০৬:৩৪ পি.এম
খুলনার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ১৫ মাস ধরে বিনা বেতনে কাজ করা দুই শতাধিক আউটসোর্সিং কর্মীর বকেয়া বেতন অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় হওয়ার ঠিক পূর্বমুহূর্তে খুলনার সিভিল সার্জন তাদের সকলকে আকস্মিকভাবে অব্যাহতির আদেশ প্রদান করেছেন। এর ফলে হাসপাতালগুলোতে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি চরম অচল অবস্থায় পৌঁছেছে। ঘটনার ছয় দিন পর সিভিল সার্জন পূর্বের সেই চিঠি প্রত্যাহার করতে বাধ্য হন। তবে, এখনও বকেয়া বেতন না পাওয়ায় নিম্ন আয়ের এসব প্রান্তিক কর্মী মানবেতর জীবনযাপন করছেন।
জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় খুলনার ১৭টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ২১৪ জন আউটসোর্সিং কর্মচারীর এক বছরের বেতনভাতা বাবদ ৫ কোটি ২ লাখ ৮৯ হাজার টাকা ছাড় করে। কিন্তু এর ঠিক চার দিন পর, অর্থাৎ ২৬ অক্টোবর, খুলনার সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামান একটি অফিস আদেশে জেলার সকল আউটসোর্সিং কর্মচারীদের অব্যাহতি প্রদানের নির্দেশ দেন।
জেলার ৯ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট এবং সদর, খালিশপুর, টুটপাড়া আরবান ডিসপেনসারি ও সংক্রামক ব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসারদের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয় যে, ১৫ মাস ধরে আউটসোর্সিং জনবলের বেতনভাতা পরিশোধ করা হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়মিত বেতন দেওয়ার চুক্তি থাকলেও তারা তা মানছে না। এই অবস্থায় রাজস্ব খাতের কর্মচারী দিয়ে সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার স্বার্থে আউটসোর্সিং কর্মচারীদের অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী যাচ্ছেন, তাই ভাঙা রাস্তায় পড়ছে নতুন পিচ!
হতবাক কর্মীরা, ভেঙে পড়ে চিকিৎসাসেবা
এটি জানা গেছে যে, সিভিল সার্জন যেদিন অব্যাহতির চিঠি ইস্যু করেন, ঠিক সেদিন সকালে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২২ জন কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া বেতনের টাকা জমা হয়। কিন্তু বিকেলে সিভিল সার্জনের অব্যাহতির চিঠি হাতে পেয়ে তারা হতভম্ব হয়ে পড়েন।
এ বিষয়ে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী মো. রেজোয়ান রাজ বলেন, "দীর্ঘদিন বেতন-ভাতা না পেয়ে মানবেতর দিন কাটালেও তারা সেবা থামাননি। অবশেষে হাতে টাকা আসায় আমরা তা কর্মীদের মাঝে বিতরণ করি, ঠিক তখনই এই অদ্ভূত অব্যাহতির আদেশ আসে।"
এদিকে, অব্যাহতির চিঠি ছড়িয়ে পড়ার পরপরই ক্ষুব্ধ আউটসোর্সিং কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন। এর ফলে জেলার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। টিকিট কাউন্টার, জরুরি অপারেশন থিয়েটার (ওটি) সেবা, ওয়ার্ড বয় ও আয়া সংকটে গোটা হাসপাতালজুড়ে হাহাকার শুরু হয়। পরিচ্ছন্নতাকর্মীদের অনুপস্থিতিতে নোংরা আবর্জনায় পুতিগন্ধময় পরিবেশের সৃষ্টি হয়।
আরও পড়ুন: রোবোটিক সার্জারিতে অধ্যাপক ডা. রফিকূল ইসলামের সনদপত্র হস্তান্তর
ছয় দিনের মাথায় সিদ্ধান্ত বদল
পরিস্থিতির মারাত্মক অবনতি বিবেচনা করে মাত্র ছয় দিনের মাথায় গত ১ নভেম্বর এক অফিস আদেশে পূর্বের সেই আদেশ প্রত্যাহার করে সিভিল সার্জন সবাইকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেন। তবে, দুঃখজনক হলেও সত্য যে, সংশোধিত ওই চিঠিতে বকেয়া বেতন দ্রুত ছাড় বা পরিশোধের বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা ছিল না।
এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার সিভিল সার্জন অফিসে যোগাযোগ করা হলেও ডা. মো. মো. মনিরুজ্জামানকে পাওয়া যায়নি। এমনকি তার ব্যক্তিগত মোবাইল ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মো. মোশাররফ হোসেন বলেন, "আউটসোর্সিং কর্মী নিয়োগের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২১ অক্টোবর নতুন নির্দেশনা জারি করেছে। খুলনার সিভিল সার্জন সেই নির্দেশনা মেনেই চিঠি ইস্যু করেছিলেন। ঠিকাদারদের দেওয়া ওয়ার্ক অর্ডার এবং সঠিক কাগজপত্রের ভিত্তিতেই কর্মীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নিম্ন আয়ের এসব সেবাকর্মীর স্বার্থরক্ষায় আমরা আন্তরিক আছি।
আরও পড়ুন: বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন