ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান


বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান

 জেলার পাথরঘাটায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।

গতকাল সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার মালামাল, নগদ অর্থ ও দোকানের আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারে গ্যাস সিলিন্ডার, তেল ও দাহ্য পদার্থের দোকান থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। স্থানীয়রা নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি।

খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে বামনা ও মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের ইউনিটও যোগ দেয়। দীর্ঘ চেষ্টার পর তিনটি ইউনিটের সমন্বিত অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের সারা জীবনের উপার্জন এই দোকানের ওপর নির্ভরশীল। এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম। সরকারের কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সহযোগিতার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বাসসকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার ও পুলিশ সুপার মোহাম্মদ কুদরত-ই-খুদা আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০ জন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা ও এক বস্তা করে শুকনো খাবার এবং ২৬ জন ঘর মালিককে দশ হাজার টাকা করে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালের রেফারি ইসমাইল এলফাত কে?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালের রেফারি ইসমাইল এলফাত কে?

ফিফা জানিয়েছে যে, ইংল্যান্ড-আর্জেন্টিনার হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচটি পরিচালনা করবেন আমেরিকান রেফারি ইসমাইল এলফাত। ৪৪ বছর বয়সী এই অভিজ্ঞ রেফারি চলতি টুর্নামেন্টে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। এর মধ্যে রয়েছে জাপান বনাম নেদারল্যান্ডস এবং উরুগুয়ে বনাম স্পেনের গ্রুপ পর্বের ম্যাচ। এছাড়া শেষ ১৬-এর লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে নরওয়ের স্মরণীয় জয়ের ম্যাচটিতেও তিনি রেফারির ভূমিকা পালন করেছিলেন।

এবারের আসরে এলফাত এখন পর্যন্ত ছয়টি হলুদ কার্ড দেখিয়েছেন এবং স্পেনের ডিফেন্ডার পাউ কুবার্সিকে মারাত্মক ফাউল করার অপরাধে উরুগুয়ের মিডফিল্ডার অগুস্তিন কানোবিওকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠছাড়া করেন। লাল কার্ড দেখার পর কানোবিও তীব্র ক্ষোভ প্রকাশ করে রেফারির মুখোমুখি হন এবং তার জার্সি টেনে ধরেন, যা বেশ আলোচনার জন্ম দিয়েছে। আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণটিতে এলফাতের সহকারী হিসেবে থাকবেন তার দুই স্বদেশি কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স, আর চতুর্থ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালির মাউরিজিও মারিয়ানি।

মরক্কোয় জন্ম নেওয়া ইসমাইল এলফাত মাত্র ১৮ বছর বয়সে মার্কিন সরকারের ডাইভার্সিটি ভিসা লটারি জিতে আমেরিকায় পাড়ি জমান। ২০১২ সাল থেকে মেজর লিগ সকারে রেফারি হিসেবে কাজ করা এলফাত ইতিমধ্যে দুইবার এমএলএস-এর বর্ষসেরা রেফারি নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও তিনি ম্যাচ পরিচালনা করেছিলেন এবং ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচে চতুর্থ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেন। সেবার গ্রুপ পর্বের একটি ম্যাচে গোল উদযাপনের সময় জার্সি খোলার অপরাধে ক্যামেরুনের স্ট্রাইকার ভিনসেন্ট আবুবাকারকে হাসিমুখে হ্যান্ডশেক করে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বিদায় করার এক নাটকীয় ঘটনার জন্ম দিয়েছিলেন তিনি। এর পাশাপাশি ২০২৩ সালে লিগস কাপের ফাইনালে ন্যাশভিল এসসি-র বিপক্ষে পেনাল্টি শ্যুটআউটে জয়ী হতে গেলে লিওনেল মেসি যখন ইন্টারমিয়ামির হয়ে তাঁর প্রথম ট্রফি জয় করেন, সেই ঐতিহাসিক ম্যাচেও রেফারি ছিলেন এই এলফাতই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোষা কুকুরের মালিকের মৃত্যু মানতে পারেনি, হৃদয়স্পর্শী ঘটনা ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


পোষা কুকুরের মালিকের মৃত্যু মানতে পারেনি, হৃদয়স্পর্শী ঘটনা ভাইরাল

একটি পোষা কুকুরের বিশ্বস্ততার একটি হৃদয়স্পর্শী ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পরিবারের তরফে জানানো হয়েছে, মালিকের অন্ত্যেষ্টিক্রিয়া শুরুর কিছুক্ষণ পরেই তার ১৫ বছর বয়সী পোষা কুকুর ‘দুগ্গু’ মারা গেছে। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের বেতুল জেলায় ঘটেছে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ৬৭ বছর বয়সী প্রদীপ জৈন ভোপালের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার সন্ধ্যায় তার মরদেহ বেতুলের বাড়িতে আনা হলে, পোষা কুকুর দুগ্গু তাকে ছেড়ে যেতে চায়নি।

পরিবার জানাচ্ছে, মালিকের মরদেহ বাড়িতে আসার পর থেকেই দুগ্গু অস্বাভাবিক আচরণ করতে থাকে। পরিবারের অন্যান্য সদস্যেরা মরদেহ অন্য একটি কক্ষে রাখলেও, কুকুরটি সারারাত অস্থির ছিল। বারবার ঘেউ ঘেউ করে এবং মালিকের কাছে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে।

