ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ডাবে চেতনানাশক মিশিয়ে প্রতারণা, চক্রের ৪ সদস্য গ্রেফতার


ডাবে চেতনানাশক মিশিয়ে প্রতারণা, চক্রের ৪ সদস্য গ্রেফতার

 

নওগাঁতে ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে এবং মানুষের কাছে ভুল তথ্য দিয়ে টাকা-পয়সা ও মালামাল হাতিয়ে নেওয়ার চক্রের চার সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে অটোরিকশা, মোটরসাইকেল, মোবাইল, নগদ অর্থ ও ঘুমের ওষুধ জব্দ করা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, পুলিশ বগুড়া ও গাইবান্ধা জেলায় একটানা ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার লোহাই মুরি এলাকার মন্ত মিয়ার ছেলে ইব্রাহীম ওরফে ইমন (৩৪), বরগুনা জেলার খেজুর তলা এলাকার ইসাইল হোসেনের ছেলে হুমায়ন কবির (৫০), বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার ফুল দিঘি পূর্ব পাড়া এলাকার মজিবর রহমানের ছেলে খাজা মিয়া (৫৬), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জিরাই এলাকার ছই মুদ্দিনের ছেলে আব্দুল গফুর (৪১)।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১০ জুলাই নওগাঁ সদর হাসপাতালে রুগি দেখার অজুহাতে সকাল সাড়ে ১০টার দিকে একজন ব্যক্তি অটোরিকশা রিজার্ভ ভাড়া নেয়। পরে হাসপাতলে উপস্থিত হলে আরো দুইজন ব্যক্তি নবজাতক শিশু জন্মগ্রহণ করায় তাদের মিষ্টি খেতে দেয়। এভাবে তারা চালকের বিশ্বাস অর্জন করে পরে চালককে একটি ডাব খেতে দেয়। সেই ডাবে আগেই বিষাক্ত চেতনানাশক মিশিয়ে রাখা হয়। চেতনানাশক মিশ্রিত ডাবের পানি খেয়ে চালক অজ্ঞান হয়ে গেলে, তারা সেই সুযোগে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ, বিভিন্ন অপরাধীর ডাটা বিশ্লেষণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে আসামিদের শনাক্ত করা হয় এবং বগুড়া ও গাইবান্ধা জেলায় একটানা ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশা, ঘুমের ওষুধ, ১টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ও ১১ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন, আসামি ইব্রাহীম এবং হুমায়ুনের বিরুদ্ধে হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বেশ কিছু বছর ধরে তারা মানুষকে ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ও ভুল তথ্য দিয়ে টাকা-পয়সা হাতিয়ে নিতেন। অপর দুই আসামি খাজা মিয়া ও আব্দুল গফুর প্রতারকদের সম্পদ ক্রয় করে বিক্রি করতো। তাদের সকলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বর্তমান সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার। উৎপাদনশীল, আত্মনির্ভর, বৈষম্যহীন ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সরকার দক্ষতা উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

আগামীকাল ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জাতিসংঘের আহ্বানে ২০১৫ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) প্রতিবছরের ন্যায় এ বছরও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের তরুণদের উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরের যে সুদূরপ্রসারী দর্শন ও কর্মসূচির ভিত্তি স্থাপন করেছিলেন, বর্তমান সরকার সেই ধারাবাহিকতাকে আরো শক্তিশালী ও যুগোপযোগী রূপ দিচ্ছে। সরকার দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সম্প্রসারণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মানবসম্পদের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি বলেন, আমাদের যুবসমাজ বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। তাদের দক্ষতা, উদ্ভাবনী সক্ষমতা ও পেশাগত যোগ্যতা বিকশিত করা গেলে দেশের শিল্পায়ন, উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো ত্বরান্বিত হবে। একই সঙ্গে বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং উদীয়মান প্রযুক্তির দ্রুত বিকাশ কর্মক্ষেত্রে যেমন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে, তেমনি নতুন সম্ভাবনারও দ্বার উন্মোচন করছে। এ বাস্তবতা বিবেচনায় রেখে সরকার দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরো আধুনিক, শিল্পমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে কাজ করছে।

তারেক রহমান বলেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ দক্ষতার মানোন্নয়ন, অভিন্ন সনদায়ন ব্যবস্থা প্রবর্তন, দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন, জাতীয় দক্ষতা প্রতিযোগিতার আয়োজন এবং বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিতকরণসহ বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করছে। পাশাপাশি সরকারি, বেসরকারি ও শিল্পখাতের সমন্বয়ে একটি সময়োপযোগী জাতীয় দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেম গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি উল্লেখ করেন, আমি বিশ্বাস করি, দক্ষতা উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পুনঃদক্ষায়ন (Reskilling) ও দক্ষতার নবায়ন (Upskilling)-এর সুযোগ সম্প্রসারণ এবং পরিবর্তিত আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী অধিক সংখ্যক দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণের জাতীয় অভিযাত্রা আরও বেগবান হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্স-স্পেনের সামনে ইতিহাস গড়ার হাতছানি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


ফ্রান্স-স্পেনের সামনে ইতিহাস গড়ার হাতছানি

ফিফা বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের দুজন অন্যতম ফেবারিট ফ্রান্স ও স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম সেমি-ফাইনাল ম্যাচটি শুরু হবে ১৫ জুলাই, বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

এই ম্যাচের উভয় দলের জন্য অনেক অর্জনের সুযোগ রয়েছে। এক নজরে দেখা নেওয়া যাক।

২০ বছর পর

এটি কেবল দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। এর আগে দুই দলের একমাত্র সাক্ষাৎটি হয়েছিল ২০০৬ সালের জার্মানি আসরে।

শেষ ষোলোর ম্যাচটিতে স্পেনকে দাভিদ ভিয়ার গোলে এগিয়ে দেয়। প্রথমার্ধে ফ্রান্সকে সমতায় ফেরান ফ্রাঙ্ক রিবেরি। ৮২ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ১-১। পরবর্তী ১০ মিনিটে স্পেনের জালে বল পাঠান পাত্রিক ভিয়েরা ও জিনেদিন জিদান। এইভাবে ৩-১ গোলের জয় তুলে নেয় ফরাসিরা।

দাপুটে স্পেন

আন্তর্জাতিক ফুটবলে ৩৮ বার মুখোমুখি হয়েছে এই দুটি দল। যেখানে স্পেনের জয় ১৮টিতে, ফ্রান্স জিতেছে ১৩টি। বাকি সাতটি ম্যাচ ড্র হয়েছে।

সবশেষ ১০ সাক্ষাতের মধ্যে স্পেন মাত্র দুটিতে হেরেছে (সাত জয়, এক ড্র) এবং তাদের সবশেষ দুটো ম্যাচই ছিল জয়ী। আর এই দুটি ম্যাচ ছিল সেমি-ফাইনাল।

২০২৪ ইউরোর সেমি-ফাইনালে নবম মিনিটে রন্দাল কোলো মুয়ানির গোলে এগিয়ে যায় ফ্রান্স। তবে ২১ থেকে ২৫ মিনিটের মধ্যে লামিন ইয়ামাল ও দানি ওলমোর গোলে, শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে ফাইনালে ওঠে স্পেন। পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন হয় স্পেন।

আর ২০২৫ সালের জুনে উয়েফা নেশন্স লিগের শেষ চারের ম্যাচে ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৫-৪ ব্যবধানে জয় পায় স্পেন। ওই ম্যাচে দুটি গোল করেছিলেন ইয়ামাল।

কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে ফ্রান্সের বিষয়ে ইয়ামাল বলেন, “দুটি সম্ভাবনা আছে: হয় তারা টানা তিনটি বিশ্বকাপ ফাইনালে পৌঁছাবে, অথবা আমরা তাদের টানা তিনবার হারাব। জানি না কী হতে পারে, তবে আমরা মোটেও ভীত নই।”

অপরাজেয় যাত্রা

স্পেন তাদের সবশেষ ৩৬ ম্যাচে অপরাজিত আছে (২৭ জয়, ৯ ড্র)। গত বছর মার্চে কলম্বিয়ার কাছে ১-০ গোলে তাদের শেষ পরাজয় হয়েছিল।

পুরুষদের আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে স্পেনের চেয়ে টানা আরও বেশি ম্যাচে অপরাজিত থাকার নজির শুধুমাত্র ইতালির। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে সেই চারবারের বিশ্বকাপ জয়ীরা ৩৭ ম্যাচে অপরাজিত ছিল, যারা গত তিনটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

দুর্বার পথচলা

২০১৮ বিশ্বকাপের শুরু থেকে স্পেন বড় টুর্নামেন্টগুলোতে তাদের ২৭ ম্যাচের মধ্যে মাত্র একটিতে পরাজিত হয়েছে (১৬ জয়, ১০ ড্র)। ২০২২ বিশ্বকাপে জাপানের বিপক্ষে ২-১ গোলে পরাজয়ের পর থেকে বড় টুর্নামেন্টগুলোতে তারা ১৪ ম্যাচে অপরাজিত রয়েছে, যেখানে তারা মাত্র পাঁচটি গোল হজম করেছে এবং কোন ম্যাচেই একটির বেশি গোল খায়নি (৯টি ক্লিন শিট)।

রক্ষণ যেন চীনের প্রাচীর

চলতি বিশ্বকাপে প্রতিপক্ষের আক্রমণভাগকে আটকে রাখতে স্পেনের ভূমিকা বেশ প্রশংসনীয়। শেষ আটে বেলজিয়ামের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে শার্লে ডে কেটলারের গোলে আসরে তাদের হজম করা একমাত্র গোলটি ছিল। এর ফলে বিশ্বকাপে তাদের ৬৪৯ মিনিট গোল না খাওয়ার রেকর্ড যাত্রা থেমে যায়।

স্পেনই প্রথম দল, যারা বিশ্বকাপের ইতিহাসে টানা ছয় ম্যাচে ক্লিন শিট রাখতে পেরেছে। ডে কেটলারের গোলের আগে সবশেষ স্পেনের জালে বল পাঠিয়েছিল জাপান, ২০২২ আসরে গ্রুপ পর্বে।

সেমি-ফাইনাল ভাগ্য

এটি হলো দ্বিতীয়বার বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠার সুযোগ স্পেনের। এর আগে তাদের এই অভিজ্ঞতা হয়েছিল ২০১০ সালে এবং সেই বছরেই তারা তাদের একমাত্র বিশ্বকাপ শিরোপা জিতেছিল।

বাড়তি টুর্নামেন্টে মোট সাতটি সেমি-ফাইনাল খেলে তারা একবারই বিদায় নিয়েছে। ২০২০ ইউরোতে ইতালির বিপক্ষে ১২০ মিনিটের লড়াইয়ের পর, পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে পরাজিত হয় স্প্যানিশরা।

সেরা সুপার সাব

বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে, যখন ম্যাচ ১-১ গোলে ছিল, ৮৬তম মিনিটে মিকেল মেরিনোকে বদলি হিসেবে মাঠে নামান স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। মাঠে নামার মাত্র ১১৫ সেকেন্ড পরেই তিনি কার্যকরী গোলটি করেন।

আগের রাউন্ডে, শেষ ষোলোতেও তিনি একইভাবে প্রভাব ফেলেছিলেন। ৮৫তম মিনিটে বদলি নেমে, ৯১তম মিনিটে তার একমাত্র গোলেই পর্তুগালকে বিদায় করে দেয় স্পেন।

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে বদলি হিসেবে নকআউট পর্বের বিভিন্ন দুই ম্যাচে জয়সূচক গোল করা প্রথম খেলোয়াড় হচ্ছেন মেরিনো। চলতি আসরে তার এই দুটি গোল এসেছে এত সব মাত্র চারটি শট থেকে।

চলতি আসরে টানা তিন ম্যাচে বদলি নেমে গোল করতে পেরেছেন কেবল বেলজিয়ামের রোমেলু লুকাকু।

ইতিহাসের হাতছানি যত

ফ্রান্সকে হারাতে পারলে, প্রথম ইউরোপিয়ান দেশ হিসেবে বড় টুর্নামেন্টে টানা আটটি নকআউট ম্যাচ জয়ের কীর্তি গড়বে স্পেন। সেক্ষেত্রে ১৯৩৪ থেকে ১৯৩৮ পর্যন্ত ইতালির এবং ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত নিজেদের টানা সাতটি নকআউট ম্যাচ জয়কে ছাড়িয়ে যাবে তারা।

কোয়ার্টার-ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে চলতি বিশ্বকাপে তারা টানা ছয়টি জয় তুলে নিয়েছে ফ্রান্স। স্পেনকে হারাতে পারলে, দ্বিতীয় ইউরোপিয়ান দল হিসেবে বিশ্বকাপে টানা সাত ম্যাচ জয়ের কীর্তি গড়বে তারা। ১৯৩৪ ও ১৯৩৮ আসরে এই কৃতিত্ব ইতালি পেয়েছিল।

জার্মানি (১৯৮২, ১৯৮৬, ১৯৯০) ও ব্রাজিলের (১৯৯৪, ১৯৯৮, ২০০২) কীর্তির পুনরাবৃত্তি করে টানা তিনটি বিশ্বকাপ ফাইনালে ওঠার সুযোগ রয়েছে ফ্রান্সের সামনে।

এবং গোলমেশিন এমবাপে

আরেকটি দারুণ বিশ্বকাপ কাটাচ্ছেন কিলিয়ান এমবাপে। তিনি শেষ আটে মরক্কোর বিপক্ষে দুর্দান্ত গোল করে দলকে পথ দেখান। আট গোল করে তিনি লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা ফ্রান্স অধিনায়ক।

২০ গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। একটি গোল বেশি নিয়ে প্রথম স্থানে রয়েছেন মেসি।

তবে নকআউট পর্বে এমবাপে ১২ গোলের রেকর্ড, যা কোনও খেলোয়াড়ের সর্বোচ্চ। শেষ বত্রিশ (২), শেষ ষোলো (৫), কোয়ার্টার-ফাইনাল (১) এবং ফাইনালে (৪) গোল করলেও, আগের দুটি সেমি-ফাইনালে কোনো গোল করতে পারেননি তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জের দিরাইয়ে ৪ ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


সুনামগঞ্জের দিরাইয়ে ৪ ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জের দিরাইয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং যথাযথ প্রক্রিয়ায় ওষুধ সংরক্ষণ না করার অপরাধে চারটি ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গত মঙ্গলবার (১৪ জুলাই) দিরাই উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়েছিল। অভিযানের নেতৃত্বদানকারী ছিলেন দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ।

আদালত সূত্র জানায়, ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখা ও বিক্রি করা এবং নিয়মনীতি তোয়াক্কা না করে ওষুধ সংরক্ষণ করার অভিযোগ নিয়ে অভিযানের আয়োজন করা হয়েছিল। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে চারটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে দিরাই বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত অনুকূল ফার্মেসীকে ৩০ হাজার টাকা, দিরাই ফার্মাকে ২০ হাজার টাকা, লতিফ ফার্মেসীকে ২০ হাজার টাকা এবং সেন মার্কেটের পিটি রায় ফার্মসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ এ বিষয়ে বলেন, মেয়াদোত্তীর্ণ ও যথাযথভাবে সংরক্ষণ না করা ওষুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় দিরাই থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান

 জেলার পাথরঘাটায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।

গতকাল সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার মালামাল, নগদ অর্থ ও দোকানের আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারে গ্যাস সিলিন্ডার, তেল ও দাহ্য পদার্থের দোকান থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। স্থানীয়রা নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি।

খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে বামনা ও মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের ইউনিটও যোগ দেয়। দীর্ঘ চেষ্টার পর তিনটি ইউনিটের সমন্বিত অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের সারা জীবনের উপার্জন এই দোকানের ওপর নির্ভরশীল। এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম। সরকারের কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সহযোগিতার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বাসসকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার ও পুলিশ সুপার মোহাম্মদ কুদরত-ই-খুদা আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০ জন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা ও এক বস্তা করে শুকনো খাবার এবং ২৬ জন ঘর মালিককে দশ হাজার টাকা করে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%