার জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে আইন অনুযায়ী খাল সম্পূর্ণ দখলমুক্ত করা হবে।

প্রসঙ্গত, বাগেরহাট জেলার ৭৫টি ইউনিয়নে ছোট-বড় কয়েকশ সরকারি খাল অবৈধভাবে দখল করে প্রভাবশালীরা মাছ চাষ করছেন। এর ফলে পানি চলাচল ব্যাহত হচ্ছে, জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং কৃষি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধনবাড়ী-মধুপুরে উন্নয়নকাজ ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


ধনবাড়ী-মধুপুরে উন্নয়নকাজ ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা মন্ত্রীর

ধনবাড়ী-মধুপুরের সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, এলাকায় রাস্তা, সেতু, কালভার্ট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সমস্ত ধরনের উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি তা ও বলেছেন, উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।

শুক্রবার (৩ জুলাই) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন তিনি।

মন্ত্রী বলেন, ধনবাড়ী-মধুপুরের জনগণের ভোট ও আস্থার কারণে তিনি সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তিনি জনগণের এই আস্থার প্রতিদান উন্নয়নের মাধ্যমে দিতে চান।

তিনি আরো বলেন, সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যে উন্নয়নকাজ শুরু করেছে। পর্যায়ক্রমে এলাকার অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করা হবে।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারদের সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের অর্থে নির্মিত কোনো প্রকল্পে নিম্নমানের কাজ বা অনিয়ম গ্রহণযোগ্য নয়। যেকোনো স্থানে অনিয়ম দেখা গেলে স্থানীয় জনগণকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, ধনবাড়ী ও মধুপুরে কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, মাদক ও জুয়ার স্থান হতে দেওয়া হবে না। সরকার অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যেখানে নারী, শিশু ও সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবেন এবং শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবেন।

তিনি জানান, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এজন্য জনগণের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এর আগে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রী ধনবাড়ী নবাব ঈদগাহ ও খেলার মাঠের মাটিভরাট কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি, সুধীজন এবং বিপুলসংখ্যক স্থানীয় মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


সুনামগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

জেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

আজ শনিবার, সুনামগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. মতিউর রহমান খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সুনজিত কুমার চন্দ।

সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র সুনামগঞ্জ সরকারি কলেজ পরিদর্শন করে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠান নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলায় মোট ১৫,৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ১৩,৬৮৮ জন সাধারণ এইচএসসিতে, ৯৫৩ জন আলিমে এবং ৭০০ জন ভোকেশনালে শিক্ষার্থী রয়েছে। মোট ৩১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট

টানা কয়েকদিন ধরে খরতাপে বিধ্বস্ত সিলেটের জনজীবন। এবার সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) সিলেটের তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ সেলসিয়াস। যা চলতি মৌসুমে সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ রুদ্র তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সিলেটে আজ (শনিবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস।

যা চলতি বছরের মানে ২০২৬ সালের আজকে পর্যন্ত সর্বোচ্চ।’

এদিকে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সিলেট অঞ্চলজুড়ে। সকাল থেকেই রোদ চড়া হতে থাকে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে তা অসহনীয় হয়ে উঠে।

তীব্র গরম থেকে বাঁচতে অনেকে প্রয়োজন ছাড়া বের হননি। এতে করে নগর জীবনে কিছুটা স্থবিরতা নেমে এসেছে। নগরের সড়কগুলোতে যানবাহন সাধারণ দিনের তুলনায় কম দেখা গেছে।

খরতাপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের ও খেতে খাওয়া মানুষ।

নগরের চৌহাট্টায় এলাকায় আলিয়া মাদরাসার বড় গাছের ছায়ায় নিচে রিকশা নিয়ে বসে ছিলেন রিকশাচালক হাবিব মিয়া।

ক্লান্ত যাত্রীরা একেকজন একেক গন্তব্যে যাবেন কিনা তাকে জিজ্ঞেস করছেন কিছুক্ষণ পরপর। তিনি সাফ না বলে দিচ্ছিলেন।

ঘামে নেয়ে যাওয়া হাবিব মিয়া বললেন, ‘যে গরম। অনেক কষ্ট হয় পেডেল রিকশা চালাইতে। রইদ একটু কমউক (কমুক)। তখন রিকশা চালানির কথা চিন্তা করমু। জীবন আগে বাঁচাই। পরে খাওনের চিন্তা।’

দিনমজুর রফিকুল ইসলাম বলেন, ‘এই রোদে কাজ করতে গিয়ে মাথা ঝিমঝিম, শরীর খুব দুর্বল লাগে। কিন্তু পরিবারের কথা চিন্তা করে থামার সুযোগ নেই।’

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলেই তাপমাত্রা নিম্নমুখী হতে পারে। পাশাপাশি সিলেটের বিভিন্ন স্থানে হঠাৎ দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%