ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

সেন্ট মার্টিনে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপণ মহড়া


সেন্ট মার্টিনে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপণ মহড়া

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে যৌথ অগ্নিনির্বাপণ মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস। পর্যটন মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবেলা এবং পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বীপের বিভিন্ন হোটেল, রিসোর্ট ও পর্যটনকেন্দ্রিক স্থাপনায় এ মহড়া অনুষ্ঠিত হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

সাব্বির আলম সুজন বলেন, "উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে কোস্ট গার্ড।" তিনি উল্লেখ করেন, ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে এ মহড়ার আয়োজন করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা যাচাই করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন: সিসিক প্রশাসকের সঙ্গে এমপি মালেকের বৈঠক: ৬ ওয়ার্ডে ৩৪২ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা

মহড়ায় সেন্টমার্টিনের বিভিন্ন হোটেল ও রিসোর্টের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের অগ্নিকাণ্ডের কারণ, আগুন নেভানোর প্রাথমিক কৌশল ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরো বলেন, সেন্ট মার্টিন দ্বীপের পর্যটন পরিবেশ নিরাপদ রাখা এবং পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আরও পড়ুন

পরবর্তী খবর

মালদ্বীপে প্রবাসীদের কল্যাণ ও নিয়মিতকরণের ওপর বাংলাদেশ হাইকমিশনারের গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


মালদ্বীপে প্রবাসীদের কল্যাণ ও নিয়মিতকরণের ওপর বাংলাদেশ হাইকমিশনারের গুরুত্বারোপ

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : মালদ্বীপে কর্মরত ও বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, অনথিভুক্ত প্রবাসীদের নিয়মিতকরণ, কর্মপরিবেশ নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা এবং ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সুযোগ সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের হাইকমিশনার।

আজ বুধবার, হাইকমিশনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র, শ্রম ও প্রযুক্তিমন্ত্রী আলী ইহুসানের সাথে তার অফিসে বৈঠক করেন।

বৈঠকে প্রবাসী কর্মীদের সার্বিক জীবনমান উন্নয়ন এবং আইনগত সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে জানান, দেশটিতে কর্মরত বিদেশি নাগরিকদের প্রায় ৯৮ শতাংশের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। এই অগ্রগতির জন্য হাইকমিশনার মালদ্বীপ সরকারকে অভিনন্দন জানান এবং বলেন, "বায়োমেট্রিক তথ্য যাচাই প্রবাসীদের নিয়মিতকরণ ও সরকারি সেবাপ্রাপ্তি সহজ করতে ইতিবাচক ভূমিকা রাখবে।"

অনথিভুক্ত প্রবাসীদের নিয়মিতকরণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, আনুষ্ঠানিক সময়সীমা পার হলেও বর্তমানে কর্মরত কর্মীদের জন্য প্রয়োজনীয় নথিপত্র অসম্পূর্ণ থাকলে নিয়োগকর্তার মাধ্যমে ইমিগ্রেশন, লেবার রিলেশনস অথরিটি বা সিটি কাউন্সিলে আবেদনের সুযোগ রয়েছে। এসময় ভুয়া নিয়োগ এবং কর্মী নিখোঁজের ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা ও আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে হাইকমিশনার প্রবাসী কর্মীদের বেতন-ভাতা নিয়োগচুক্তি অনুযায়ী প্রদান, নতুন ব্যাংক হিসাব খোলার সুবিধা বৃদ্ধি এবং অনুমোদিত ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও সাশ্রয়ী খরচে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা সহজ করার ওপর বিশেষ গুরুত্ব দেন।

প্রবাসী কর্মীদের সমস্যা দ্রুত সমাধান ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন এবং মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক সমন্বয় ব্যবস্থা গঠন এবং দ্বীপাঞ্চলগুলোতে যৌথ সচেতনতামূলক কর্মসূচি চালুর বিষয়ে দুই পক্ষ একমত পোষণ করে।

বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করতে মালদ্বীপের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সাথে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, শিরোপা জিতেছে শারীরিক শিক্ষা বিভাগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, শিরোপা জিতেছে শারীরিক শিক্ষা বিভাগ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জমকালো আয়োজন ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ শেষ হয়েছে। শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান (পিইএসএস) বিভাগ ৪-০ গোলে পরাজিত করে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগকে রোমাঞ্চকর ফাইনাল খেলায় শিরোপা অর্জন করেছে।

ফাইনাল ম্যাচটি মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, যিনি খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “নিয়মিত একাডেমিক চাপের মধ্যে খেলাধুলা শিক্ষার্থীদের অন্য রকম আনন্দ দেয়। এটি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের বিকাশ ঘটাতে এবং পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে সাহায্য করে।” তিনি টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড় ও দর্শক উভয়ের মধ্যে পড়াশোনায় কিছুটা উদাসীনতা লক্ষ করার পর সবাইকে পুনরায় মূল একাডেমিক পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের মাঠে এ ধরনের সুস্থ ও সুন্দর সহশিক্ষামূলক কার্যক্রমের প্রসার শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের আয়োজন সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণ, প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের প্রস্তুত করা এবং পরবর্তী সময়ে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে দেশের প্রতিনিধিত্ব করতে সহায়তা করে।

আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণের পূর্বে আন্তঃহল (ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬-এর চ্যাম্পিয়ন তাপসী রাবেয়া হল ও রানারআপ বীর প্রতীক তারামন বিবি হলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ ছাড়া বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন (নারী) প্রতিযোগিতায় এককে চ্যাম্পিয়ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিকা পদ্দার এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (নারী) প্রতিযোগিতা-২০২৬-এর রানারআপ হওয়ায় যবিপ্রবির নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, পিইএসএস বিভাগের অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক উজ্জ্বল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. জাহাঙ্গীর আলম, মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ। মাঠে উপস্থিত বিপুলসংখ্যক দর্শকের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক মতভেদ থাকলেও চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বে ঐক্য প্রকাশ করলেন নাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


রাজনৈতিক মতভেদ থাকলেও চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বে ঐক্য প্রকাশ করলেন নাহিদ

রাজনৈতিক মতভেদ থাকলেও চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের প্রশ্নে সবাই একমত বলে জানিয়েছেন সংসদের বিরোধীদদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে। কিন্তু চীনের সঙ্গে বন্ধুত্বের প্রশ্নে বাংলাদেশের জন্য যতটা সম্ভব আমরা এক সুরে কথা বলি।’

বাংলাদেশ ও চীন পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্ব এবং সমতার ভিত্তিতে পারস্পরিক কল্যাণ ও সহযোগিতার জন্য অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে একসঙ্গে পথ চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্ব চায় এবং নিজ জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা চীনকে একটি বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে মূল্যায়ন করি। বাংলাদেশ দৃঢ়ভাবে “ওয়ান চায়না” নীতি মেনে চলে।’

এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা রোহিঙ্গা সম্প্রদায়ের সহায়তাহীন পরিস্থিতির বিষয়টি উল্লেখ করতে চাই। প্রায় ২০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে এবং এটি আমাদের জন্য ও পুরো অঞ্চলের জন্যই বড় ধরনের সংকট তৈরি করছে।’

রোহিঙ্গাদের মাতৃভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় কলেজ মাঠে অবৈধ পশুহাট, ক্ষুব্ধ এলাকাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


কুষ্টিয়ায় কলেজ মাঠে অবৈধ পশুহাট, ক্ষুব্ধ এলাকাবাসী

সরকারি নিয়ম অনুযায়ী, কলেজের স্বাভাবিক কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হওয়ার কথা। কিন্তু দুপুর একটা বাজতেই শ্রেণিকক্ষের দরজায় তালা ঝুলছে, এবং জাতীয় পতাকাও নেই। কলেজের ভবন সংলগ্ন জায়গায় অসংখ্য বাঁশের খুঁটিতে বাঁধা রয়েছে ছোট-বড় গরু ও ছাগল। দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে চলছে বেচাকেনা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চৌরঙ্গী মহাবিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে এভাবে নিয়মিত পশুর হাট বসানো হচ্ছে। স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী এই নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

২০০০ সালে প্রতিষ্ঠিত চৌরঙ্গী মহাবিদ্যালয়ে বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রায় ৯৮ জন শিক্ষার্থী এবং অন্তত ৩০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে গত কোরবানির ঈদ উপলক্ষে প্রশাসন এই মাঠে তিন মাসের জন্য অস্থায়ী পশুহাটের অনুমোদন দিয়েছিল। গত ৩ আগস্ট সেই হাটের মেয়াদ শেষ হয়ে গেলেও অবৈধভাবে তা চালিয়ে নেওয়া হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, প্রতি রোববার কলেজ মাঠে সাপ্তাহিক পেঁয়াজের হাট এবং মঙ্গলবার পশুর হাট বসে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চললেও এই দুই দিন চৌরঙ্গী মহাবিদ্যালয়ের সব কার্যক্রম অঘোষিতভাবে বন্ধ থাকে। শুধু তাই নয়, কলেজ মাঠে স্থায়ীভাবে বাঁশ-খুঁটি পোঁতা থাকায় গত প্রায় সাত মাস ধরে স্থানীয় যুবসমাজের ফুটবল ও ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে।

এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ লাল মোহাম্মদ জানান, রোববার পেঁয়াজের হাটের কারণে ওই দিনের বদলে শনিবার কলেজ খোলা রাখা হয়। আর মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত ক্লাস চলার পর পশুহাট শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত কলেজ খোলা রাখার সরকারি নিয়ম থাকলেও হাটের কারণে তা মানা সম্ভব হচ্ছে না বলে তিনি স্বীকার করেন এবং সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

অন্যদিকে, চৌরঙ্গী পশুহাটের সাধারণ সম্পাদক আলম বিশ্বাসের দাবি, দুপুর একটার পর কলেজের ক্লাস হয় না। হাটের মেয়াদ বাড়ানোর জন্য তারা আবেদন করেছেন জানিয়ে তিনি বলেন, হাটের জন্য কলেজের পাশেই নতুন জমি প্রস্তুত করা হচ্ছে এবং খুব দ্রুতই হাটটি কলেজ মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে।

তবে বিকেল চারটার আগে কলেজ বন্ধ করার কোনো সুযোগ নেই এবং এটি একটি গুরুতর অপরাধ বলে জানিয়ে ছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেউ লিখিত অভিযোগ করলে বা সরেজমিনে গিয়ে এমন অনিয়মের প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নজরে আসার পর কুমারখালী উপজেলার সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলামও আশ্বাস দিয়েছেন, নিয়মের ব্যত্যয় ঘটলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অবিলম্বে এই অবৈধ হাট উচ্ছেদ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও খেলার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%