সোমবার সকালে প্রদীপ জৈনের শেষকৃত্যের আগে, পরিবারের সদস্যরা দুগ্গুকে তার প্রিয় মালিকের পাশে শেষবার বসার সুযোগ দেন। পরিবারের সদস্যদের মতে, কুকুরটি কিছু সময় নীরব ভাবে মালিকের পাশে বসে থেকে যায়। এরপর তাকে ঘরের ভেতরে নিয়ে যাওয়া হয়।

কিন্তু, শেষযাত্রা শুরু হওয়ার পর, দুগ্গু আবারও মালিকের মরদেহ বহনের খাটিয়ার পাশে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পরই সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। পরিবারের ধারণা, কুকুরটি ১৫ বছরের দীর্ঘ সঙ্গীর বিচ্ছেদ সহ্য করতে পারেনি।

একই দিন প্রদীপ জৈনের শেষবিদায় হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বেতুলের গঞ্জ মোক্ষধামে সম্পন্ন করা হয়। অন্যদিকে, দুগ্গুকে মহৎ সম্মানের সঙ্গে কাছে সমাহিত করা হয়।

প্রদীপ জৈনের ছোট ভাই দিলীপ জৈন জানান, দুগ্গু ছোটবেলা থেকেই তাদের পরিবারের সঙ্গে ছিল। বিশেষ করে প্রদীপ জৈনের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তিনি বলেন, প্রতিদিন প্রদীপ জৈন বাড়ি ফেরার জন্য দুগ্গু অপেক্ষা করত। প্রায়ই তার সঙ্গে খাবার খেত এবং মালিক অসুস্থ হলে নিজেই অসুস্থ হয়ে পড়ত।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুগ্গু শুধুমাত্র একটি পোষা প্রাণী ছিল না, বরং সে ছিল পরিবারের একজন সদস্য। দীর্ঘ ১৫ বছরের বিশ্বস্ত সঙ্গের পর, শেষ মুহূর্ত পর্যন্ত মালিকের পাশে থেকে যে বিদায় নিয়েছে, তা অনেক দেশের মানুষের চোখের পানি ফেলতে বাধ্য করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যায্যতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেন ইউজিসি চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


ন্যায্যতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেন ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, উচ্চশিক্ষার সর্বোচ্চ নীতি নির্ধারণী প্রতিষ্ঠান হিসেবে ইউজিসি’র ভাবমূর্তি এবং সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, যোগ্যতা ও ন্যায্যতা নিশ্চিত করতে বর্তমান কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় কাক্সিক্ষত রূপান্তর আনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ সুযোগ যথাযথভাবে কাজে লাগানো গেলে ইউজিসির সক্ষমতা, কার্যকারিতা ও প্রাতিষ্ঠানিক মর্যাদা আরও বৃদ্ধি পাবে।

এ লক্ষ্য অর্জনে কমিশনের সব কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আজ ইউজিসি অডিটোরিয়ামে আয়োজিত ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের ১১তম কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘আমরা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় ইতিবাচক ও টেকসই রূপান্তর আনতে চাই। এটি আমাদের জন্য একটি বড় সুযোগ।’

তিনি জানিয়েছেন, কমিশনের মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে একই পরিবারের সদস্য হিসেবে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যের ভিত্তিতে কাজ করতে হবে।

এসময়, ব্যক্তিগত পর্যায়ের দূরত্ব কমিয়ে একটি সহায়ক ও কর্মবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন ইউজিসি চেয়ারম্যান।

এদিকে, ইউজিসি বর্তমানে দেশের ১৮০টি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে। এ বিশাল দায়িত্ব কার্যকরভাবে পালনের জন্য কমিশনের প্রাতিষ্ঠানিক ও জনবলগত সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে এবং কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে দেশি-বিদেশি প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ করা হবে।

অধ্যাপক ড. মামুন আহমেদ আরও বলেন, প্রতিষ্ঠানের মর্যাদা ও কার্যকারিতা বৃদ্ধির জন্য দক্ষ ও যোগ্য জনবল নিয়োগ, কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য প্রাপ্যতা নিশ্চিতকরণ, কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন ও দীর্ঘদিনের বঞ্চনা এবং বৈষম্য নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান।

ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের বিদায়ী কমিটির সভাপতি মো. ওমর ফারুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ড. মো. মহিবুল আহসান।

এ সময় ইউজিসি’র বিভাগীয় প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ জুন অনুষ্ঠিত ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের ১১তম সাধারণ নির্বাচনে পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান সভাপতি এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. গোলাম দস্তগীর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড

বরিশাল থেকে প্রতিবেদন, বরিশালে এক হাজার পিস ইয়াবাসহ আটককৃত একটি রোহিঙ্গা তরুণীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। পাশাপাশি, তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে, যা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে পরিণত হবে।

এই রায় বুধবার বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এস এম শরিয়ত উল্লাহ ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জাহিদা বেগম, যিনি ২০ বছর বয়সী, কক্সবাজারের টেকনাফের নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রমতে, গত ৩ মে গভীর রাতে ঢাকা থেকে বরিশালগামী মামুন পরিবহনের বাসে নগরের কলসগ্রাম এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক আচরণের কারণে জাহিদা বেগমকে তল্লাশি করা হয় এবং পরে তার পরিহিত প্যান্টের পকেটে থাকা পাঁচটি প্যাকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এই ঘটনায় বিমানবন্দর থানার এসআই আল আমিন নাঈম বাদী হয়ে জাহিদা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্তের পর, একই থানার এসআই মো. ছানোয়ার হোসেন তাকে অভিযুক্ত করে ২৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%