০৫:৪৫ পি.এম
বাংলাদেশ ব্যাংক লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের জন্য বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ প্রদান করেছে, যা নগদ বৈদেশিক মুদ্রা নিরাপদে সংরক্ষণ ও পরিবহনের ঝুঁকি হ্রাস করবে। বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, এসব কাস্টডিয়াল হিসাব শুধুমাত্র বৈদেশিক মুদ্রার নোট নিরাপদে সংরক্ষণ, জমা এবং উত্তোলনের জন্য ব্যবহৃত হবে। এই হিসাবগুলোর বিপরীতে কোনো সুদ প্রদান করা হবে না। ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ও ধরন যথাযথভাবে নথিভুক্ত রাখার শর্তে নির্ধারিত সীমা নির্বিশেষে বৈদেশিক মুদ্রা এসব হিসাবের মাধ্যমে জমা করা যাবে।
নগদ অর্থের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মানি চেঞ্জারদের বৈধ ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) বিমা রাখতে হবে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক নির্ধারিত সীমার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা পরিবহনের ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত সিআইটি সেবা প্রদানকারী অথবা নিরাপত্তা প্রহরীসহ নিরাপদ পরিবহন ব্যবস্থার ব্যবহার বাধ্যতামূলক। দিনের শেষভাগে বৈদেশিক মুদ্রা জমার সুবিধার্থে এডি ব্যাংকগুলোকে নিরাপদ কাউন্টার ও অস্থায়ী ভল্টের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কোরিয়ার সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব চায় বাংলাদেশ, ঋণ সহায়তার বাইরে
কেন্দ্রীয় ব্যাংক জানায়, অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে চেক বা উত্তোলন স্লিপের বিপরীতে এসব হিসাব থেকে অর্থ তোলা যাবে। তবে উত্তোলনের পরিমাণ সংশ্লিষ্ট হিসাবের স্থিতির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো ওভারড্রাফট বা ঋণসুবিধা প্রদান করা হবে না। এছাড়া, এসব হিসাবের মাধ্যমে অর্থ স্থানান্তর, রেমিট্যান্স পাঠানো এবং তৃতীয় পক্ষের অনুকূলে লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সব লেনদেন অবশ্যই বৈদেশিক মুদ্রার নোটের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন